যে মসজিদের অজুর পানিতে বেঁচে আছে মরুভূমির গাছপালা

চারদিকে রুক্ষ পাহাড়, ধূসর মরুভূমি। প্রচণ্ড গরম আর পানির সংকটে যেখানে গাছপালা বাঁচিয়ে রাখাই কঠিন, সেখানে একটি মসজিদ ঘিরে গড়ে উঠেছে সবুজ বাগান। আছে গাছপালা, ফুটেছে ফুল। অথচ এসব গাছে পানি দেওয়ার জন্য আলাদা করে পানির ব্যবস্থা করতে হয় না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই বাঁচিয়ে রাখছে গাছগুলোকে।

জর্ডানের আবু উবাইদা মসজিদ
জর্ডানের আবু উবাইদা মসজিদ

জর্ডানের আবু উবাইদা মসজিদের এই সবুজ বাগানের পেছনে আছে দীর্ঘ ১৮ বছরের চেষ্টার গল্প। পানির সংকট মোকাবিলায় কীভাবে ফেলে দেওয়া পানিও কাজে লাগানো যায়, তারই এক উদাহরণ এটি।

যেখানে প্রতি ফোঁটা পানিই অনেক দামি

জর্ডান বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ দেশ। দেশটির বড় অংশজুড়ে শুষ্ক আবহাওয়া। পানির অভাবে পর্যাপ্ত ফসল ফলানো যায় না। ফলে খাদ্যশস্যের চাহিদার বড় অংশই মেটাতে হয় আমদানির মাধ্যমে।

পানির সংকট এতটাই প্রকট যে অনেক এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য পানি সরবরাহ করা হয়। কোথাও কোথাও সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়। ফলে পানির প্রতিটি ফোঁটাই সেখানকার মানুষের কাছে মূল্যবান।

এমন পরিস্থিতিতে পানির অপচয় কমাতে অভিনব এক উদ্যোগ নেয় জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওশান বলেন, ‘পানির অভাব কী, এখানকার মানুষ তা খুব ভালোভাবেই জানেন। কারণ, এই সংকটের মধ্যেই তাঁদের জীবন কাটাতে হয়।’

এই বাস্তবতা থেকেই অজুতে ব্যবহৃত পানি আবার কাজে লাগানোর কথা ভাবেন তাঁরা। সাধারণত অজুর পর পানি নালা দিয়ে চলে যায়। সেই পানি সংগ্রহ করে গাছের সেচে ব্যবহারের ব্যবস্থা করেন তাঁরা।

অজুর পানি যেভাবে পৌঁছায় গাছের গোড়ায়

মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই হয়ে উঠেছে সেচের প্রধান উৎস

আবু উবাইদা মসজিদের চারপাশের গাছপালা বাঁচিয়ে রাখতে পৌরসভার সরবরাহ করা পানি বা আলাদা করে আনা পানির ওপর নির্ভর করতে হয় না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই এখানকার সেচের প্রধান উৎস।

তবে অজুর জায়গা থেকে পানি সরাসরি গাছে দেওয়া হয় না। প্রথমে তা প্রাকৃতিক উপায়ে পরিশোধন করা হয়।

আহমেদ আল-রওশান জানান, মসজিদে অজুর সময় সাবান ব্যবহার করা হয় না। তাই এই পানিতে সাবানজাত পরিষ্কারকের উপস্থিতি থাকে না। ফলে তুলনামূলক সহজ পদ্ধতিতে পানি পরিশোধন করে সেচের কাজে ব্যবহার করা সম্ভব হয়।

এ জন্য নুড়িপাথর ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করা হয়। এসব স্তর ছাঁকনির মতো কাজ করে। পানিতে থাকা ময়লা ও ভাসমান কণার একটি অংশ আটকে যায়।

