ক্যাকটাস লেদার দিয়ে তৈরি হয়েছে এই ব্যাগ ফ্যাশন ব্র্যান্ড লেগারফেল্ডের জন্য।
ক্যাকটাস লেদার দিয়ে তৈরি হয়েছে এই ব্যাগ ফ্যাশন ব্র্যান্ড লেগারফেল্ডের জন্য।

জনপ্রিয় হচ্ছে ভেগান লেদার

ভেগান শব্দটা এখন শুধু খাদ্যাভ্যাসে সীমাবদ্ধ নেই। প্রাণী রক্ষা ও পরিবেশ বাঁচানোর অভিপ্রায় থেকে উদ্ভব হয়েছে ভেগান লাইফস্টাইলেরও। আর এর ভেতর আছে ভেগান ফ্যাশন।

ডায়েটের মতো ভেগান লাইফস্টাইলেও নেই কোনো প্রাণিজ পণ্যের অস্তিত্ব। গত কয়েক বছরে ফ্যাশনের এই নতুন ধারার আধিপত্য বেড়েছে অনেক। শুধু ২০১৭ থেকে ২০১৯ সালের ভেতরেই ভেগান ফ্যাশন পণ্যের উৎপাদন বেড়েছে ১১৬ শতাংশ। ভবিষ্যতে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা।

ভেগান লেদারের জুতা।

ভেগান ফ্যাশনকে ‘নিষ্ঠুরতামুক্ত’ ফ্যাশনও বলা হয়ে থাকে। ফ্যাশন আইটেম ও স্টাইলিশ অ্যাকসেসরিজের ব্যবহৃত কিছু উপাদান প্রাণী থেকে আসে। বিভিন্ন জ্যাকেট, বুট, নানা ডিজাইনের জুতা বানাতে যে চামড়ার ব্যবহার করা হয়, তা আসে শূকর, গরু, এমনকি কুমিরের মতো বন্য প্রাণী থেকে। বিভার, কাইয়োটি, মেষশাবক, খরগোশ ও শিয়াল থেকে সংগৃহীত হয় পশম। এই চামড়া ও পশম সংগ্রহ করতে প্রাণীগুলোকে হত্যা করা হয়। চোরাশিকারির হাতে প্রাণ হারায় বন্য প্রাণী। এ কারণে অনেক বন্য প্রাণী আজ বিলুপ্তির পথে। অন্যদিকে চামড়া, পশম প্রক্রিয়াজাত করতে যে কসাইখানা ব্যবহার করা হয়, সেগুলো গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী, যা জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ।

ভেগান ফ্যাশন ব্র্যান্ডগুলোর মূল উদ্দেশ্য হলো প্রাণীদের প্রতি এ–জাতীয় আচরণ বন্ধ করা এবং পরিবেশ রক্ষার জন্য, প্রাণিজ উপকরণগুলোর নিষ্ঠুরতামুক্ত ভেগান বিকল্পের প্রচার ও প্রসার বাড়ানো। আর ভেগান ফ্যাশনে ব্যবহৃত বেশির ভাগ উপকরণ প্রাকৃতিক উদ্ভিদতন্তু থেকে আসে। প্রযুক্তির খাতিরে এখন পাওয়া যাচ্ছে সব নন-ভেগান ফেব্রিকের ভেগান বিকল্প। এর ভেতরে এগিয়ে আছে ভেগান লেদার।

টোয়াইলাইট সাগার অভিনয়শিল্পী নিকি রিড একজন পরিবেশবাদী। তিনি পরেছেন লোসিওয়্যারে ভেগান লেদারের জুতা।

ফ্যাশনে চামড়ার ব্যবহার আদিকাল থেকে। এখনো চামড়ার পণ্য, যেমন জ্যাকেট, প্যান্ট, জুতা, ব্যাগ, বেল্টের চাহিদা অনেক বেশি। এর প্রয়োজন মেটাতে হত্যা করা হয় লাখ লাখ প্রাণীকে। এসবের ভেতর আছে কুমির, ঘড়িয়াল, গন্ডার, সাপ, গিরগিটির মতো বন্য প্রাণী। এগুলো হত্যা ও চামড়া প্রক্রিয়াজাতের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে। চামড়াশিল্প অত্যন্ত আনসাসটেইনেবল ও আনএথিক্যাল। ফ্যাশন প্রডাক্টের জন্য সবচেয়ে বেশি কাজে লাগানো হয় গরুর চামড়া। এই প্রাণী প্রচুর গ্রিনহাউস গ্যাস ও বর্জ্য উৎপাদন করে। তা ছাড়া চামড়া ট্যানিংয়ের সময় যে বর্জ্য নিঃসৃত হয় এবং যেসব কেমিক্যাল ব্যবহার করা হয়—দুটিই শুধু পরিবেশের জন্যই তো বটেই, এখানকার শ্রমিকদের শরীরের পক্ষেও সমানভাবে ক্ষতিকর।

