
বড়দিন মানেই ক্রিসমাস ট্রি সাজানো, কেক, কুকিজ, উপহারের মেলা।
সান্তা ক্লজোর টুপি পরে আনন্দ আয়োজনে মেতে ওঠা। পাঁচতারা হোটেল, নানা রেস্তোরাঁ কিংবা বাড়িতেও চলে উৎসব...
সান্তা ক্লজ আছে কি নেই, সে প্রশ্ন বেরসিকদের মগজের তাকে তুলে রেখে সারা বিশ্ব প্রতিবছর ডিসেম্বরের ২৫ তারিখ মেতে ওঠে বড়দিনের আনন্দে। যিশুখ্রিষ্টের জন্মদিনের এই উৎসব পৃথিবীর খ্রিষ্টানধর্মাবলম্বীদের জন্য ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ উৎসব। এর সঙ্গে সর্বজনীন আনন্দের বার্তাও দেয়। বিশেষ খাবার, লাল-সাদা সাজপোশাক, সান্তা ক্লজের সাক্ষাৎ, উপহারের মেলা আর সর্বোপরি ক্রিসমাসের বিশেষ প্রতীক ক্রিসমাস ট্রির আলোকময় ও ঝিকমিকে সাজ—এই নিয়েই বর্ণাঢ্য আয়োজন।
আমাদের দেশে যুগ যুগ ধরে খ্রিষ্টানধর্মাবলম্বীরা তাদের মতো করে বড়দিন উদ্যাপন করে আসছে। দেশের ছোট-বড় চার্চগুলোতে এদিন হয় বিশেষ প্রার্থনা। যোগ দেন ছেলে–বুড়ো সবাই। সুসজ্জিত হন যাঁর যাঁর সাধ্য ও পছন্দমতো বিশেষ পোশাকে। বাড়িতে বাড়িতে হয় বিশেষ খাবারের আয়োজন। উপহার বিনিময় হয় পরম আন্তরিকতায়। সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকে ক্রিসমাস ট্রি। বিভিন্ন অনুষঙ্গে সাজিয়ে রংবেরঙের টুনি বাতিতে জড়িয়ে ক্রিসমাস ট্রি ঘিরে চলে হাসি, গান আর আনন্দ। ক্রিসমাস ক্যারোলের সুর সবাইকেই ভাসায় আনন্দের ঝরনাধারায়।
দেশের তারকাখচিত হোটেল ও অভিজাত এলাকার নামজাদা রেস্তোরাঁগুলোয় চলে আসছে ক্রিসমাসের বিশেষ আয়োজন। সান্তা ক্লজের উপস্থিতি, ক্রিসমাস ট্রির নয়নাভিরাম পরিবেশনা আর রীতিমতো ক্রিসমাস বুফে ও বড়দিনের উপযোগী সব রকম মিষ্টান্ন নিয়ে এবারও প্রস্তুত ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও, ওয়েস্টিন ঢাকা, হলিডে ইন ঢাকা, র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, রেনেসাঁ ঢাকা, র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলসহ অনেকই।
ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহকারী যোগাযোগ ব্যবস্থাপক সৈয়দা ফায়কা ফারীআ জানালেন, ‘বড়দিন কেক আর ক্রিসমাস ট্রি ছাড়া অসম্পূর্ণ। ভিন্নতা আনতে এবার আমরা ১৬ ফুট উচ্চতার প্লাম ফ্লেভারের স্পেশাল কেক তৈরি করেছি। ১ হাজার ৮০০ পাউন্ডের কেকটি বানাতে সময় লেগেছে ১৫ দিন। সম্পূর্ণ সাদা এ কেকের নাম দেওয়া হয়েছে—‘ক্রিসমাস ট্রি কেক’। বড়দিনের বিশেষ পদের মধ্যে আরও থাকছে ইয়র্কশায়ার পুডিং, হানি গ্ল্যাজড ক্যারোট, রোস্টেড পটেটোস, ক্র্যানবেরি সস, ক্রিসমাস কাপকেক, ম্যাঙ্গো জিনজার পুডিং, চকলেট ইউল লগসহ অনেক খাবার।
