লা রিভের ১৬ বছর পূর্তিতে সাবিলা নূর হাঁটলেন ১৪ জন নতুন মডেলের সঙ্গে

শো স্টপার ছিলেন সাবিলা নূর
লা রিভের ১৬ বছর পূর্তিতে সাবিলা নূর হাঁটলেন ১৪ জন নতুন মডেলের সঙ্গে

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১২ নভেম্বর (বুধবার) ফ্যাশন হাউস লা রিভের ১৬ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়। ফ্যাশন শো দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কিউতে মডেলরা শীতের পোশাক প্রদর্শন করেন। তবে র‍্যাম্পের জনপ্রিয় মডেলরা নন, এই ফ্যাশন শোর তিনটি কিউতে হেঁটেছেন ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফেস হান্ট’–এর ১৪ জন নতুন মুখ। ক্যাজুয়াল ও এথনিক—দুই ধরনের পোশাকই থাকছে লা রিভের শীতের সংগ্রহে। এই সংগ্রহের থিম নির্ধারণ করা হয়েছে এসেনশিয়ালিসজম বা অপরিহার্যতা। এই আয়োজনে শো স্টপার ছিলেন সাবিলা নূর।

ফ্যাশন শোতে লা রিভের শীতের সংগ্রহে মেয়েদের পোশাকে দেখা গেছে সেমি লং কোট, টপ এবং উৎসবে পরার জমকালো টপ, কোটি, কুর্তি, টু-পিস ও থ্রি-পিস। ছেলেদের পরনে ছিল ফুল স্লিভ শার্ট, জ্যাকেট, মাফলার, জিনসের প্যান্ট, লং কোট ও পাঞ্জাবি। এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে ক্যানভাস, কর্ড, টুইল ও ভেলভেট কাপড়। মেরুন, লাল, কালো, নীল, জলপাইয়ের মতো গাঢ় রংগুলো প্রাধান্য পেয়েছে পোশাকে।

বিজয়ীদের সঙ্গে অতিথিরা

মঞ্চে লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘অনেক দিনের পরিশ্রমের পর লা রিভ আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। আমরা একদিন দেশীয় পোশাককে এমন এক জায়গায় নিয়ে যেতে চাই, যখন সবাই গর্বের সঙ্গে “মেড ইন বাংলাদেশ” বলবে।’

ফ্যাশন শোর পর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ‘ফ্ল্যাশব্যাক ইন লা রিভ লুকস’–এর তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এরপর পুরস্কার তুলে দেওয়া হয় ফেস হান্টের বিজয়ীদের হাতে। ফেস হান্টের দ্বিতীয় ও প্রথম রানারআপ হয়েছেন সাদিয়া হোসেন অর্পিতা ও সানজিদা চৌধুরী। এবারের ফেস হান্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফারিয়া খান। তিনি বলেন, ‘শুরুতে আমি শখ থেকেই এ প্রতিযোগিতায় নাম লেখাই। যখন প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হই, তখনই খুব অবাক হয়েছিলাম। আজ চ্যাম্পিয়ন হতে পেরে খুবই ভালো লাগছে।’

ফেস হান্টে চ্যাম্পিয়ন হয়েছেন ফারিয়া খান

পুরস্কার বিজয়ীদের উদ্দেশে মুন্নুজান নার্গিস বলেন, এই ফেস হান্টের কোনো বিজয়ীই মডেল নন, তাঁরা মডেলিং জানেন না, তবে নিজেদের আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে জানেন। পুরো আয়োজন উপস্থাপনা করেছেন দীপ্তি চৌধুরী।

চট্টগ্রামে লা রিভের সম্প্রসারিত শাখা

এ ছাড়াও সম্প্রতি চট্টগ্রামের লালচান্দ রোডের বালি আর্কেডে চার হাজার বর্গফুটের বেশি পরিসরে ডুপ্লেক্স ডিজাইনে আগের শাখাটি সম্প্রসারিত করেছে লা রিভ। ৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বর্ধিত প্রাঙ্গণটি উদ্বোধন করে তারা। বর্ধিত শাখার নিচ তলায় পাওয়া যাবে নারীদের পোশাক এবং সাজের নানা অনুষঙ্গ। দোতলায় আছে পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীদের পোশাক।