প্রচুর জনসংখ্যার বিপরীতে সীমিত জায়গার কারণে ঢাকার শহরের কবরস্থানগুলোয় এখন জায়গার তীব্র সংকট। এসব ভেবে কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আছে বিশেষ নীতিমালা। এখানে রইলো সেই বিষয়ে বিস্তারিত তথ্য
ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে সীমিত জায়গার কারণে ঢাকার দুই সিটি করপোরেশনের কবরস্থানগুলোয় এখন জায়গার তীব্র সংকট। এ পরিস্থিতিতে সাধারণ মানুষের দাফন নিশ্চিত করতে এবং যত্রতত্র কবর সংরক্ষণ নিরুৎসাহিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আছে নীতিমালা। দুই সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঢাকার প্রধান কয়েকটি কবরস্থানের খরচ, সংরক্ষণ ফি ও অন্য নিয়মাবলির বিস্তারিত নিচে তুলে ধরা হলো।
রাজধানীর সরকারি কবরস্থানগুলোয় সাধারণ মানুষের দাফন কার্যক্রম সহজ ও সাশ্রয়ী করতে সরকারি ফি সাধ্যের মধ্যে রাখা হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন: সাধারণ দাফনে কবর রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা। তবে দুস্থ, অসহায় ও বিত্তহীন মৃত ব্যক্তির ক্ষেত্রে সিনিয়র মোহরার (কবরস্থানের হিসাব-নিকাশ, দাফন নিবন্ধন ও দাফনসংক্রান্ত দাপ্তরিক প্রক্রিয়া তদারককারী) প্রতীকী ফি হিসেবে মাত্র ১০০ টাকা গ্রহণ করতে পারেন। সঙ্গে যুক্ত হয় অনুমোদিত ঠিকাদারের মাধ্যমে কবর খনন এবং বাঁশ-চাটাইয়ের নির্দিষ্ট সরকারি খরচ। কবরস্থান ও ঠিকাদারভেদে এ খরচে ভিন্নতা থাকে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ডিএসসিসি আওতাধীন কবরস্থানগুলোয় প্রতিটি লাশ দাফনের জন্য করপোরেশন নির্ধারিত রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা। ঠিকাদারের বাঁশ-চাটাই সরবরাহ ও কবর খননের বিল আলাদা। তবে কেউ নিজ উদ্যোগে বাঁশ ও চাটাই এনে কবর দিতে চাইলে শুধু কবর খননের নির্ধারিত মূল্য পরিশোধ করলেই হবে। বেওয়ারিশ লাশ দাফনের খরচ সম্পূর্ণ সিটি করপোরেশন বহন করে।
রাজধানীর কবরস্থানগুলোয় জায়গার সংকট এড়াতে অনেক আগে থেকেই অগ্রিম কবর সংরক্ষণ করার বিষয়টি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। জীবিত অবস্থায় (মৃত্যুর আগে) কবরের জন্য অগ্রিম প্লট কিনে রাখার কোনো সুযোগ কোনো কবরস্থানেই নেই।
তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ বিবেচনায় সুনির্দিষ্ট ফির বিনিময়ে নির্দিষ্ট ক্যাটাগরির ব্যক্তিবর্গের কবর বিভিন্ন মেয়াদে সংরক্ষণ করা যায়।
বনানী ও উত্তরার মতো কবরস্থানগুলোয় ১৫ বা ২৫ বছর মেয়াদে সংরক্ষণের জন্য চড়া ফি নির্ধারণ করা হয়েছে।
বনানী কবরস্থান: ১৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ১ কোটি টাকা। ২৫ বছরের জন্য ১ কোটি ৫০ লাখ টাকা।
উত্তরা ৪ নং সেক্টর কবরস্থান: ১৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ৭৫ লাখ এবং ২৫ বছরের জন্য ১ কোটি টাকা।
উত্তরা ১২ নং সেক্টর কবরস্থান: ১৫ বছর মেয়াদি ৫০ লাখ টাকা এবং ২৫ বছর মেয়াদি ৭৫ লাখ টাকা।
উত্তরা ১৪ নং সেক্টর কবরস্থান: ১৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ৩০ লাখ টাকা এবং ২৫ বছরের জন্য ৫০ লাখ টাকা।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান: ১৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ২০ লাখ টাকা এবং ২৫ বছরের জন্য ৩০ লাখ টাকা।
রায়েরবাজার স্মৃতিসৌধ–সংলগ্ন কবরস্থান: ১৫ বছর মেয়াদি সংরক্ষণ ফি ১০ লাখ টাকা এবং ২৫ বছরের জন্য ১৫ লাখ টাকা।
