সন্তান জন্মের দেড় মাস পরই র‍্যাম্পে বারবারা পালভিন

আমেরিকান বিলাসবহুল ব্র্যান্ড ভিক্টোরিয়াস সিক্রেটের ১৮ অক্টোবরের শো। র‍্যাম্পে ফিট হয়ে হাঁটলেন বারবারা পালভিন। দর্শকসারিতে স্বামী ডিলান স্পাউসের চোখে পানি, দাঁড়িয়ে স্ত্রীর ভিডিও করছেন। বারবারা র‍্যাম্প থেকেই উড়ন্ত চুমু ছুড়ে দিলেন স্বামীর দিকে। মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিও ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে অন্তর্জালের দুনিয়ায়। একদিকে বারবারা যে মাত্র ছয় সপ্তাহ আগে মা হয়েছেন, তা বিশ্বাস করতে পারছেন না অনেকেই। অন্যদিকে শুরু থেকেই ডিলান যেভাবে নিজেকে ‘পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান স্বামী’ বলে পরিচয় দেন আর স্ত্রীকে সর্বোতভাবে সমর্থন জোগান, তাই তাঁকে ডাকা হচ্ছে ‘গ্রিন ফরেস্ট’, ‘গ্রিনেস্ট হাজব্যান্ড ম্যাটেরিয়াল’।

হ্যাঁ, হাঙ্গেরিয়ান সুপারমডেল বারবারা পালভিন মা হওয়ার মাত্র ছয় সপ্তাহ পরই ফিরেছেন র‍্যাম্পে। ২০২৬ সালের ১৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শোয়ে অংশ নেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
প্রথম সন্তানের জন্মের পর এটিই ছিল তাঁর অন্যতম আলোচিত প্রত্যাবর্তন। র‍্যাম্পে বারবারাকে উৎসাহ দিতে সামনের সারিতে উপস্থিত ছিলেন তাঁর স্বামী, মার্কিন অভিনেতা ডিলান স্প্রাউস
বারবারার ভক্তরা ডিলানের আবেগ আর উচ্ছ্বাস দেখে মন্তব্য করেছে, ‘আমরা যারা বারবাবার তুমুল ভক্ত, চিয়ারলিডার, যাদের চোখে বারবারা এই বিশ্বের সেরা সুন্দরী, ডিলানও আমাদের দলেরই একজন। কেবল পার্থক্য এটুকুই, তিনি বারবাবার জীবনসঙ্গী।’
মা হওয়ার পর প্রথমবার র‍্যাম্পে পা রাখার আগে ‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে ৩৩ বছর বয়সী বারবারা বলেন, ‘এটা একটা রোলারকোস্টারের মতো অভিজ্ঞতা। ডিলান ও আমি প্রতিদিন মা-বাবা হওয়া শিখছি। আর শিখছি কীভাবে সন্তানকে নিজেদের পুরোটা দিয়েও পেশাগত কাজ এগিয়ে নেওয়া যায়।’
বারবারা এ-ও বলেন, সন্তান জন্মের পর প্রত্যেক নারীর সুস্থ হয়ে ওঠার সময় আলাদা। তাই তাঁর দ্রুত র‍্যাম্পে ফেরাকে কোনোভাবেই অন্য মায়েদের জন্য কোনো মানদণ্ড হিসেবে দেখা উচিত নয়
ওই সাক্ষাৎকারে ডিলানকে জিজ্ঞেস করা হয়, মা হওয়ার পর প্রথমবার র‍্যাম্পে পা রাখা উপলক্ষে তিনি বারবারাকে কোনো পরামর্শ দিয়েছেন কি না। উত্তরে এই মার্কিন অভিনেতা বলেন, ‘আমি ওকে পরামর্শ দেওয়ার কেউ নই। সে আমার চেয়ে অনেক ভালো বোঝে। আমার চেয়ে অনেক আগে ক্যারিয়ার শুরু করেছে আর আমার চেয়ে যোজন যোজন এগিয়েও গেছে। তাকে আমি কেবল বলেছি, নিজের প্রতি কঠোর না হতে, কাজে ফেরার বিষয়টি সহজভাবে নিতে। কেননা, সে মাত্র ছয় সপ্তাহ আগে মা হয়েছে।’
বারবারা পালভিনের জন্ম ১৯৯৩ সালের ৮ অক্টোবর, হাঙ্গেরির বুদাপেস্টে। তিনি মডেল ও অভিনেত্রী। মাত্র ১৩ বছর বয়সে রাস্তায় হাঁটার সময় এক মডেলিং স্কাউটের নজরে পড়েন। সেখান থেকেই তাঁর আন্তর্জাতিক মডেলিংয়ে যাত্রা শুরু
২০০৬ সালে মাত্র ১৩ বছর বয়সেই জাপানি ফ্যাশন ম্যাগাজিন ‘স্পার’-এ প্রথম ফটোশুট করেন। ২০১০ সালে ১৭ বছর বয়সে ইতালির বিশ্বখ্যাত বিলাসবহুল ব্র্যান্ড প্রাডার হয়ে হাঁটেন মিলান ফ্যাশন উইকে
এরপর মিউ মিউ, লুই ভুইতোঁ, শ্যানেল ও ভিভিয়েন ওয়েস্টউডের মতো নামকরা বিলাসবহুল ব্র্যান্ডের শোয়ে হাঁটেন। একাধিক আন্তর্জাতিক ম্যাগাজিন তাঁকে এই সময়ের সবচেয়ে সুন্দরী ও ফিট মডেল হিসেবে উল্লেখ করেছে
২০১২ সালে প্রথমবার ভিক্টোরিয়াস সিক্রেটের ফ্যাশন শোয়ে অংশ নেন বারবারা। একই বছর লরিয়েল প্যারিসের শুভেচ্ছাদূত হন। বারবারাই ভিক্টোরিয়াস সিক্রেটের প্রথম হাঙ্গেরিয়ান ‘অ্যাঞ্জেল’।
২০১৪ সালে ‘হারকিউলিস’ সিনেমায় অ্যান্টিমাকি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়জগতেও পা রাখেন বারবারা
মার্কিন অভিনেতা ডিলান স্পাউসের সঙ্গে বারবারার পরিচয় ২০১৭ সালে, ‘হারপারস বাজার’ ম্যাগাজিনের একটি পার্টিতে। তখন বারবারার বয়স ২৪ আর ডিলানের ২৫। ২০১৮ সালের জুনে তাঁরা প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন
২০২২ সালের সেপ্টেম্বরে ডিলান বারবারাকে বিয়ের প্রস্তাব দেন। ২০২৩ সালের ১৫ জুলাই হাঙ্গেরিতে বারবারার গ্রামের বাড়িতে ছিমছাম আয়োজনে তাঁদের বিয়ের আয়োজন সম্পন্ন হয়
বারবারা ও ডিলানের মেয়ে সিলভির জন্ম ২০২৬ সালের ৭ সেপ্টেম্বর। ২০২৬ সালের ১৪ মে কান চলচ্চিত্র উৎসবে বারবারার বেবি বাম্প প্রথমবার প্রকাশ্যে আসে।
২৮ সেপ্টেম্বর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম সন্তান আসার খবর জানান

সূত্র: পিপল ম্যাগাজিন ও ইউএস ডেইলি