
অঙ্গের অভাবে বাংলাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যায়। ৩০ বছর ধরে আমরা ব্রেন ডেথ রোগীর কাছ থেকে অঙ্গ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিলাম না। অনেক সময় রোগীর আত্মীয় রাজি হয়েও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। ফলে উদ্যোগ আর সফলতার মুখ দেখেনি। সারাহর মাধ্যমে একটি নবদিগন্তের সূচনা হলো।
আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) মানুষ যখন অন্তিম পর্যায়ে চলে যায়, তখন একসময় তার মস্তিষ্ক মারা যায় (ব্রেন ডেথ)। মস্তিষ্ক তখন আর কোনো কাজ করে না। সে সময় কৃত্রিমভাবে রোগীর হৃৎপিণ্ড ও ফুসফুস সচল রাখা হয়। যখনই এটি খুলে নেওয়া হয়, তখন মানুষটি মারা যায়। এমন উদাহরণও আছে, ৫ থেকে ১০ বছর ব্রেন ডেথ অবস্থায় রাখা হয়েছে। ব্রেন ডেথের ঘোষণা যখন করা হয়, তখন অনেকে কৃত্রিম ব্যবস্থা খুলে নিতে বলেন। কেউ কেউ আবার বলেন, হৃৎপিণ্ড কাজ করছে, ফুসফুস কাজ করছে, মানুষটা তো জীবিত—কেন খুলে ফেলব? এটা একটা আবেগের ব্যাপার।
একটা মানুষ যদি চায়, যদি উইল করে যায় অথবা তার আত্মীয়রা যদি রাজি হন, তাহলে ব্রেন ডেথ অবস্থায় রোগীর দেহ থেকে অঙ্গ নেওয়া যায়। একজন ব্রেন ডেথ মানুষের দেওয়া অঙ্গগুলোর মাধ্যমে আটজন মানুষের জীবন রক্ষা করা সম্ভব। দুটি কিডনি, দুটি ফুসফুস, একটি হৃদ্যন্ত্র, একটি অগ্ন্যাশয়, পূর্ণাঙ্গ অন্ত্রনালি ও যকৃৎ। এটা একটা বিশাল ব্যাপার।
একজন সাহসী মা
দুরারোগ্য টিউবেরাস স্ক্লেরোসিস রোগে ভুগছিল সারাহ। এই রোগের কোনো চিকিৎসা নেই। ২০ বছর বয়সী মেয়েটা ১৯ বছরই কষ্ট ভোগ করেছে। পাঁচ বছর ধরে তার রোগ চরম পর্যায়ে চলে যায়। মস্তিষ্ক তাকে খুব কষ্ট দিচ্ছিল। এই মস্তিষ্কে অপারেশন করতে সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউতে ভর্তি হয়েছিল। ভর্তির পর আমরা যখন বুঝতে পারি, শি ইজ গোয়িং টু বি এ ব্রেন ডেথ পেশেন্ট, সারাহর মাকে আমরা বিষয়টা বলি। অঙ্গদানের বিষয়টি বললে তিনি খুবই ইতিবাচকভাবে এগিয়ে আসেন। আমাদের বলেন, তাঁকে নাকি সারাহ বলেছে, ‘মা আমার যদি মৃত্যু হয়ে যায়, তুমি আমার সবকিছু দান করে দেবে। এমনকি যদি সুযোগ থাকে, আমার ব্রেনটা নিয়েও একটা অ্যানালাইসিস করবা।’
সারাহর মায়ের কথা শুনে আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি। এ রকম সিদ্ধান্ত সবাই নিতে পারেন না। নিজের সন্তান, কষ্টের ধনকে কি কেউ কাটাছেঁড়া করতে দেবেন? বেশির ভাগ মানুষ দেয় না। সারাহর মায়ের মতো যাঁর হৃদয় বিশাল, কেবল তিনি এমনটি পারেন।
সারাহর মায়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আমরা অঙ্গ সংগ্রহ ও প্রতিস্থাপনের প্রস্তুতি নিলাম। এই অস্ত্রোপচার জটিল প্রক্রিয়া। চাইলে সবার শরীরে প্রতিস্থাপন করা যায় না। অঙ্গগ্রহীতার সঙ্গে ম্যাচ করতে হয়। এটাকে বলে ক্রস ম্যাচ। এক-দেড় শ মানুষের একটা দল অস্ত্রোপচারের জন্য তৈরি। সবাই অপেক্ষা করছি। ১৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার সময় একটা প্রতিষ্ঠান থেকে খবর এল, পাঁচজনের দুজনের ক্রস ম্যাচ পজিটিভ। হবে না। আমরা হতোদ্যম হয়ে পড়লাম। আরেকটা প্রতিষ্ঠানকে বললাম, তোমাদের রেজাল্ট কী? তারা বলল, নয়টার দিকে জানাতে পারবে। প্রতিটি প্রহর, প্রতিটি মুহূর্ত আমরা ক্ষণগণনা করছি। অপারেশন থিয়েটারসহ সব প্রস্তুত। ৯টা ১ মিনিটে মঠোফোনে কল এল, দুজনের সঙ্গে নেগেটিভ। সাড়ে নয়টায় আমরা অপারেশনের প্রস্তুতি নিলাম। সারাহার মা সম্মতিপত্রে সই করলেন।
