ঢাকার অলিগলিতে ৩৩ বছর ডাকবাক্স রং করেছেন কামরুল

দেশে ডাকবাক্স পেইন্টারের পদ একটিই, সেই পদে ৩৩ বছর কাজ করে বছর তিনেক আগে অবসর নিয়েছেন কামরুল হক। তা অবসরে গেলে হবে কী, এই কদিন আগেও তাঁর ডাক পড়ত, রং করে বেড়াতেন ঢাকার অলিগলির ডাকবাক্স। ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস উপলক্ষে তাঁর গল্প শুনেছেন ইয়ানুর হোসেন

ডাকবাক্স রং করছেন কামরুল হক
ছবি: অগ্নিলা আহমেদ

দাদার বাড়ি নোয়াখালীতে হলেও আমাদের ভাই-বোনদের জন্ম ঢাকাতেই। আব্বা ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর সৈনিক। দেশভাগের পর তিনি যোগ দিলেন ডাক বিভাগে। আব্বার পথ ধরে একসময় আমার বড় ভাইও ডাক বিভাগে কাজ নেন। সরকারি কোয়ার্টারে থেকে বড় হয়েছি আমরা। ডাকের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ওঠাবসা।

পড়াশোনায় আমার কোনোকালেই আগ্রহ ছিল না। নবম শ্রেণি পর্যন্ত পড়ার পর প্রাতিষ্ঠানিক পড়ায় ছেদ পড়ল। এরপর ব্যবসা শুরু করলাম। সেই ব্যবসায় লোকসান হলো। ভাবলাম, ব্যবসা আমাকে দিয়ে হবে না, অন্য কিছু করা দরকার। কিন্তু কী করব? আরামপ্রিয় মানুষ আমি, একটু অবসর মেলে এমন কাজ দরকার। কিন্তু এমন কী কাজ আছে?

ডাক বিভাগের লেটার বক্স পিয়ন (এলবি পিয়ন) পদে যোগ দেওয়া ছাড়া এমন কোনো কাজের সন্ধান পেলাম না। তখন এসব পদে কাজ পেতে খুব বেশি প্রতিযোগিতা হতো না। সামান্য বেতনে কে আর কাজ করতে চায়। ১৯৮২ সালে সেই চাকরি শুরু।

ঢাকা শহরে ঘুরে ঘুরে কাজ করতেন কামরুল

দুই–তিনটা বাক্সের চিঠিতেই ভরে যেত বস্তা

পুরান ঢাকার ১৭টা ডাকবাক্স থেকে চিঠি সংগ্রহ করে কমলাপুর ডাক বাছাইকেন্দ্রে পৌঁছে দেওয়া ছিল আমার কাজ। সারা ঢাকা শহরের চিঠি এই বাছাইকেন্দ্রে জমা হতো। তারপর জেলা-উপজেলা, দেশ অনুযায়ী আলাদা আলাদা করে বিতরণের ব্যবস্থা করা হতো।

যোগাযোগের জন্য সে সময় মানুষ ডাকের ওপর নির্ভরশীল ছিল। দিনে দুইবার ডাকবাক্স খোলা হতো। একবার সকালে, আরেকবার বিকেলে। সাইকেলে খালি বস্তা নিয়ে ডাকবাক্স খুলতে যেতাম। অধিকাংশ বাক্সই দেখতাম চিঠিতে ভরা। ঘুরে ঘুরে সেসব বাক্স থেকে চিঠি সংগ্রহ করতাম। দুই-তিনটা ডাকবাক্স খুললেই চটের বড় বস্তা ভরে যেত। বস্তা নিয়ে সাইকেল হাঁকিয়ে কমলাপুর পৌঁছে দিতাম।

টানা পাঁচ বছর চিঠি সংগ্রহের এই কাজ করেছি। তারপর একদিন চিঠি সংগ্রহ করে বস্তা নিয়ে কমলাপুরে ফিরছি। একটা জায়গায় সাইকেল থেকে পড়ে গিয়ে কোমরে ভীষণ ব্যথা পেলাম। ধরাধরি করে আমাকে তোলা হলো। সেদিন কোনোভাবে বাসায় পৌঁছাই। তারপর দুই দিন বিশ্রাম নিলাম। মনে হচ্ছিল, সহজে আর সাইকেল চালিয়ে চিঠি সংগ্রহ করতে পারব না। যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে বললাম, আমাকে অন্য কোনো পদে কাজের সুযোগ দিলে দ্রুত যোগ দিতে পারি। কিছুদিন পর অফিস আমাকে ডাকবাক্স পেইন্টার হিসেবে নিয়োগ দেয়।

পেশাগত দায়িত্ব হলেও ডাকবাক্স রং করে আনন্দ পেতেন কামরুল হক

কাজটি করেছি ভালোবেসে

১৯৮৭ সালে ডাকবাক্স পেইন্টার হিসেবে কাজ শুরু করি। ডাকবাক্সে রং করার কাজটা আমি নিজে নিজে শিখেছি। ঢাকায় আগে যাঁরা কাজ করতেন, তাঁদের পরামর্শ নিয়েছি।

বাংলাদেশ ডাক বিভাগে পেইন্টার পদ একটাই। কাজটা মূলত ঢাকাকেন্দ্রিক। দেশের অন্যান্য এলাকায় এই কাজ স্থানীয়ভাবেই করিয়ে নেওয়া হতো। পদটা পেইন্টারের হলেও কাজ ছিল নানাবিধ। রং করে লেখাসহ ডাকবাক্স বসানো, ডাকবাক্সের গোড়া মেরামত করা, বাক্স সারাইয়ের মতো কাজও আমাকে করতে হতো।

