শেফস টেবিলে ইনফ্লুয়েন্সার ফেস্ট

মার্ভেল অব টুমরোর দ্বিতীয় আসর অনুষ্ঠিত হলো শেফস টেবিলে
ছবি: সাধন রায়

বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারকারী কনটেন্ট নির্মাতাদের স্বীকৃতি দিতে গত বছর চালু হয় ‘মার্ভেল অব টুমরো’ পুরস্কার। ৯ ডিসেম্বর রাতে রাজধানীর শেফস টেবিলে হয়ে গেল এই আয়োজনের দ্বিতীয় আসর। গত বছর সীমিত আকারে হলেও এ বছর প্রায় ২৬টি ক্যাটাগরিতে কনটেন্ট নির্মাতাদের দেওয়া হয়েছে পুরস্কার।

পুরস্কারপ্রাপ্তরা ফ্যাশন, মানসিক স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, ভ্রমণ, চিলড্রেন ইন্সপায়ারিং, ফটোগ্রাফি, খেলা ইত্যাদি বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন। এসব কনটেন্ট সমাজে একটা ইতিবাচক ভূমিকা রেখেছে, উপকৃত হয়েছে বহু মানুষ। কেউ ফ্যাশন নিয়ে ব্লগিং করছেন, কেউবা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলছেন, সামাজিক কল্যাণে কাজ করছেন কেউ, কেউ তাঁর ভ্রমণের কথা তুলে ধরছেন আবার কেউবা দেশের নানা প্রান্ত থেকে তুলে আনছেন বিভিন্ন খাবারের রেসিপি।

ডিজাইনার সাফিয়া সাথীর সঙ্গে তাঁর নকশা করা পোশাকে মডেলরা

বেলা তিনটায় রেড কার্পেটের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সন্ধ্যার পর গালা নাইটে সঞ্চালক ছিলেন রাফসান সাবাব, সাকিব বিন রশিদ, নীল হুরের জাহান, সারা আলম। আরও ছিল টিকটকারদের নাচ, ক্ল্যাসিক বাংলা গান ও ম্যাজিক শো। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো। সাফিয়া সাথির নকশা করা পোশাকে মঞ্চে হাঁটেন মডেলরা। প্রিতম হাসানের মিউজিক শোর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

‘ইনফ্লুয়েন্সার ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড’ শীর্ষক এই অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, লেখক মুহম্মদ জাফর ইকবাল, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান প্রমুখ। পুরো আয়োজনটির সহযোগিতায় ছিল ডেইলি স্টার।