ভিনদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, সম্ভাবনা, এমন আরও নানা প্রসঙ্গে লিখেছেন এডুকো পাথওয়েজ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা টমাস পঙ্কজ গোমেজ

১৮ বছর ধরে বাংলাদেশের শিক্ষা খাতের সঙ্গে যুক্ত আছি। আমার অভিজ্ঞতা বলে, সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ইংরেজিভাষী দেশ, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকায় ওপরের দিকে আছে।
বেশ কয়েকটি কারণে এসব দেশে উন্নত শিক্ষা নিতে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা। বিশ্বমানের শিক্ষা, গবেষণার সুযোগ আর উন্নত জীবনের আগ্রহে অনেকে বিদেশমুখী হচ্ছেন। এ ছাড়া বিদেশি ডিগ্রি নিয়ে দেশে বা আন্তর্জাতিক পর্যায়ে ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া যায়। আবার গেল কয়েক বছরে বিভিন্ন দেশের সরকার ও বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অনেক বৃত্তি দিচ্ছে, এটিও মেধাবীদের আগ্রহের কারণ।
আগে মেধাবী কিংবা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট বেঞ্চাররাই উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতেন। এখন প্রায় সব মানের শিক্ষার্থীরাই বিদেশে পড়ার আগ্রহ প্রকাশ করেন। আগের চেয়ে এখন সুযোগও অনেক বেড়েছে। আগে প্রকৌশল কিংবা বেশি আলোচিত বিষয়গুলোতেই শিক্ষার্থীরা আবেদন করতেন। এখন স্বাস্থ্য, আইন, কম্পিউটার বা সমাজবিজ্ঞানের মতো বিভিন্ন বিষয়েও পড়ার আগ্রহ তৈরি হচ্ছে।
নামী সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো থেকেই শুধু নয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও এখন উচ্চশিক্ষার জন্য বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। শিক্ষার্থীরা এখন অনেক সচেতন। উচ্চশিক্ষার জন্য তাঁরা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকেই প্রস্তুতি নিচ্ছেন।
অনেকের বিদেশে যাওয়ার আগ্রহ আছে, কিন্তু সামর্থ্য নেই। তাঁরা সাধারণত একটু সময় নিয়ে প্রস্তুতি নেন। বিভিন্ন বৃত্তির মাধ্যমেও তাঁদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি হচ্ছে। ঢাকার বাইরের থেকে অনেক জেলার শিক্ষার্থীরাও উচ্চশিক্ষা সম্পর্কে সচেতন। তাঁদেরও বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে দেখছি।
আরেকটি বিষয় খেয়াল করছি, কয়েক বছর ধরে বাংলাদেশের নারী শিক্ষার্থীদের মধ্যেও বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহ বেড়েছে। বিশেষ করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাঁরা মাস্টার্স ও পিএইচডি করতে যাচ্ছেন। নারী শিক্ষার্থীদের এই উৎসাহের পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। নারীদের জন্য নানা ধরনের শিক্ষাবৃত্তি ও অর্থনৈতিক সহায়তার সুযোগ বেড়েছে।
গেল কয়েক বছরে আরেকটি নতুন ট্রেন্ড লক্ষ করা যাচ্ছে—পেশাজীবীদের বিদেশে মাস্টার্স করতে যাওয়ার প্রবণতা। অনেক তরুণ পেশাজীবী কয়েক বছর কাজের অভিজ্ঞতা অর্জন করে বিদেশে যাচ্ছেন। তাঁরা মূলত ক্যারিয়ারে উন্নতি কিংবা নতুন দক্ষতা অর্জন করতে বিদেশে পড়তে যাচ্ছেন।