এমন আবেগপ্রবণ কখনো হইনি
একজন অঙ্গগ্রহীতাকে বিএসএমএমইউতে এনে প্রস্তুত করা হলো। আরেকজন রোগীকে আমরা ভর্তি করি কিডনি ফাউন্ডেশনে। তাঁকেও প্রস্তুত করা হয়। সেই দলের নেতৃত্বে থাকেন অধ্যাপক খুরশীদুল আলম। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রধান কাজ ছিল অপারেশন করে সারাহর কিডনি দুটি সংগ্রহ করা। জটিল একটা কাজ। আমার জীবনে প্রথম এমন অস্ত্রোপচার। এ ঘটনা আমি জীবনে ভুলতে পারব না। আগে হাজার হাজার অপারেশন করেছি। কখনো এভাবে আবেগপ্রবণ হইনি। ছোট্ট একটা বাচ্চা মেয়ে, সোনার মতো খাঁটি একটা মেয়ে, এভাবে তার অঙ্গগুলো দিয়ে যাচ্ছে। তার চেয়ে কত বড় বড় মানুষ, কিছুই দিল না। পুরো অপারেশনে আমি একটা আচ্ছন্নের মধ্যে ছিলাম।
দলের অনেকে আমরা অনেক অঙ্গ প্রতিস্থাপন করেছি। কিন্তু সেটা ছিল জীবিত মানুষের কাছে থেকে নেওয়া কিডনি। কিন্তু সারাহরটা ব্রেন ডেথ ঘোষণার পর। এমন অপারেশন কোথাও দেখিনি। আমার তাত্ত্বিক জ্ঞান আছে। দক্ষ লোকজন আছে। শেষ করার পর আমার মনে হয়েছে, এই অপারেশন যেন আমি অনেকবার করেছি। কিডনিটা নিয়ে আমরা এরপর প্রসেস করলাম। এই অংশটুকুও আমার কাছে একদম নতুন। তবু আমার মনে হয়েছে যেন আমি এক্সপার্ট, অনেকবার করেছি। তখন আমার মনে হয়েছে, এই যে মেয়েটা দান করে গেছে মানুষের জন্য, আল্লাহ নিশ্চয়ই তাকে কবুল করে ফেলেছেন। একটা স্বর্গীয় ব্যাপার এখানে আছে, নাহলে আমার মধ্যে এ রকম উদ্যম কেন আসবে।
প্রক্রিয়া শেষ করে একটি কিডনি পাঠানো হলো কিডনি ফাউন্ডেশনে। আমি দ্বিতীয় অস্ত্রোপচারে চলে গেলাম এবং সফল হলাম। এত ভালো অপারেশন হবে কল্পনাও করিনি।
পরদিন সারাহর দুটো কর্নিয়া সংগ্রহ করে আমাদের কর্নিয়া টিম। সেটার একটা অপারেশন হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আরেকটা সন্ধানী চক্ষু হাসপাতালে। ওই দুজন খুবই ভালো আছেন।
সারাহর কাছে আমরা ঋণী
দীর্ঘদিন ধরে যে কাজটি আমরা করার চেষ্টা করছিলাম, দুরূহ সেই কাজ কত সহজে করে দিয়ে গেল সারাহ। শুধু সারাহর ঘটনার কারণে আরও দুজন ব্রেন ডেথ রোগী এখন তৈরি হয়ে গেছেন, যেকোনো মুহূর্তে আমরা সম্মতি পেতে পারি। সামনের দিনগুলোতে বিষয়টি নিয়ে আমরা প্রচারে নামব। সামাজিক ও ধর্মীয় নেতা, সমাজকর্মী, বিভিন্ন গণমাধ্যম এবং তারকাদের নিয়ে আমরা ওয়ার্কশপ করব। একটা গণকর্মসূচিতে যাব আমরা। অঙ্গদান নিয়ে মানুষের মধ্যে যে কুসংস্কার, এভাবে সেটা দূর হয়ে যাবে। বলা যায়, সারাহ আমাদের এমন পথ দেখিয়ে গেছে, যেখান থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ আর নেই।
[২১ জানুয়ারি প্রথম আলো কার্যালয়ে কিশোর আলো আয়োজিত স্মরণসভায় প্রদত্ত ভাষণের লিখিত রূপ। সংক্ষেপিত ও সম্পাদিত]
*অধ্যাপক ডা. হাবিবুর রহমান: ইউরোলজিস্ট ও ট্রান্সপ্ল্যান্ট সার্জন, সারাহ ইসলামের দান করা কিডনি প্রতিস্থাপন দলের প্রধান