১২ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এই আনন্দ ভাগাভাগি করতে ৮ অক্টোবর সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করেছে চরকি পরিবার। ঢাকার মাদানি অ্যাভিনিউর ইউনাইটেড সিটিতে সন্ধ্যায় বসেছিল এই আয়োজনের প্রথম আসর। অনুষ্ঠানে এক বছরের কাজের জন্য চরকির অভিনয়শিল্পী ও কলাকুশলীদের দেওয়া হয় চরকি অ্যাওয়ার্ড। চরকির জন্য কাজ করা শিল্পী-কলাকুশলীরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
অভিনেত্রী রুনা খান প্রিয়জনের দেওয়া জামদানি শাড়িটিই বেছে নিয়েছেন চরকির এই অনুষ্ঠানের জন্য। পরেছেন সোনার ঝুমকা, হাতে ছিল বটুয়া ব্যাগ। অন্যদিকে আজমেরী হক বাঁধনের জামদানিতে প্রাধান্য পেয়েছে লাল–কমলা রং। খোঁপায় ছিল সাদা জারবারা ফুল। রূপালি গয়নাটি সিক্স ইর্য়াডস স্টোরির।
রাতের অনুষ্ঠানে সহজেই নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য কালো শাড়িই অভিনেত্রী আফসানা মিমির পছন্দ। তাই চরকির এই আয়োজনে বেছে নিয়েছেন সফুরা সিল্কের কালো শাড়িটি। সঙ্গে মিলিয়ে নিয়েছেন আড়ংয়ের গয়না আর ব্যাগ।
অভিনেত্রী সুনেহরা বিনতে কামালের শাড়িটি মেহের বাই সামিনা সারার কাছ থেকে নেওয়া। হাতের ব্যাগটি অনেক আগে কেনা। কানের দুলটি অভিনেত্রী সাফা কবির উপহার দিয়েছিলেন তাঁকে। সেজেছিলেন নিজের হাতেই।
এ অনুষ্ঠানের জন্যই শাড়িটি কিনেছিলেন ভাসাভি দোকান থেকে। জানালেন চরকির অনুষ্ঠানে যেহেতু অনেক রঙের ছটা থাকবে, সে কারণেই হালকা রংটিকে বেছে নিয়েছেন তিনি। ব্লাউজের নকশা এবং গয়নার পরিকল্পনায় সহায়তা করেছেন ডিজাইনার সাফিয়া সাথী। সেজে এসেছিলেন জাহিদ খান মেকওভার থেকে।
রাজশাহী সিল্কের ওপর হাতের কাজের শাড়ি পরেছিলেন অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলাি। পছন্দ করেন দেশি শাড়ি ও সাজ। সাজের ব্যাপারে একটু খুঁতখুঁতে তিনি। তাই বেশির ভাগ সময় নিজেই সাজেন।
মায়ের শাড়ির সঙ্গে মিলিয়ে রুপার গয়না পরেছেন গলায় ও কানে। অভিনেত্পরী নাজিয়া হক অর্ষা পছন্দ করেন একটু পুরোনো নকশার গয়না, টিপ আর কাজল। হাতে ছিল সোনার তৈরি চুরি। চুরিগুলো তিনি নিজেই নকশা করে বানিয়ে নিয়েছেন।
অনলাইনভিত্তিক পেজ এস ফ্যাশন হাউস থেকে শাড়িটি কিনেছেন দীঘি। কোমরের বেল্টটি ওয়াহিদা’স নান্দনিক থেকে কেনা। সেজে এসেছিলেন পিয়াস বিউটি লাউঞ্জ থেকে। লাল রঙের শাড়িটি আজকের জন্যই রেখেছিলেন।
আঁখি আলমগীরের দেওয়া জাম রঙের শাড়িতে জমকালো লাগছিল সংগীতশিল্পী রুনা লায়লাকে। গয়নাটি নিজের সংগ্রহ থেকেই বেছে নেওয়া।
অভিনেত্রী রোজী সিদ্দিকীর শাড়িটি সাজানো ছিল সবুজ আর ম্যাজেন্টা রঙের চেকে। পাড়ের সোনালি নকশা নজর কাড়ে। গয়নায় সবুজ রঙের পাথরের আধিক্য ছিল।
সৌন্দর্য এবং আরাম দুটি বিষয় মাথায় রেখেই মূলত চাঁপা সাদার জামদানি বেছে নিয়েছেন অভিনেত্রী তারিন। সঙ্গে পরেছেন ভারী গয়না। নাকে ছিল আড়ংয়ের নথ।
ছিমছাম সাজে এসেছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। খোঁপাতে ছিল ফুলের ব্যবহার। মেকআপ ছিল একদম হালকা। শাড়িতে সাদার ওপর গোলাপি রঙের নকশি কাঁথার কাজ ছিল। বেশ স্নিগ্ধ লাগছিল তাঁকে।