ঢাকা শহরে ৩৩৬টি চিঠির বাক্স ছিল। আমার জন্য বেবিট্যাক্সি বরাদ্দ ছিল। ঢাকা শহরে ঘুরে ঘুরে কাজ করতাম। কোনো এলাকায় ডাকবাক্স বসাতে হবে কি না, তদন্ত করে দেখতাম। ডাকবাক্স খোলার সময়সূচি লিখতাম। ডাকবাক্সে, বিভাগের পুরোনো পরিবহনের গায়ে, ডাক কাউন্টারে রং করে নতুন করে লিখতাম। ‘বাংলাদেশ ডাক বিভাগ’, ‘রাষ্ট্রীয় ডাক’, ‘রাষ্ট্রীয় ডাক পরিবহন’—এ ধরনের লেখাগুলো যেন দূর থেকে পড়া যায়, সে জন্য মোটা ও বড় অক্ষরে লেখা শুরু করি।

কাজটা করতে গিয়েই বুঝলাম, এ বিষয়ে একটা ডিগ্রি দরকার। পেইন্টিংয়ের ওপর ডিপ্লোমার জন্য ভর্তি হলাম। তারপর চাকরিটা পোক্ত হলো।

ডাকবাক্স মেরামতের কাজও করতেন কামরুল

ক্লিনটন আসবেন

২০০০ সালের মার্চ মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ঢাকায় আসবেন। প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের আগমন উপলক্ষে ঢাকায় নানা প্রস্তুতি চলছিল। ঢাকার সব ডাকবাক্স রং করার সিদ্ধান্ত হলো। দুই সপ্তাহের মধ্যে এত ডাকবাক্স রং করে তার গায়ে নতুন করে লেখা তো সহজ কথা নয়। সহযোগী নিয়ে বেরিয়ে পড়তাম। সকাল থেকে দিনভর কাজ করে বাসায় ফিরতে ফিরতে রাত। একদিন দুপুরে হোটেল সোনারগাঁওয়ের সামনে কাজ করছি। সেখানে তিনটি ডাকবাক্স কিছুদিন আগেও ছিল। এই ডাকবাক্স রং করার সময় দেখি, চারপাশে কড়া নিরাপত্তা। গাড়িঘোড়া নেই। ব্যস্ত এলাকায় সুনসান নীরবতা। মাঝেমধ্যে সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি চলে যাচ্ছে। অনেকটা ভয়ে ভয়েই সেদিন রং করেছিলাম। দিনগুলো এখনো চোখের সমানে ভাসে।

হলুদ খামের সোনালি দিন

চোখের সামনে একটা সময়কে ‘নাই’ হয়ে যেতে দেখলাম। ডাক বিভাগের জৌলুশ দেখেছি, শ্রীহীন অবস্থারও সাক্ষী হয়েছি। ঢাকায় যেখানে ৩৩৬টি ডাকবাক্স ছিল, এখন কমে কমে সেটা ১২৫।

মানুষ আর এখন চিঠি লেখে না। দাপ্তরিক চিঠি ছাড়া ব্যক্তিগত চিঠি দেখাই যায় না। শেরেবাংলা নগর টিঅ্যান্ডটি, আজিমপুর, সোনারগাঁও হোটেলের সামনের ডাকবাক্স থেকে বস্তা বস্তা চিঠি পাওয়া যেত, সেখানে এখন ডাকবাক্সই নেই। নতুন প্রজন্ম ডাকবাক্স চেনেও না। ডাকবাক্স রং করতে গেলে লোকে বলে, ‘কী রং করেন?’ পোস্টারে ঢাকা থাকে ডাকবাক্স, আগে থেকে জানা না থাকলে বোঝার উপায় নেই যে সেখানে ডাকবাক্স আছে। এত খারাপ লাগে! মনে হয়, যিনি পোস্টার লাগিয়েছেন, তাঁকে পুলিশে দিই। মানুষ যে চিঠি লেখে না, এটা আমাকে খুব পীড়া দেয়। মুঠোফোনে খুদে বার্তায় যোগাযোগ হয়, কিন্তু সে ভাষায় তো মাধুর্য নেই।

২০২০ সালে অবসরে গেছি। অবসরের পরও ডাক বিভাগের সঙ্গে কাজ করছি। ডাকবাক্স রং করলে আমাকে ৫০০ টাকা করে দেওয়া হতো। এখনো ডাক বিভাগ ডাকলে রং করে দিয়ে আসি।

গত আগস্ট মাসে ১৪টি ডাকবাক্স রং করেছি। শেষটা করলাম চকবাজারে। চকের ডাকবাক্সটা খুঁজে পেতেই কষ্ট হচ্ছিল। ডাকবাক্সের আশপাশে বহু অস্থায়ী দোকান। ডাকবাক্সটা কলা আর কলার কাঁদিতে ঢাকা ছিল। দোকান সরিয়ে আমাকে ডাকবাক্স রং করতে হয়েছে। এই ডাকবাক্সেও একসময় শত শত চিঠি পাওয়া যেত। এখন এমন অবস্থা যে কেউ খোঁজও রাখে না।

এখন ডাকবাক্সে রং করা আমার কাছে অতীতে ফিরে যাওয়ার মতো, আমার চোখের সামনে ভেসে ওঠে সেই হলুদ খামের সোনালি দিনগুলো।