ঈদের সেমাই, পূজার নাড়ু আর বড়দিনের কেক-কুকিজ সর্বজনীনতার গান গায় দ্ব্যর্থহীন কণ্ঠে। আয়োজন করে বাড়ির ছোটদের সঙ্গে নিয়ে সুগার কুকিজ, চকলেট কুকিজ, জিনজার ব্রেড ম্যান বানানোর মজাই আলাদা। ক্রিসমাসের ভোজের প্রধান আকর্ষণ ক্রিসমাস কেক। বাটার ক্রিমে সাজানো ঘরে বানানো ভ্যানিলা বা চকলেট ফ্লেভারের ক্রিসমাস কেকের তুলনা নেই। বড়দিনের নৈশভোজে বিশ্বব্যাপী আস্ত টার্কির রোস্ট করা হয়। এ দেশে ক্রিসমাস স্পেশাল পদটি করা যায় আস্ত মুরগি দিয়েই। বানানো হয় পিঠা-পুলিও।
সান্তা ক্লজের টুপি আর কোট এদিন অনেকেই পরেন। আর তা আনন্দ–ফুর্তি করেই। বেশির ভাগ ক্ষেত্রে বড়দিনের সাজপোশাক মানে লাল, সাদা ও সবুজ। ক্রিসমাসের প্রতীক মিসলটো পাতা দিয়ে বানানো ‘রেথ’-এ থাকে তিনটি রং। এদিন একটু সিকুইন, ঝালর দেওয়া পশ্চিমা পোশাক দারুণ মানাবে। তবে মন্দ লাগবে না দেশীয় সাজে। মেকআপেও থাকতে পারে শিমার, গ্লিটারের প্রাধান্য। ছেলেরা ক্রিসমাসের নৈশভোজে স্যুট পরলেই ভালো। ছাঁটে-কাটে আনা যায় নতুনত্ব। তবে ঘুরে বেড়াতে সোয়েট-শার্ট, হুডি বা টারটলনেক সুবিধাজনক। পরা যেতে পারে ক্রিসমাস থিমের সোয়েটারও।
বড়দিনের বিশেষ দিকগুলোর একটি হচ্ছে ঘরে ক্রিসমাস ট্রি সাজানো। সাজানো–গোছানো কৃত্রিম গাছগুলো পাওয়া যাবে বিভিন্ন বিশেষায়িত দোকান ও অনলাইন শপে। ক্রিসমাস ট্রি সাজাতে নিজের পছন্দমতো জরির ঝালর, রংবেরঙের রিবন, তারা, কাচের রঙিন গোল বল আর বিভিন্ন রঙের টুনি বাতি ব্যবহার করা যায়। পরিবারের সবাই মিলে আলো দিয়ে ঘর সাজালে বড়দিনের আনন্দ বেড়ে যায় আরও।
বড়দিনের মূলমন্ত্রই হচ্ছে অপরের জন্য বাঁচা, সবার কল্যাণে আত্মত্যাগে উদ্বুদ্ধ হওয়া। বড়দিনের আনন্দের একটি দিক হচ্ছে উপহার আদান-প্রদান।
শিশুরা ক্রিসমাসের আগের রাতে এই ভেবে ঘুমায় যে পরদিন সান্তা ক্লজ তাদের জন্য উপহার রেখে যাবেন চুপি চুপি। মা-বাবার চেয়ে বড় সান্তা ক্লজ কি আর আছে! তাঁরাই জায়গামতো সবার প্রিয় উপহার রেখে দেন রঙিন কাগজে মুড়ে। উপহারের কোনো
বড়-ছোট নেই। পছন্দের ফুল, চকলেট, এই হিম হিম দিনে দারুণ একটি চায়ের মগ—এ সবই বড়দিনে উপহার হিসেবে দারুণ। পরিবারের আপনজন বা বন্ধুদের জন্য কেনা যেতে পারে পোশাক, সাজসজ্জার সামগ্রী বা তাদের শখের কিছুও।
উৎসব একার জন্য নয়, তাই আনন্দ আয়োজনে সবার জীবনে খুশি নিয়ে আসুক এবারের বড়দিন।