কানের লালগালিচায় ‘বেঙ্গল টাইগার’রূপে দীপিকা

৭৫তম কান চলচ্চিত্র উৎসব নানা দিক থেকেই অনন্য। ১৭ মে থেকে শুরু হয়ে এই উৎসব চলবে ২৮ মে পর্যন্ত। এবার থাকছে না করোনা টেস্ট ও মাস্কের বিধিনিষেধ। এ বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতকে আলাদাভাবে প্রাধান্য দিয়ে ভারত-ফ্রান্সের ৭৫ বছরের সম্পর্ককে উদ্‌যাপিত হবে। এই উপলক্ষে কান চলচ্চিত্র উৎসবের ফিল্মবাজার মার্শ দ্যু ফিল্মে প্রথমবারের মতো ভারতকে ‘কান্ট্রি অব অনার’ দেওয়া হয়েছে। এ কারণে যেকোনো সময়ের তুলনায় এ বছর ভারতীয় চলচ্চিত্রের একটা উল্লেখযোগ্য অংশ এই মুহূর্তে অবস্থান করছেন ফ্রান্সের সমুদ্রপাড়ের শহর কানে। এর ভেতর সবচেয়ে বেশি আলো পড়েছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের ওপর। তিনি এবার কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের ৯ বিচারকের একজন। কোন ছবিটা হলো এবারের পাম ডি’অর (স্বর্ণপাম), বিশ্বখ্যাত ইরানি নির্মাতা আসগর ফারহাদিদের সঙ্গে বসে সেই সিদ্ধান্ত নেবেন দীপিকা। এই বিভাগের জুরি প্রেসিডেন্ট, ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। এ ছাড়া ভারত থেকে কানে আছেন দক্ষিণ ভারতীয় তারকা তামান্না ভাটিয়া, পূজা হেগড়ে, সংগীত তারকা এ আর রহমানসহ আরও অনেকে। ঐশ্বরিয়া রাই বচ্চনরা পৌঁছে গেছেন কানে। এক নজরে দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কানে ভারতীয় তারকাদের লুক।

কানে পৌঁছে দীপিকা অন্যান্য জুরি সদস্যদের সঙ্গে ডিনার করেন। সেই ডিনারে পরেছিলেন এই পোশাক
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কানের সমুদ্রপাড়ে এভাবেই দেখা দিয়েছেন দীপিকা। দীপিকার পরনের পোশাক আর অলংকার বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ‘ট্রপিক অব কলকাতা’ কালেকশন থেকে নেওয়া
দীপিকার এই লুক সত্তরের দশকের আইকনিক বলিউড তারকাদের থেকে অনুপ্রাণিত। সিল্কের শার্টের ওপর হাতে আঁকা ফুলেল নকশা, সঙ্গে উলের ট্রাউজার। গলায় আনকাট হীরার ‘মহারানী নেকলেস’
এই শাড়িতেই লালগালিচায় হাঁটেন দীপিকা। বেঙ্গল টাইগারের ডেরাকাটার অনুকরণে শাড়িটির নকশা করা। সোনালী ও কালো ডুরে নকশার মধ্যে সরু রুপালি স্ট্রাইপ, সেই অনুযায়ী হাতে চুমকি বসানো। রেট্রো মেজাজের এই শাড়ির সঙ্গী হয়েছে স্লিভলেস কালো শিমার টপ। সব্যসাচী বলেন, ‘আমি জীবনভর এই শাড়ির গল্প করব। ফ্যাশন বিশ্বে যা–ই হোক না কেন, এই শাড়ির জন্য আলাদা জায়গা থাকবে।’
এর সঙ্গে দীপিকা যে গয়না পরেছেন তা ‘বেঙ্গল কালেকশন’ থেকে নেওয়া। মোটা, গাঢ় কালো, বোল্ড করে চোখের ওপর কাজল দিয়েছেন। ঠোঁটে ন্যুড লিপস্টিক। ব্যাস, এতেই জমকালো দীপিকা তাঁর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে ভক্তদের মুখে হাসি ফুটিয়েছেন
তামান্না ভাটিয়া কানের রাস্তায় দেখা দিয়েছেন নিয়ন সবুজ রঙের এ স্যুট প্যান্টে
তামান্না ভাটিয়া কানের লালগালিচায় দেখা দিয়েছেন সাদাকালো এই অপূর্ব গাউনে। তামান্নার কান লুকের জন্য গাউনটির ডিজাইন করেছে দিল্লির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘গৌরি অ্যান্ড নিকিতা’
পূজা হেগড়েও কম যান না
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অভিষেক হলো ঊর্বশী রাউটেলার। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘স্বপ্ন ছুঁয়ে ফেলেছি।’ সাদা ছড়ানো গাউনে হোটেলে, ঘরের ভেতর চলেছে এই ফটোশুট
ঊর্বশীর গাউনটি ডিজাইন করেছেন লেবানিজ–ইতালিয়ান ডিজাইনার টনি ওয়ার্ড
আর মাধবনও পৌঁছে গেছেন কানে। তাঁর পরিচালিত ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১৯ মে।
স্টাইলিশ সব লুকে দেখা দিচ্ছেন আর মাধবন
এ আর রহমান
ছবিতে ভারতীয় সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর, অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও নির্মাতা শেখর কাপুর