তবে আশার কথা, এর বিকল্প হিসেবে আছে বেশ ভালো মানের কিছু ভেগান বিকল্প। শুরুতে ভেগান চামড়া হিসেবে পিভিসি প্লাস্টিক বেশি দেখা যেত। এটি খুবই সস্তা ও নিম্নমানের প্লাস্টিক। এর চেয়ে ভালো ভেগান চামড়া হচ্ছে পিইউ লেদার। অর্থাৎ পলিইউরোথিন। এটি সিনথেটিক মেটেরিয়াল, দেখতে একদম চামড়ার মতো। তবে এর চেয়ে ভালো মানের ভেগান চামড়া আছে, যা সম্পূর্ণ উভিজ্জ উপকরণে তৈরি। আসল চামড়া বা প্লাস্টিকের থেকে খুব নরম উপাদানে তৈরি হলেও এগুলো অনেক বেশি টেকসই ও দীর্ঘস্থায়ী। সবচেয়ে বড় কথা, এগুলো পরিবেশবান্ধব। চলুন পরিচিত হওয়া যাক কিছু ভেগান লেদারের সঙ্গে।

ডেজের্টো

ক্যাকটাস দিয়ে তৈরি প্রাকৃতিক চামড়া ডেজার্টোর ব্যাগ

এই বিশেষ ধরনের চামড়া তৈরি হয় নোপাল ক্যাকটি নামের ক্যাকটাস গাছ থেকে। এ ক্যাকটাসকে প্রিকলি পিয়ারও বলা হয়ে থাকে। উত্তর আমেরিকার শুষ্ক অঞ্চলে এটি জন্মে থাকে। ডেজের্টো লেদার সহজে পরিষ্কার করা যায় এবং এর বায়ুশোষণক্ষমতা বেশ ভালো। এটি প্রক্রিয়াজাত করার সময় কোনো রকমের বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। ইতিমধ্যে ডেজের্টো বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের সাসটেইনেবল কালেকশনে যোগ হয়েছে।

বানানা লেদার

কলাগাছের তন্তু থেকে তৈরি হয় বানানা লেদার। এই চামড়া অনেক বেশি মজবুত, পানিনিরোধী ও জীবাণুবিয়োজ্য। এ জন্যই ভেগান লাইফস্টাইল ব্র্যান্ড থার্টি সিক্স চেম্বারস জাপানি বাঁশের ক্যামোফ্লাজ প্যাটার্নের ‘ক্লাউড ক্যামো বাইফোল্ড’ ওয়ালেট বানাতে এই চামড়া বেছে নিয়েছে।

পিনিয়াটেক্স

আনারসের পাতা, পলিল্যাকটিক অ্যাসিড এবং পেট্রোলিয়াম বেসড রেজিন থেকে তৈরি হয় পাইনঅ্যাপেল লেদার, যা একই সঙ্গে পিনিয়াটেক্স নামেও পরিচিত। এ চামড়া অনেক মজবুত; তাই হাই কোয়ালিটির জুতা, বুট ও ব্যাগ বানাতে বেশি ব্যবহার করা হয়।

দ্য অ্যাপেল গার্ল

আপেলের উপকরণ দিয়ে তৈরি চামগার ব্যাগ

নামটি দেখেই বোঝা যাচ্ছে এই চামড়া কী দিয়ে তৈরি। আপেলের খোসা ও শাঁসের মতো নরম উপাদান দিয়ে যে এমন টেকসই লেদার বানানো সম্ভব, তা অনেকের ধারণার বাইরে ছিল। মজার ব্যাপার হলো, এ লেদার ভক্ষণযোগ্য এবং ১০০ শতাংশ জীবাণুবিয়োজ্য।

আঙুর বর্জ্য থেকে তৈরি চামড়া ব্যাগ

আঙুর

ইতালিয়ান লাক্সারি সাসটেইনেবল ব্র্যান্ড ‘ভিগিয়া’ আঙুর দিয়ে ভেগান লেদার তৈরি করেছে। ইতালির বিভিন্ন ওয়াইনারি থেকে সংগৃহীত বর্জ্য থেকে এই চামড়া বানানো হয়। অনেক লাক্সারি ব্র্যান্ড এখন ভিগিয়া থেকে গ্রেপ লেদার নিচ্ছে বিভিন্ন ফ্যাশনেবল আইটেম তৈরির জন্য। বিখ্যাত ব্রিটিশ গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেন্টলি মোটর লিমিটেড তাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে নতুন গাড়ি বের করে, যার ইন্টেরিয়রে ব্যবহৃত হয়েছে এই আঙুরের চামড়া।

কাঠের পাল্প দিয়ে তৈরি চামড়া দিয়ে তৈরি গুচির স্নিকার

এ ছাড়া ভেগান লেদার বানাতে ব্যবহৃত হচ্ছে মাশরুম (মাস্কিন লেদার), মালবেরি গাছের পাতা, কাগজ, কাঠ, কর্ক, আপসাইকেল কফি গ্রাউন্ড, প্লাস্টিকের বোতল ইত্যাদি। এসব চামড়াজাত পণ্যের দাম এখন অনেক বেশি হলেও আশা করা যাচ্ছে, আগামী দিনে এগুলো বেশ সহজলভ্য হবে। কারণ, দিন দিন ভেগানপণ্যের চাহিদা জ্যামিতিক হারে বেড়েই চলেছে।