এমন বড় অঙ্কের ফি ঠিক করার প্রধান কারণ কারও মধ্যে যাতে সংরক্ষণের আগ্রহ না জাগে। আরও একটা বিষয় উল্লেখ করার মতো, ঢাকা উত্তরে সাধারণ এলাকায় এমনিতে কোনো কবর সংরক্ষণের অনুমতি নেই। তবে সাধারণ এলাকায় ১৫ থেকে ২৫ বছর মেয়াদি সংরক্ষণের সুযোগ নিতে হলে সংরক্ষিত এলাকার তুলনায় ৩ গুণ বেশি ফি পরিশোধ করতে হয়।
ডিএসসিসির নীতিমালা অনুযায়ী কেবল জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতিপ্রাপ্ত বরেণ্য ব্যক্তি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সমাজে বিশেষ অবদান রাখা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য বিশেষ বিবেচনায় ১০ থেকে ২৫ বছরের জন্য অস্থায়ীভাবে কবর সংরক্ষণ করার সুযোগ মেলে। এ ক্ষেত্রে খরচ—
১০ বছর মেয়াদি: ৫ লাখ টাকা।
১৫ বছর মেয়াদি: ১০ লাখ টাকা।
২০ বছর মেয়াদি: ১৫ লাখ টাকা।
২৫ বছর মেয়াদি: ২০ লাখ টাকা।
পুনঃকবর ও অন্যান্য গুরুত্বপূর্ণ ফি: ডিএনসিসির আওতাধীন সংরক্ষিত কবরে পুনঃকবর দেওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিসহ বনানী কবরস্থানে ৫০ হাজার ৫০০ টাকা এবং অন্যান্য কবরস্থানের জন্য ৩০ হাজার ৫০০ টাকা নির্ধারিত আছে। তবে এই সুযোগ কেবল মৃত ব্যক্তির মাতা–পিতা, স্বামী-স্ত্রী, পুত্র-কন্যা ও সহোদর ভাই-বোনের জন্য প্রযোজ্য। অন্যদিকে ঢাকা দক্ষিণে সংরক্ষিত কবরে পুনঃকবর ফি ৫০ হাজার টাকা। তবে শর্ত হচ্ছে, একই কবরে পুনরায় দাফনের ক্ষেত্রে আগের কবরের মেয়াদ শেষ হওয়ার আগেই দুই বছরের মধ্যে পুনঃকবর দেওয়া যাবে না।
বীর মুক্তিযোদ্ধাদের কবরের জন্য ঢাকা উত্তর সিটির একেক কবরস্থানে একেক ধরনের বিধান আছে।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান: বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্ধিত অংশে ১ দশমিক ৫ একর জায়গা সংরক্ষিত আছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা পরিবারের ইচ্ছানুযায়ী উত্তর সিটির যেকোনো কবরস্থানে কবর সংরক্ষণ করা যায়। যথাযথ সনদ ও মন্ত্রণালয়ের তালিকা সাপেক্ষে প্রথম ১০ বছর বিনা মূল্যে কবর সংরক্ষণের সুবিধা পান বীর মুক্তিযোদ্ধারা, পরবর্তী সময়ের জন্য নির্ধারিত ফি প্রযোজ্য। অর্থাৎ প্রথম ১০ বছর বিনা মূল্যে সংরক্ষণের পরেও রাখতে চাইলে ১৫ বা ২৫ বছরের জন্য যে নির্ধারিত মূল্য রয়েছে, সেই অনুযায়ী ফি প্রযোজ্য হবে।
রায়েরবাজার কবরস্থান: এখানে দাফন করা মুক্তিযোদ্ধাদের কবর আজীবন সংরক্ষিত থাকে।
জুরাইন কবরস্থান: এখানেও ১ দশমিক ৫ একর জায়গা মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত আছে। সনদ ও সরকারি তালিকা সাপেক্ষে কোনো ফি ছাড়াই ১০ বছরের জন্য কবর সংরক্ষণ করা যায়।
কবরের মাপ: মৃত ব্যক্তির বয়স ও শারীরিক আকৃতি অনুযায়ী কবর তিন প্রকারের হয়ে থাকে। বড় কবরের আকার ৮ ফুট বাই ৪ ফুট, মাঝারি কবর ৬ ফুট বাই ৩ ফুট এবং ছোট কবরসাড়ে ৩ ফুট বাই ২ ফুট। পাকা করার ক্ষেত্রে প্রাচীরের উচ্চতা কোনোক্রমেই ৩ ফুটের বেশি হতে পারবে না।
মাজার ও গাছপালা নিষেধ: দুই সিটি করপোরেশনের কোনো কবরস্থানেই কোনো মাজার তৈরি করা যাবে না। কবরের ওপর বড় কোনো গাছ লাগানো নিষেধ, কেবল ছোট জাতের ঝোপালো ফুলের গাছ রোপণ করা যাবে।
কবরের পুনর্ব্যবহার: ঢাকায় জায়গাস্বল্পতার কারণে ধর্মীয় অনুশাসন ও শরিয়তসম্মত উপায়ে একটা নির্দিষ্ট সময় পর কবর পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ সংরক্ষিত নয়—এমন সাধারণ কবরে নির্দিষ্ট সময় পর নতুন মরদেহ দাফন করা হয়। সাধারণত দুই সিটি করপোরেশন এলাকার কবরস্থানে কবরের মেয়াদ দেড় থেকে দুই বছর হলে সেখানে নতুন করে কবর দেওয়া হয়।