এমির লালগালিচা মাতানো ১০ ফ্যাশন

চলছে নিউইয়র্ক ফ্যাশন উইক, এর মধ্যেই হয়ে গেল ৭৪তম এমি অ্যাওয়ার্ড। হ্যাঁ, লালগালিচার সবচেয়ে পরিচিত পোশাক আরমানির ফ্লোরলেন্থ গোলাপি গাউন তো ছিলই, এর বাইরেও দেখা গেল লুই ভুঁতোর স্কয়ার কাট ক্রপ টপ বা ক্রিস্টোফার কেন, জ্যঁ পল গলতিয়ের, গুচির নকশা করা চমকে দেওয়া সব পোশাক। ‘হারপার বাজার’–এর বিশ্লেষণে সেরা ১০ পোশাক দেখে নিন।
এমির রাতে পরপর দুই বছর দেখা গেল জেন্ডায়ার হাসি, গতবারের মতো এবারও ড্রামা সিরিজের সেরা অভিনেত্রী তিনি। আর পোশাকটাও যেন একজন বিজয়ীর আত্মবিশ্বাস আর শক্তির প্রতিনিধিত্ব করে। ড্রামা সিরিজ ‘ইউফোরিয়া’তে জেন্ডায়ার চরিত্র রু ঢিলেঢালা হুডি আর ময়লা কনভার্স শু পরে। তবে হলিউড গ্ল্যামার হিসেবে জেন্ডায়া ইতিমধ্যে সফলভাবে নিজের নাম লিখিয়েছেন। এদিন তিনি পরেছিলেন কালো পেপলাম ভ্যালেন্তিনো গাউন। গলায় ছিল বুলগারির হীরার নেকপিস। এই লুক ‘ওল্ড হলিউড’ থেকে অনুপ্রাণিত, তবে এখনো এর আবেদন কোনো অংশে কমেনি
ছবি: রয়টার্স
আরেক মার্কিন অভিনেত্রী, ২৮ বছর বয়সী জেসমিন স্যাভয় ব্রাউনও কম যান না। এমির লালগালিচায় যেভাবে তিনি তাঁর কাটআউট গ্যাদার্ডড স্কার্টটি সামলেছেন, তাতে তাঁর বাহবাই প্রাপ্য
‘স্কুইড গেম’ তারকা হো ইয়ন জাং দেখা দিয়েছেন লুই ভুঁতোর জিওমেট্রিক বডি হাগিং ড্রেসে। ছবিতে তাঁর সঙ্গে জেন্ডায়া
লিলি জেমস প্রথমবার এসেই মাতিয়েছেন এমির লালগালিচা। ভারসাচের গাউনে তাঁকে লেগেছে ব্রোঞ্জ দেবীর মতো
সারা পলসনের স্কার্টটি দেখুন। স্কয়ার কাটের টপ, নেকপিস, বেল্ট আর বেল্টটি পরার স্টাইল সবই অনন্য। লুই ভুঁতো থেকে নেওয়া এই চমৎকার পোশাকটি
৩২ বছর বয়সী র‍্যাচেল ব্রোসনাহান মুক্তা বসানো কোবাল্ট ব্লুরঙা যে বডি হাগিং গাউনটি পরেছেন, তা তাঁকে অন্য সবার থেকে আলাদা করেছে। মার্কিন ডিজাইনার পামেলা রোল্যান্ড পোশাকটির ডিজাইন করেছেন
এই তালিকার তৃতীয় পোশাকটির রংও কালো। পরেছেন লেভার্ন কক্স। কে বলবে বয়সের ক্যালেন্ডারে তিনি অর্ধশতক পার করতে চলেছেন। জ্যঁ পল গলতিয়েরের ডিজাইন করা একটি কন ব্রাযুক্ত মিনি ড্রেসে তিনি সম্মান জানান ম্যাডোনার ১৯৯০ সালের ব্লন্ড অ্যাম্বিশন ওয়ার্ল্ড ট্যুরের আইকনিক লুককে
কেরি ওয়াশিংটনের সাদা ফুলেল, লম্বা ট্রেনওয়ালা মিনি ড্রেসটি ফ্যাশনে যোগ করেছে নতুন ধারণা
লিজ্জো যে এ রকমই অন্য রকম কিছু একটা পরবেন, যেটা থেকে চোখ সরানো যাবে না, তা যেন ধারণাতেই ছিল। লিজ্জোভক্তরা এমন ‘সারপ্রাইজ’ দেখে অভ্যস্ত
৩৭ বছর বয়সী মার্কিন অভিনেত্রী ইসা রের সাদা–কালো গাউনটি এককথায় নিখুঁত