পর্যটন নিয়ে পড়তে চান? আছে স্নাতক, শর্ট কোর্স, ডিপ্লোমাসহ নানা সুযোগ

কেবল স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিই নয়; ডিপ্লোমা, স্বল্পমেয়াদি কোর্সসহ নানা পড়ালেখা ও প্রশিক্ষণের সুযোগ আছে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্টে। জেনে নিন কিছু খোঁজখবর।

হাতে-কলমে রান্নাও শেখানো হয় ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে
ছবি: সাবিনা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে পরিচালিত ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বিবিএ, এমবিএ, এক্সিকিউটিভ এমবিএ ছাড়াও উচ্চতর গবেষণার জন্য এমফিল ও পিএইচডি করার সুযোগ আছে। বিবিএ (ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) পড়তে চার বছর সময় লাগে। ৮ সেমিস্টারে ১২৬ ক্রেডিটের কোর্স। আর এমবিএ ও ইএমবিএ ডিগ্রির জন্য ১ থেকে ২ বছর সময় লাগে। স্নাতকের চতুর্থ বর্ষে ইন্টার্নশিপ বা প্রজেক্ট থাকে শিক্ষার্থীদের জন্য। চার বছরের বিবিএ কোর্সে আনুমানিক খরচ হবে ৪০ থেকে ৬০ হাজার টাকা। ওয়েবসাইট।

ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট

বাংলাদেশ পর্যটন করপোরেশনের অধীনে পরিচালিত এটি দেশের সবচেয়ে পুরোনো ও বিশেষায়িত ভোকেশনাল ও সার্টিফিকেট প্রশিক্ষণ প্রতিষ্ঠান। স্বল্প মেয়াদে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ নেওয়া যায় এই প্রতিষ্ঠান থেকে। ডিপ্লোমা কোর্স, সার্টিফিকেট কোর্স ও পেশাগত শর্ট কোর্সের সুযোগ আছে। এখানে হাতে-কলমে রান্না, ফাইভ স্টার মানের টেবিল সার্ভিস, ফ্রন্ট অফিস সফটওয়্যার, পেস্ট্রি ও বেকিং, ট্যুর গাইডিং ও ট্রাভেল ডেলিগেশন বিষয়ে পড়ানো হয়। কোর্সভেদে ২০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। ওয়েবসাইট।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)

আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগটি বেশ পুরোনো। এই বিভাগের অ্যালামনাইরাও এখন দেশে-বিদেশে কাজ করছেন। বেসরকারি এই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। চার বছরের ব্যাচেলর কোর্সে ১২টি সেমিস্টারে বিভিন্ন কোর্স পড়ানো হয়। খরচ পড়বে ৫ থেকে ৭ লাখ টাকা। ওয়েবসাইট।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে ব্যাচেলর অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিটিএইচএম) ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। চার বছরের কোর্সে খরচ পড়বে সাড়ে ৪ লাখ থেকে ৬ লাখ টাকার মতো। ওয়েবসাইট।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

এআইইউবির বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধীনে বিবিএ ডিগ্রির অংশ হিসেবে ট্যুরিজম ও হসপিটালিটিতে মেজর (প্রধান বিষয়) করা যায়। খরচ ৬ থেকে ৮ লাখ টাকা।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে পরিচালিত ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে চার বছরের ব্যাচেলর অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিটিএইচএম) ডিগ্রি লাভের সুযোগ আছে। বিদেশি ভাষা কোর্স (চীনা ও জাপানি ভাষা), শিক্ষাসফর ও আন্তর্জাতিক ইন্টার্নশিপেরও সুযোগ মেলে এই শিক্ষাপ্রতিষ্ঠানে। খরচ পড়বে আনুমানিক ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকা। ওয়েবসাইট।

বান্দরবান বিশ্ববিদ্যালয়

পার্বত্য ও পরিবেশবান্ধব পর্যটনকে গুরুত্ব দিয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয় এই ডিগ্রি চালু করেছে। এখান থেকে চার বছরের ব্যাচেলর অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (বিটিএইচএম) ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। ওয়েবসাইট।

তেজগাঁও কলেজ, ঢাকা (জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত প্রফেশনাল ডিগ্রি হিসেবে তেজগাঁও কলেজ বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটি পরিচালনা করে। কোর্সের মেয়াদ চার বছর। খরচ পড়বে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। ওয়েবসাইট।