
মিস ইউনিভার্স প্রতিযোগী, উদ্যোক্তা, ডায়ানা অ্যাওয়ার্ড বিজয়ী—২১ বছর বয়সী মারিয়া মুমুর অনেক পরিচয়। তবে মুমু নিশ্চয়ই তাঁর উদ্যোগ ‘মশাল’কেই সবচেয়ে এগিয়ে রাখবেন। মানসিক স্বাস্থ্যবিষয়ক এই সংগঠনের প্রায় ৭০ জনের তরুণ দল নিয়ে দেশব্যাপী চলছে মুমুর কার্যক্রম।
কিন্তু এত কিছু থাকতে মানসিক স্বাস্থ্যবিষয়ক সংগঠন কেন? জানতে হলে মারিয়া মুমুর শৈশবে ফিরে যেতে হবে। পারিবারিক সমস্যার কারণে ছোটবেলায়ই মুমুকে নিয়ে লন্ডন থেকে দেশে ফিরতে বাধ্য হয়েছিলেন তাঁর মা। এ কারণে বাবাকে ছাড়াই কেটেছে তাঁর শৈশব। তখন থেকেই সহপাঠী, শিক্ষকদের সঙ্গে একটা দূরত্ব অনুভব করতেন। দিন দিন দূরত্বটা বাড়তেই থাকে। মাকে সাহায্য করার জন্য ১৩ বছর বয়স থেকে টিউশনি, টুকটাক মডেলিংয়ে যুক্ত হন। ‘কচুপাতার ওপর এক ফোঁটা পানি যেমন নড়বড়ে থাকে, ঠিক তেমন অস্থিতিশীল মনে হতো নিজেকে। সব সময়,’ বলেন তিনি।
কলেজের প্রিটেস্টের আগে আগে আলসার ধরা পড়ে। এমনিতেই মুমু শারীরিক ও মানসিকভাবে দুর্বল, এই সময় একেবারেই ভেঙে পড়েন। পড়াশোনা থেকে মন উঠে যায়। প্রিটেস্টে চার চারটি বিষয়ে অকৃতকার্য হন। ‘প্রিটেস্টে ফেল করেছ, এখন কী করবে?’—প্রায়ই এমন প্রশ্নের সম্মুখীন হতেন। কয়েক মাস তীব্র বিষণ্নতায় ভোগার পর পরিচিত এক বন্ধু তাঁকে এক মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন। চিকিৎসকের সম্মানী দেওয়ার সামর্থ্য ছিল না, তবু মুমুকে একটু সময় দিতে রাজি হন সেই বিশেষজ্ঞ। এভাবে কয়েক মাসের মধ্যে একটু সুস্থ হয়ে ওঠেন তিনি।
কিন্তু এর মধ্যে আসে আরও এক ধাক্কা। কলেজের এক জুনিয়র সে সময় প্রিটেস্টে ফেল করে কলেজ ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। মুমু বলছিলেন, ‘সম্ভবত আমিই একমাত্র ছাত্রী, যে এই ঘটনার পরদিন প্রতিবাদের কালো প্ল্যাকার্ড নিয়ে কলেজের সামনে দাঁড়িয়ে ছিলাম।’ একই বছরে আত্মহত্যা করেন তাঁর আরেকজন খুব ঘনিষ্ঠ বন্ধু। ‘অথচ এই মানুষগুলোকে এত কাছ থেকে দেখেও কখনো বুঝতেও পারিনি ওরা বিষণ্নতায় ভুগছে। সঠিক সময়ে সঠিক সাহায্যটা না পেলে ওদের জায়গায় আমিও থাকতে পারতাম,’ মুমু বলেন। এই ভাবনা থেকেই সিদ্ধান্ত নেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করবেন।
