সবার জন্য রোবোটিকস

ফুটবল বিশ্বকাপ মাথায় রেখে ‘সকার বট’, যেখানে রোবটের মাধ্যমে গোল করতে হয়েছে
ফুটবল বিশ্বকাপ মাথায় রেখে ‘সকার বট’, যেখানে রোবটের মাধ্যমে গোল করতে হয়েছে

রোবটের মিলনমেলা; চাইলে রোবটপ্রেমীদেরও বলতে পারেন।

এমনই এক অনুষ্ঠান আয়োজন করেছিল ব্র্যাক ইউনিভার্সিটির রোবোটিকস ক্লাব। ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতাটির নাম ছিল ‘ট্র্যাকশন অমনিভার্স’।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭২টি দলে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতার ছিল তিনটি ধরন। ফুটবল বিশ্বকাপ মাথায় রেখে ‘সকার বট’, যেখানে রোবটের মাধ্যমে গোল করতে হয়েছে। এ ছাড়া ছিল লাইন ফলোয়িং রোবট এবং বাধা এড়িয়ে পানিতে চলতে পারে, এমন দ্রুতগামী রোবোটিক নৌকার প্রতিযোগিতা—‘অ্যাকুয়া ওয়ার্স’। ১৪ থেকে ১৭ ডিসেম্বর ব্র্যাক ইউনিভার্সিটির মহাখালী ও সাভার ক্যাম্পাসে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাটিতে ‘গোল্ড স্পনসর’ ছিল এইচবিডি সার্ভিসেস।

ব্র্যাকের রোবোটিকস ক্লাবের সভাপতি সাদমান ইসলাম বলেন, ‘ট্র্যাকশন অমনিভার্স মূলত আমাদের তিনটি প্রধান উদ্যোগের অংশ। প্রথমত, আমরা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই। দ্বিতীয়ত, রোবোটিকস সামিট আয়োজন করতে চাই। যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাতার নিচে এসে তাঁদের রোবোটিকসের জ্ঞান ভাগাভাগি করবেন। এবার প্রথম সম্মেলনে এমন বেশ কয়েকটি দলের সদস্যরা এসেছিলেন, যাঁরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে পুরস্কার জিতেছেন। পরের সম্মেলন অনেক বড় করে আয়োজনের পরিকল্পনা আছে।’

সাদমানদের তৃতীয় উদ্যোগটি চমকপ্রদ। ‘সবার জন্য রোবোটিকস’ প্রতিপাদ্য সামনে রেখে স্কুল ও কলেজ পর্যায়ে রোবোটিকসের জ্ঞান ছড়িয়ে দিতে বুট ক্যাম্প শুরু করেছে ক্লাবটি। প্রথম পর্যায়ে নটর ডেম কলেজ ও কুমিল্লা জিলা স্কুলে গিয়েছিলেন ক্লাবের সদস্যরা।

প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, ‘আগ্রহ জন্মাতে হলে আগে সে বিষয় সম্পর্কে ধারণা পেতে হয়। একজন স্কুলপড়ুয়া শিক্ষার্থী যখন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে এসে এসব প্রতিযোগিতা দেখবে, তাদেরও মনে হবে, দেখি তো আমি কী করতে পারি। এসব কাজে ভালো করতে হলে শিক্ষা খাতে আরও বরাদ্দ বাড়াতে হবে।’

ক্লাবের ১০ বছরের দীর্ঘ পথচলায় উপদেষ্টা হিসেবে কাজ করেছেন অধ্যাপক মো. খলিলুর রহমান। স্মৃতি রোমন্থন করতে গিয়ে বললেন, ‘ক্লাবের উপদেষ্টা ও শিক্ষক হিসেবে আমি পুরো সময়টা অনেক উপভোগ করেছি। ব্র্যাক ইউনিভার্সিটি আমাদের ভালো কাজ করার সুযোগ করে দিয়েছে। দেশে ও দেশের বাইরে আমাদের ছেলেমেয়েরা তাদের বানানো রোবট নিয়ে অংশগ্রহণ করেছে, পুরস্কার জিতেছে। শুধু রোবোটিকস ক্লাবের জন্যই দুটি ল্যাব আছে। যেকোনো সময় তারা সেখানে কাজ করতে পারে। দরকার হলে রাতেও ল্যাবে থেকে কাজ করার সুযোগ আছে। আমাদের কাজ হলো নতুন প্রজন্মকে উৎসাহ দেওয়া। আর তাঁদের ভালো কাজগুলো বিশ্বদরবারে তুলে ধরা।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথাও বললেন খলিলুর রহমান, ‘আমরা প্রোডাক্ট (পণ্য) বানাতে চাই। ১০ বছর পর যেন বাজারে আমাদের শিক্ষার্থীদের তৈরি ১০০টি প্রোডাক্ট থাকে। শুধু ব্র্যাক নয়, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই এ রকম চিন্তা নিয়ে এগোনো উচিত।’

প্রতিযোগিতার লাইন ফলোয়িং রোবট বিভাগে চ্যাম্পিয়ন হয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘ডুয়েট কোজেন্ট’। দলের সদস্যরা হলেন নাজমুল হুদা, শাহাদাত হোসন ও মেহেদী হাসান। নাজমুল হুদা বলেন, ‘প্রথম দিকে ভালোই চ্যালেঞ্জ ছিল। একটা নির্দিষ্ট লাইন অনুসরণ করে রোবটকে চালাতে হতো। তবে মাঝখানে বৃত্তাকার কিছু বাধা ছিল। লাইনের ধরন অনুযায়ী তৎক্ষণাৎ কোড পরিবর্তন করে বটকে প্রস্তুত করতে হয়। একটু নার্ভাস থাকলেও নিজেদের সক্ষমতা নিয়ে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। ফলে, জয় এসেছে।

‘অ্যাকুয়া ওয়ার্স’ বিভাগটি সবার জন্য উন্মুক্ত ছিল। সবাইকে অবাক করে রানারআপ হয়েছে ক্র্যাশল্যান্ডার নামের দল। দলের একমাত্র সদস্য নৌবাহিনী কলেজ, ঢাকার শিক্ষার্থী ইসমাইল হোসেন। উচ্ছ্বাস নিয়ে সে বলল, ‘ছোটবেলা থেকেই আমার এ ধরনের কাজ করতে ভালো লাগে। কলেজে উঠে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ শুরু করি। বড় প্রতিযোগিতায় বড় ফি দিয়ে নাম নিবন্ধন করা আমার জন্য সহজ নয়। টাকা জমিয়ে কাজ এগোতে হয়। এবার রানারআপ হয়ে উৎসাহ আরও বেড়ে গেল।’