বৈশাখের সাজ হোক হালকা ও আরামদায়ক
বৈশাখের সাজ হোক হালকা ও আরামদায়ক

বৈশাখী বেলায় মেকআপ করবেন যেভাবে

প্রচণ্ড গরমে বৈশাখী সাজ টিকিয়ে রাখতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গরম, ঘাম আর আর্দ্রতা। সকালে যত যত্ন করেই মেকআপ করা হোক না কেন, দুপুরের মধ্যেই তা নিস্তেজ দেখাতে শুরু করে। হারমনি বিউটি স্পা অ্যান্ড স্যালনের রূপচর্চাবিশারদ রাহিমা সুলতানা জানালেন পয়লা বৈশাখে দিনের বেলায় মেকআপ দীর্ঘস্থায়ী থাকার কৌশল।

আগে ত্বক ঠান্ডা করুন

ত্বক ঠান্ডা করার এই পন্থা গরমেও আরাম দেবে

গরমের দিনে মেকআপ দীর্ঘস্থায়ী রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ত্বককে আগে থেকেই ঠান্ডা ও শান্ত রাখা। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের জন্য মেকআপের আগে বরফ ব্যবহার একটি অসাধারণ কার্যকর পদ্ধতি, বলছিলেন রাহিমা সুলতানা। একটি পরিষ্কার নরম কাপড়ে কয়েকটি বরফের টুকরা নিয়ে হালকা চাপ দিয়ে পুরো মুখে ধীরে ধীরে মালিশ করুন। এতে ত্বকের রোমকূপ টাইট হবে, অতিরিক্ত তেল নিঃসরণ কমবে এবং ত্বকের ওপরে তৈরি হবে মসৃণ ও শুষ্ক একটি বেজ। শুধু তা–ই নয়, বরফ ত্বককে তৎক্ষণাৎ সতেজ লুক দেবে, মেকআপকে করে তুলবে আরও মসৃণ। গরমে ত্বক অনেক সময় লালচে বা প্রদাহে আক্রান্ত হতে পারে। বরফ সেই সমস্যাও অনেকটা কমিয়ে দেয়।

মুলতানি মাটি ও টক দই

মুলতানি মাটি ও টক দইয়ের ফেসপ্যাক হতে পারে আপনার সেরা বন্ধু

মেকআপ করার আগে ত্বককে গভীরভাবে পরিষ্কার ও প্রস্তুত করা খুব জরুরি। এ ক্ষেত্রে মুলতানি মাটি ও টক দইয়ের ফেসপ্যাক হতে পারে আপনার সেরা বন্ধু। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে, ত্বকের রোমকূপ পরিষ্কার রাখে এবং ত্বককে ঠান্ডা রাখে। অন্যদিকে টক দই ত্বককে আর্দ্র ও মোলায়েম করে, এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা। এ দুটি উপাদান মিশিয়ে একটি নরম মিশ্রণ তৈরি করে নিন। পরে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

প্রাইমার আবশ্যক

প্রাইমার ত্বকের বলিরেখা কমিয়ে ত্বকে মেকআপ সুন্দরভাবে বসতে সহায়তা করে

অনেকেই মেকআপের আগে প্রাইমারকে গুরুত্ব দেন না, কিন্তু বাস্তবে এটি মেকআপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। প্রাইমার মূলত আপনার মুখের ত্বক ও মেকআপের মধ্যে একটি সুরক্ষা আস্তরণ তৈরি করে, যা মেকআপকে সহজে নষ্ট হতে দেয় না। বিশেষ করে পয়লা বৈশাখের মতো গরম ও আর্দ্র দিনে তেল কম আছে বা একেবারেই নেই, এমন প্রাইমার ব্যবহার করলে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে থাকে। এটি মুখের রোমকূপকে ঢেকে দেয়, ত্বকের বলিরেখা কমিয়ে ত্বকে মেকআপ সুন্দরভাবে বসতে সহায়তা করে।

হালকা মেকআপ

বৈশাখের সাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হালকা ও আরামদায়ক থাকা। ভারী ফাউন্ডেশন বা একের পর এক আস্তরণ দেওয়া মেকআপ গরমে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, ত্বক হয়ে পড়ে অপরিষ্কার। তাই ‘কমই ভালো’ নীতি অনুসরণ করাই বুদ্ধিমানের কাজ, বলছিলেন রাহিমা সুলতানা। হালকা কভারেজের জন্য টিন্টেড ময়েশ্চারাইজার, বিবি ক্রিম বা স্কিন টিন্ট ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বক শ্বাস নিতে পারবে, দেখতেও লাগবে ন্যাচারাল। ক্রিম ব্লাশ বা টিন্ট ব্যবহার করলে তা ত্বকের সঙ্গে সুন্দরভাবে মিশে যায় এবং ঘাম হলেও সহজে উঠে যায় না। চোখের জন্য ওয়াটারপ্রুফ কাজল, মাসকারা ব্যবহার করুন। ঠোঁটের জন্য লিপটিন্ট বা লাইটওয়েট লিপস্টিক বেছে নিন, বারবার লাগানোর ঝামেলা নেই।

ঠোঁটের জন্য লিপটিন্ট বা লাইটওয়েট লিপস্টিক বেছে নিন

মেকআপ লক করতে সেটিংস

মেকআপ শেষ করার পর সেটিংস না করলে পুরো পরিশ্রমই মাটি। তাই মেকআপ শেষে সেটিংস জরুরি। প্রথমে একটি হালকা সেটিংস পাউডার দিয়ে নাক ও কপালের টি-জোন সেট করে নিন। কারণ, এই অংশেই সবচেয়ে বেশি তেল জমে। এরপর একটি ভালো সেটিংস স্প্রে ব্যবহার করুন। সেটিংস স্প্রে মেকআপকে ত্বকের সঙ্গে পুরোপুরি মিশে যেতে সাহায্য করে। একটি সুরক্ষা স্তর তৈরি করে, যা মেকআপে ঘাম বা আর্দ্রতার প্রভাব কমায়। ফলে আপনার মেকআপ অনেক বেশি সময় ধরে ঠিক থাকে, দেখতেও লাগে সতেজ ও ঝলমলে।

বেশি করে পানি পান

শুধু বাইরে থেকে নয়, ভেতর থেকেও ত্বককে আর্দ্র রাখা জরুরি। এই গরমে পানি পানের বিকল্প নেই। পর্যাপ্ত পানি পান করলে ত্বক শুষ্ক হয় না, মেকআপও ভালোভাবে বসে। হালকা ধরনের একটি তেলবিহীন ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বকের মেকআপ নষ্ট হয়ে যাওয়া রোধ হয়।