নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বসন্ত ও পিঠা উৎসব ১৪৩২’ অনুষ্ঠিত হলো ১৭ জানুয়ারি। যৌথভাবে আয়োজন করেছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউএসএসসি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠন (এনএসইউএসএস)। নিজেদের হাতে বানানো ফেস্টুন, ব্যানার দিয়ে পুরো ক্যাম্পাস সাজিয়েছিলেন শিক্ষার্থীরা। বাসন্তী পোশাকে ফুল হাতে তাঁরা বরণ করেছেন বসন্তকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য দুলুমা আহমেদ, উপাচার্য আবদুল হান্নান চৌধুরীসহ আরও অনেকে।
আজিজ আল কায়সার বলেন, ‘উৎসবমুখর পরিবেশে বসন্তের আগমন আমাদের সবার জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। আমাদের বাঙালি সংস্কৃতি মিলেমিশে থাকার শিক্ষা দেয়, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। এই আয়োজনের মাধ্যমে আমরা একে অপরকে বসন্তের শুভেচ্ছা জানাই এবং আশা করি এই ঋতু সবার জীবনে নতুন প্রাণ ও উদ্দীপনা আনবে।’