২০ আগস্ট বিকেল চারটা। বসুন্ধরা সিটি শপিং মলের দেশীদশ প্রাঙ্গণে উদ্যোক্তা, ক্রেতা, শুভানুধ্যায়ীদের ভিড়। টেবিল আর চেয়ার ফেলে অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে। সিলিংয়ে লাগানো হয়েছে বিভিন্ন অরিগামি। কাগজ ও বোর্ড কেটে বানানো ফুল, ঘুড়ি, পাখি, সংখ্যা ১৩ ইত্যাদি। সব মিলিয়ে চারদিকে বেশ একটা উৎসব–উৎসব ভাব।
কিছুক্ষণের মধ্যেই অভিনেতা চঞ্চল চৌধুরী, নাট্যকার ও অভিনেতা বৃন্দাবন দাস, চলচ্চিত্রের পরিচালক মেজবাউর রহমান সুমন, অভিনেত্রী শাহনাজ খুশী চলে এলেন, শুরু হলো অনুষ্ঠান। চলল শুভেচ্ছা বক্তব্য, গান ও কেক কাটা পর্ব। এভাবেই দেশীয় পোশাকের ১০টি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি দেশীদশ ২০ আগস্ট উদ্যাপন করল ১৩ বছর পূর্তি। দেশীদশকে ধন্যবাদ জানিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘বাংলাদেশের কুটিরশিল্প নিয়ে এমন কাজ দেখিনি। দেশীদশের ১০টি প্রতিষ্ঠান বাংলাদেশের পোশাক ও কুটিরশিল্পকে এগিয়ে নিতে ১৩ বছর ধরে একসঙ্গে পথ চলছে। দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসা না থাকলে এটি সম্ভব হতো না। তাদের পথ চলা আরও দীর্ঘায়িত হোক।’
২০০৯ সালে দেশীয় পোশাক বিপণন আরও সহজতর করার চিন্তা থেকে যাত্রা শুরু করে দেশীদশ। যৌথ এ প্রতিষ্ঠানের ছাতার তলে আসে কে ক্রাফট, নিপুণ, প্রবর্তনা, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা—এই ১০টি প্রতিষ্ঠান। পরে অবশ্য প্রবর্তনার জায়গায় আসে সৃষ্টি। একই ছাদের নিচে একসঙ্গে ১৩ বছর কাটিয়ে দেওয়া বিষয়ে রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস বলেন, ‘আমাদের প্রতিটি প্রতিষ্ঠানের একটি নিজস্ব স্বকীয়তা রয়েছে। তবে ভাবনাগত বা আদর্শগত জায়গাটা একই রকম। এ জন্যই হয়তো একসঙ্গে এতটা পথ পাড়ি দিতে পেরেছি।’ ‘আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী’, জানতে চাইলে বললেন, ‘ভবিষ্যতে অনলাইন ও অফলাইন ব্যবসাকে আরও প্রসারিত ও ক্রেতা উপযোগী করতে চাই। দোকানের ভেতরেও পরিবর্তন, পরিবর্ধন আনার চিন্তা করছি। যেমন সব ব্র্যান্ডের পাঞ্জাবি বা শাড়িগুলো হয়তো একসঙ্গে থাকল। ক্রেতারা সহজেই তাহলে এক জায়গা থেকে একজাতীয় পণ্য কিনে নিতে পারলেন।’
১৩ বছর পূর্তি উপলক্ষে দেশীদশে কেনাকাটায়ও থাকছে বিশেষ ছাড়। ৩০ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট টাকার পোশাক কিনলে পরবর্তী কেনাকাটায় ৫০০, ৮০০ ও ১ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ ছাড় চলবে সেপ্টেম্বর অবধি, জানালেন কে ক্রাফটের কর্ণধার খালিদ মাহমুদ খান।