‘মিস ইউনিভার্স ২০১৯ আমাকে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার একটা মাধ্যম দিয়েছিল। সে জন্য আমি কৃতজ্ঞ,’ বলেন মুমু। কোনো পরিকল্পনা ছাড়াই প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ হন। প্রতিযোগিতা শেষ হতে না হতেই আদাজল খেয়ে লেগে পড়েন মশালের কাজে। তিনি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম সেমিনার, ওয়েবিনার নিয়ে কাজ করব। কিন্তু সবার কাছ থেকে এত ভালো প্রতিক্রিয়া পেলাম যে কার্যক্রম আরও বাড়াতে হলো।’
বর্তমানে বেশ কয়েকজন মনোবিদের সঙ্গে যুক্ত আছে তাঁদের সংগঠন। চাইলেই যে কেউ সংগঠনটির সঙ্গে যোগাযোগ করে মানসিক সমস্যা বিষয়ে সাহায্য নিতে পারেন। প্রথম সেমিনার আয়োজন করতে মুমু ফিরে গিয়েছিলেন তাঁর কলেজে, যেখানে এই সবকিছুর শুরু। ‘৬০০ শিক্ষার্থীর সামনে আমরা “পিয়ার প্রেশার” বিষয়ক একটি সেমিনার আয়োজন করেছি। আমার মনে হয়েছিল নবীনদেরই এ ধরনের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন,’ বলছিলেন তিনি।
মুমু বলেন, ‘আমাদের বিশেষজ্ঞদের যোগ্যতা যাচাইয়ের জন্য প্রথমেই একজন ডামি পেশেন্টের সঙ্গে কথা বলানো হয়। যদি দেখি তিনি ইতিবাচকভাবে সেশনটি পরিচালনা করতে পারছেন, তবেই তাঁকে নির্বাচন করা হয়।’ করোনাকালের বন্দী সময়ে অনলাইনে তাঁরা বিভিন্ন সেমিনার, বুটক্যাম্পের আয়োজন করেন; যেখানে অংশগ্রহণ করেছেন সাতটি দেশের মানুষ। সিলেটের বন্যাকবলিত মানুষের মানসিক এবং অন্যান্য চাহিদা নিয়ে বর্তমানে কাজ করছেন মুমু।
আর এই কাজের স্বীকৃতিস্বরূপ গত বছর পেয়েছেন ডায়ানা অ্যাওয়ার্ড। প্রিন্সেস ডায়ানার স্মরণে সমাজসেবায় যুক্ত তরুণদের দেওয়া হয় এই পুরস্কার। প্রিন্সেস ডায়ানার দুই ছেলে উইলিয়াম ও হ্যারি সরাসরি এ কার্যক্রমের সঙ্গে যুক্ত। মশালের কাজ যখন সাড়া ফেলতে শুরু করে, তখনই ডায়ানা অ্যাওয়ার্ডের জন্য আবেদন করেন মুমু। আবেদনপ্রক্রিয়াটা সহজ ছিল না। ফরম পূরণ থেকে শুরু করে বিস্তর লেখালেখি করতে হয়েছে, কাগজপত্র জমা দিতে হয়েছে। তারপর? ‘যেদিন অ্যাওয়ার্ড জেতার খবর পাই, সেদিন আমি মাত্র পরীক্ষা দিয়ে বাসায় ফিরেছি। প্রথমেই মাকে খবরটা জানিয়েছি। বাচ্চাদের মতো লাফালাফি করেছি দুজন। সেই মুহূর্তে মনে হয়েছিল আমাদের দুজনের ছোট জীবনের সব কষ্ট সার্থক’ হাসতে হাসতে বলেন মুমু।
বাংলাদেশের প্রতিটি কোনায় মশালের কার্যক্রম ছড়িয়ে দিতে এখন কাজ করছেন মারিয়া মুমু। তাঁর বক্তব্য, ‘প্রত্যেকটা মানুষেরই মানসিক অসুস্থতায় সাহায্য পাওয়ার অধিকার আছে। আমি চাই আমার দেশের প্রত্যেক মানুষ যেন সাধ্যের মধ্যে সেই সাহায্যটা পায়।’