গত ১১ জুলাই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬–এর মুকুট উঠেছে সামানজার সাঈদের মাথায়। ৭৩তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভিয়েতনামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আজ ৬ আগস্ট রাজধানীর বনানীতে এক সংবাদ সম্মেলন করেন সামানজার। ৮ আগস্ট ভিয়েতনামের উদ্দেশে রওনা হবেন তিনি। সেখানে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে।
আন্তর্জাতিক এই মঞ্চে অংশ নেওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা তুলে ধরাই তাঁর লক্ষ্য। প্রতিযোগিতায় এগিয়ে থাকতে দেশবাসীর কাছে ভোট চান সামানজার।
মিস ওয়ার্ল্ডের ‘বিউটি উইথ আ পারপাস’ উদ্যোগের অংশ হিসেবে নেওয়া ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যবিধি বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছেন সামানজার।
এই উদ্যোগে সাতটি মৌলিক স্বাস্থ্যবিধির ওপর জোর দেওয়া হচ্ছে। সেসব হলো—
ব্যক্তিগত পরিচ্ছন্নতা
হাত ধোয়ার অভ্যাস
নিরাপদ খাদ্যাভ্যাস
নিরাপদ পানি পান
মুখ ও দাঁতের পরিচর্যা
মাসিক স্বাস্থ্যবিধি
পরিবেশগত পরিচ্ছন্নতা
সামানজার সাঈদ বলেন, ‘হাইজিন ফর হেলথ বাংলাদেশ’ একটি স্বেচ্ছাসেবক-নির্ভর জাতীয় আন্দোলন। এর লক্ষ্য ব্যক্তি ও সমাজকে উন্নত স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করা। প্রত্যেক স্বেচ্ছাসেবক অন্তত ১০ জন স্বেচ্ছাসেবক যুক্ত করবেন এবং প্রত্যেক স্বেচ্ছাসেবক কমপক্ষে ১০০ জনকে এই সাতটি মৌলিক স্বাস্থ্যবিধি সম্পর্কে শিক্ষা দেবেন।
সামানজার জানান, এভাবে ‘মাল্টিপ্লায়ার ইফেক্ট’–এর মাধ্যমে আগামী এক বছরের মধ্যে ১০ হাজার স্বেচ্ছাসেবক গড়ে তোলা এবং বাংলাদেশের ১০ লাখের বেশি মানুষের কাছে জীবনরক্ষাকারী স্বাস্থ্যবিধির শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্যোগটি ইতিমধ্যে সরকার, উন্নয়ন সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকের সমর্থন পেয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশন, হিউম্যানিটি ফাউন্ডেশন ও দ্য ডিউক অব এডিনবরা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে একটি জাতীয় নেটওয়ার্ক গড়ে তোলার কাজ চলছে।
মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ বলেন, ‘সামানজার তিন বছর ধরে হাইজিন ফর হেলথ নিয়ে কাজ করছেন। তাঁর এই উদ্যোগকে আমরা সংগঠন হিসেবে সর্বোচ্চ সহায়তা দিতে চাই। আশা করছি, আন্তর্জাতিক মঞ্চেও তিনি দেশের জন্য গর্ব বয়ে আনবেন। আমরা সবাই সামানজারের পাশে থাকলে তিনি অবশ্যই একটি অবস্থানে পৌঁছাবেন।’
২০১৯ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রাফা নানজীবা তোরসা বলেন, ‘মিস ওয়ার্ল্ড শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এখানে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সমাজের জন্য করা কাজের মূল্যায়ন করা হয়। আশা করছি, আপনারা সামানজারকে ভোট দেবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে ভালো কিছু লিখতে না পারলে অন্তত খারাপ কিছু লিখবেন না। কারণ, প্রতিযোগিতায় এই মন্তব্যগুলোও দেখা হয়।’