নিজেদের তৈরি পোশাক পরে ফ্যাশন শোতে হাঁটলেন সুবিধাবঞ্চিত নারীরা
ঢাকার বেরাইদের সুবিধাবঞ্চিত নারীদের তৈরি ফ্যাশন সংগ্রহ ও তাঁদের পুরো যাত্রার আলোকচিত্রের প্রদর্শনী চলছে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে। প্রদর্শনী ঘুরে ছবি তুলেছেন অগ্নিলা আহমেদ
জীবনযাপন ডেস্ক
প্রামাণ্য আলোকচিত্রী রাফিদ আল জহুর এবং ফ্যাশন হাউস পিরান বাংলাদেশের আয়োজনে ‘নিডল, থ্রেড অ্যান্ড আ স্প্ল্যাশ অব ওয়াটার’ শীর্ষক প্রদর্শনী চলছে রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেসের লা গ্যালারিতে। ১১ আগস্ট শুরু হওয়া প্রদর্শনীটি শেষ হচ্ছে আজ রাত নয়টায়।ঢাকার বেরাইদের সুবিধাবঞ্চিত নারীদের হাতে তৈরি ফ্যাশন সংগ্রহ এবং তাঁদের পুরো যাত্রার আলোকচিত্রের প্রদর্শনী এটি। এতে উঠে এসেছে বেরাইদ বস্তির মানুষের জীবনসংগ্রাম ও স্বপ্নের কথা। বেরাইদের ২২ জন নারী তাঁদের জীবনের গল্প বুনেছেন ১৫টি পোশাকে। এসব পোশাক পরে তাঁরা হেঁটেছেন ফ্যাশন শোতেও।
বিজ্ঞাপন
প্রদর্শনীতে দেখানো হয়েছে দ্রুত নগরায়ণের নেতিবাচক প্রভাব। বেরাইদ এলাকার নারীদের জীবন, স্বপ্ন, আশা ও সংগ্রামকে পিরান বাংলাদেশ তুলে ধরার চেষ্টা করেছে পোশাকের নকশায়।এই অভিযাত্রা ক্যামেরায় ধরেছেন প্রামাণ্য আলোকচিত্রী রাফিদ আল জহুর। প্রদর্শনীর আগে সাজিদা ফাউন্ডেশনের সহায়তায় ২২ নারীকে নিয়ে এক মাসের কর্মশালা করে পিরান বাংলাদেশ। এরপর তাঁদের দিয়ে তৈরি করানো হয় ১৫টি পোশাক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিরান বাংলাদেশের দুই প্রতিষ্ঠাতা জারিন তাসনিম ও নাজিফা তাবাসসুম।