১২ জুলাই আনুষ্ঠানিক যাত্রার এক বছর পূর্ণ করে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। এ আনন্দ ভাগাভাগি করতে ৮ অক্টোবর সন্ধ্যায় ‘চরকি কার্নিভ্যাল’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে চরকি পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিনোদন অঙ্গনের তারকা শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ভারতীয় ডিজাইনার ঋতু কুমারের ডিজাইন করা পোশাকটি অভিনেত্রী জয়া অনুষ্ঠানেই প্রথমবার পরেছেন, এমনটাই জানালেন। গয়না পরেছেন প্রিয়ালীর। সেজেছেন ক্যানশো থেকে।
উপস্থাপক ইয়াশ রোহান এবং সাবিলা নূর পরেছিলেন মেহের বাই সামিনা সারার পোশাক। এ ছাড়া মঞ্চে নাচ পরিবেশনের সময় অভিনেতা আফরান নিশো এবং নাজিফা তুশিও পরেছিলেন একই ব্র্যান্ডের পোশাক।
নুহাশ আহমেদের পাঞ্জাবিটি মা গুলতেকিন খান দিয়েছিলেনা। অন্যদিকে গুলতেকিন খান জানান, পরনের শাড়িটি গত ঈদে নুহাশ তাঁকে উপহার দেয়। শাড়িটি তাঁর খুবই পছন্দের এবং বিশেষ। তাই নুহাশের এই বিশেষ মুহূর্তেই তিনি শাড়িটি বেছে নিয়েছেন।
দেশালের দেশি ফতুয়াই আরামদায়ক। তাই তিনি বেছে নিয়েছেন পেপার কাটিংয়ের নকশায় সাজানো সুতির ফতুয়াটি। সঙ্গে ছিল স্ত্রী শান্তা ও ছেলে শুদ্ধ।
তরুণ অভিনেতা খায়রুল বাশার এসেছিলেন কেতাদুরস্ত পোশাকে। ধবধবে সাদা শার্টের ওপরে ফিট এলিগেন্ট থেকে নেওয়া বাদামি রঙের স্যুট পরেছিলেন বাশার। অ্যাপেক্সের ভেঞ্চুরিনি ব্র্যান্ডের গাঢ় চকলেট রঙের জুতা ছিল পায়ে। ট্রিম করা দাড়ি আর চুলগুলো হালকা হাতে সাজিয়ে নেওয়া।
অভিনেতা ও শিক্ষক মনোজ প্রামাণিক এসেছিলেন বিজনেস ক্যাজুয়াল লুকে। কালো শার্টের ওপরে বাদামি রঙের ক্যাজুয়াল ব্লেজার আর ক্রিম রঙের গ্যাবার্ডিন প্যান্ট পরেছিলেন মনোজ। এই অভিনেতা বলেন, ‘বিশেষ কোনো ব্র্যান্ড নয়, আমি বরং নিজের ওয়ার্ডরোব থেকে এক পলকে বাছাই করে নিয়েছি এই পোশাকটি।’
অভিনেতা ইরেশ যাকের ও স্ত্রী যাকিয়া রশীদ মিম এসেছিলন স্মার্ট সাজে। দুজনই গরমের কথা চিন্তা করে বেছে নিয়েছিলেন এমন ছিমছাম পোশাক।
অভিনেতা ইমন এসেছিলেন কালো পোশাকে। দেশের বাইরে থেকে কেনা কালো শার্টের সঙ্গে পরেছিলেন কালো রঙের জিনস প্যান্ট। শার্টের ওপর একটা ধূসর রঙের ওয়েস্ট কোট পরেছিলেন। টাইটানের ঘড়ি, কোমরের বেল্ট আর পায়ের বুট ছিল একই রঙের।
অভিনেতা সিয়াম এসেছিলেন টি-শার্ট পরে। তবে এই টি-শার্টটি ছিল পরিচালক রায়হান রাফির মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দামাল’-এর প্রচারণার জন্য তৈরি। সিয়াম এই সিনেমার অন্যতম চরিত্র, তাই সুযোগ বুঝে ‘দামাল’ লেখা কালো ফুলহাতা টি-শার্ট পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি।