ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র মুখের গঠন পরিবর্তনের জন্য ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম। চিকিৎসার পর তাঁর নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক সমর্থকের মন্তব্য, ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে এবারও বিশ্বকাপে নেমেছিল ব্রাজিল। কিন্তু সেই স্বপ্ন শেষ ষোলোতেই থেমে যায়। নরওয়ের কাছে হেরে বিদায় নেয় সেলেসাওরা। দলের এমন হতাশাজনক বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে সহানুভূতি কুড়িয়েছিলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। এবার তিনি আলোচনায় সম্পূর্ণ ভিন্ন কারণে।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ৪ গোল করা এই রিয়াল মাদ্রিদ তারকা মুখের গঠন পরিবর্তনের জন্য ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি কসমেটিক প্রক্রিয়া করিয়েছেন বলে জানিয়েছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম। চিকিৎসার পর তাঁর নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেক সমর্থকের মন্তব্য, ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না।
প্রকাশিত ছবিতে দেখা যায়, আগের তুলনায় তাঁর চিবুক বা থুতনি ও চোয়ালের গঠন অনেক বেশি স্পষ্ট। অনেকেই মজা করে বলেছেন, নতুন চেহারায় তাঁকে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের মতো দেখাচ্ছে!
চিন হারমোনাইজেশন এমন একটি প্রসাধনী চিকিৎসা, যেখানে চিবুকের আকার, আকৃতি বা অবস্থানে পরিবর্তন এনে মুখের সামগ্রিক ভারসাম্য ‘উন্নত’ করার চেষ্টা করা হয়। শুধু চিবুক নয়, নাক, ঠোঁট ও চোয়ালের সঙ্গে মুখের সামঞ্জস্যও বিবেচনায় নেওয়া হয়।
এ প্রক্রিয়া কখনো অস্ত্রোপচারের মাধ্যমে, কখনো অস্ত্রোপচার ছাড়াই সম্পন্ন করা হয়। ভিনিসিয়ুসের ক্ষেত্রে প্রচলিত অস্ত্রোপচার নয়; বরং বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
চর্মরোগবিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও ব্রাজিলের গইয়ানিয়ায় তাঁর লুমিনি প্রিভিলেজ ক্লিনিকে এ প্রক্রিয়া সম্পন্ন করেন। চিকিৎসার পর প্রাথমিকভাবে কিছুটা ফোলা ভাব থাকায় সময়ের সঙ্গে ভিনির চেহারায় আরও সামান্য পরিবর্তন আসতে পারে।
বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরও ভিনিসিয়ুস ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার। ৫ ম্যাচে তিনি করেছেন ৪ গোল, সঙ্গে ছিল ১টি অ্যাসিস্ট।
এখন ভিনির নজর রিয়াল মাদ্রিদে। প্রাক্-মৌসুম অনুশীলনে যোগ দিতে শিগগিরই স্পেনে ফিরবেন তিনি। তাঁর বর্তমান চুক্তির মেয়াদ আর এক বছর থাকায় ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। তবে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আগেই জানিয়েছেন, ভিনিসিয়ুস ও রিয়াল মাদ্রিদ—দুই পক্ষই একসঙ্গে পথচলা চালিয়ে যেতে চায়।
গ্রীষ্মকালীন বিরতিতে নিজের চেহারায় পরিবর্তন আনার সিদ্ধান্তটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। তবে নতুন রূপে মাঠে ফেরার আগে ভিনিসিয়ুসকে ঘিরে সমর্থকদের কৌতূহল এখন তুঙ্গে।
সূত্র: মার্কা, দ্য সান