পরিশোধিত পানি এরপর পৌঁছে যায় মাটির নিচে বসানো বিশেষ সেচের পাইপে। এই ব্যবস্থার নাম ‘ড্রিপ ইরিগেশন’ বা ফোঁটা ফোঁটা সেচপদ্ধতি।

এ পদ্ধতিতে গাছের গোড়ায় ধীরে ধীরে পানি পৌঁছায়। ফলে প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া যায়, অপচয়ও কম হয়। অনেকটা রোগীর শরীরে স্যালাইনের পানি ফোঁটায় ফোঁটায় প্রবেশ করার মতো।

১৮ বছরের চেষ্টায় ছড়িয়েছে উদ্যোগ

জর্ডানের আবু উবাইদা মসজিদের চারপাশের সবুজ বাগান শুধু সৌন্দর্যের জন্য নয়; পানির তীব্র সংকটের মধ্যেও সচেতনতা, পরিকল্পনা আর দীর্ঘদিনের চেষ্টায় কীভাবে পরিবর্তন আনা যায়, তারই এক উদাহরণ

২০০৮ সালে অজুর পানি পুনর্ব্যবহারের এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করে সংগঠনটি। তবে একটি মসজিদে সফলভাবে ব্যবস্থা চালু করা তাদের একমাত্র লক্ষ্য ছিল না। তারা চেয়েছিল, আরও মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে একই পদ্ধতি ছড়িয়ে দিতে।

কাজটি মোটেও সহজ ছিল না। ১৮ বছরে ১৮টি মসজিদ ও স্কুলে এই উদ্যোগ পৌঁছে দিতে পেরেছে সংগঠনটি।

আহমেদ আল-রওশানের ভাষায়, প্রতিটি মসজিদেই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁদের। ব্যবস্থা চালু হওয়ার পর সেটি দেখাশোনা করবেন কে? ইমাম, নাকি খাদেম? কারণ, প্রত্যেকেরই মন্ত্রণালয় নির্ধারিত নিজস্ব দায়িত্ব আছে।

শুধু প্রযুক্তি বসালেই যে উদ্যোগ সফল হয় না, সেটি বুঝতে পেরেছিলেন তাঁরা। প্রয়োজন ছিল দায়িত্ব ভাগ করে দেওয়া এবং মানুষকে পানি সংরক্ষণের গুরুত্ব বোঝানো।

সচেতনতা তৈরিতে ধর্মীয় নেতারাও

পানি সংরক্ষণের এই উদ্যোগ ছড়িয়ে দিতে ধর্মীয় নেতাদেরও সম্পৃক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন, নারী ধর্মপ্রচারক ও প্রযুক্তিবিদদের পানি সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জুমার খুতবায়ও পানির অপচয় রোধ ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

এর ফলে পানি সংরক্ষণকে শুধু পরিবেশগত প্রয়োজন নয়, নৈতিক দায়িত্ব হিসেবেও দেখতে উৎসাহিত হচ্ছে সাধারণ মানুষ।

২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে জর্ডানের ৫০টির বেশি মসজিদে বৃষ্টির পানি সংরক্ষণ করে গাছপালার সেচে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে

আরও মসজিদে ছড়াচ্ছে পানির পুনর্ব্যবহার

জর্ডানে শুধু অজুর পানি নয়, বৃষ্টির পানিও সংরক্ষণ করে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির ৫০টির বেশি মসজিদে বৃষ্টির পানি সংরক্ষণ করে গাছপালার সেচে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া ৩৫টির বেশি মসজিদে অজুতে ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করা হচ্ছে সেচ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।

জর্ডানের আবু উবাইদা মসজিদের চারপাশের সবুজ বাগান শুধু সৌন্দর্যের জন্য নয়; পানির তীব্র সংকটের মধ্যেও সচেতনতা, পরিকল্পনা আর দীর্ঘদিনের চেষ্টায় কীভাবে পরিবর্তন আনা যায়, তারই এক উদাহরণ।

সূত্র: দ্য গার্ডিয়ান