ফ্যাশন

এখন শার্ট

এই আবহাওয়ায় আরাম পাবেন ফুলহাতা শার্টে। মডেল: মোনজের, ছবি: নকশা
এই আবহাওয়ায় আরাম পাবেন ফুলহাতা শার্টে। মডেল: মোনজের, ছবি: নকশা

হালকা গরম, হালকা শীত। শীতের পোশাক পরে রাস্তায় বের হয়েই বোকা হয়ে গেলেন। কারণ, কড়া রোদে আপনার দিশেহারা অবস্থা। আবার কড়া রোদ দেখে একদম পাতলা হাফ-হাতা টি–শার্ট পরলেন তো একটু পরেই শুরু হলো শীতের বাতাস। শীত ও গরম একই সঙ্গে আপনাকে বোকা বানিয়ে চলল। তাহলে কী করণীয়? কপাল কুঁচকে সেটাই তো ভাবছেন? গভীর চিন্তায় ডুবে যাওয়ার কোনো কারণ নেই। কারণ, এই ঠান্ডার সময়ের শুরুর দিকে ফুলহাতা শার্টই হতে পারে আপনার জন্য ফ্যাশন। অনেকটা এক ঢিলে দুই পাখি মারার মতো, ঠান্ডা এবং ফ্যাশন দুটোই সামলে নিতে পারবেন ফুলহাতা শার্টের মাধ্যমে।
সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশন অনেকটাই বদলে গেছে। ফুলহাতা শার্ট এখন ফ্যাশনের নতুন এক মাত্রা যোগ করেছে। এই সময়ে ক্যাজুয়াল ফুলহাতা শার্ট পাওয়া যাচ্ছে প্রায় সব শপিং মলে। তাই একটু ভারী ফুলহাতা শার্ট পরে ঠান্ডাকে বুড়ো আঙুল আপনি দেখাতেই পারেন। যাঁদের একটু ঠান্ডাতেই নাজেহাল অবস্থা হয়ে যায়, তাঁরা কান ঢেকে চলাফেরার জন্য পরতে পারেন হুডি শার্ট। ঢাকার নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, টুইন টাওয়ারসহ প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে এ ধরনের শার্ট। ৬০০ থেকে শুরু করে ৮০০ কিংবা ১২০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন আপনার পছন্দের হুডি শার্ট। গরমে ইচ্ছে হলে খুলে রাখতে পারবেন হুডি।
বাজারে খোঁজ নিয়ে জানা যায়, স্লিম ফিটেড ও কোমর পর্যন্ত লম্বা শার্টগুলো এখন অনেকেরই পছন্দ। তাই এখন ফরমাল, ক্যাজুয়াল বা এক্সিকিউটিভ শার্টগুলো হচ্ছে স্লিম ফিটেড। চেক, স্ট্রাইপ, এক রঙের কিংবা অনেক রঙের শার্টগুলোর কদর এখনো আগের মতোই আছে। তবে এই সময়ে গাঢ় রঙের শার্টগুলোই একটু বেশি বিক্রি হয়। এ ছাড়া হালকা শীত পড়লে ডেনিম শার্টও বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পাতলা ডেনিম দিয়ে তৈরি এই শার্টগুলো শীত-গরম সব সময়ই পরতে পারেন। যদি সস্তায় এ ধরনের শার্ট পেতে চান তাহলে একটা ঢুঁ মেরে আসতে পারেন ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেট, পুরান ঢাকার বঙ্গবাজার কিংবা নিউমার্কেটে। আর যদি আরও একটু ভালো শার্ট চান তাহলে চলে যেতে পারেন ব্র্যান্ডগুলোর শোরুমে। তবে সত্যি বলতে সব শার্টের দাম নির্ভর করে ব্র্যান্ড, নকশা ও কাপড়ের ওপর। ব্র্যান্ডের পোশাকের দাম একটু বেশি হয়েই থাকে। এদিকে বিভিন্ন ফ্যাশন হাউসে ক্যাজুয়াল শার্টগুলো পাওয়া যাচ্ছে ৯০০ থেকে ১৮০০ টাকার মধ্যে।
ডেনিম শার্টের দাম পড়বে ১০০০ থেকে ২৫০০ টাকা। আর ব্র্যান্ডের ফরমাল শার্টের দাম পড়বে ১২০০ থেকে ৩২০০ টাকা। এলিফ্যান্ট রোডের বিভিন্ন দোকানে শার্ট পাবেন ৮৫০ থেকে ১৮০০ টাকার মধ্যে।