দোকান উদ্বোধন

‘সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানের পরিবর্তে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতা, পরিচালক, প্রযোজক সোহেল খান
ছবি : কবির হোসেন

রাজধানীর বনানীতে আউটলেট দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করল বলিউড তারকা সালমান খানের পোশাক ব্র্যান্ড ‘বিয়িং হিউম্যান ক্লদিং’। উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খান নিজে উপস্থিত থাকতে না পারলেও ছিলেন বলিউডের অভিনেতা, পরিচালক, প্রযোজক সোহেল খান। ‘আমি বাংলাদেশকে ভালোবাসি’ বলে ফিতা কেটে আজ আউটলেটটির উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব রাও, সোহেল খানের ভাগনে আয়ান অগ্নিহোত্রী প্রমুখ।

‘বিয়িং হিউম্যান ক্লদিং’ এ সোহেল খান

সাধারণ জনগণের উপচে পরা ভিড় দেখে আপ্লুত সোহেল খান বললেন, ‘এখানে এসে আপনাদের দেখে অসাধারণ লাগছে, প্রতিটি মানুষ হাসিখুশি, মনে হচ্ছে সবাই সুখী। সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ এখানে আশার আগে আমি খুব নার্ভাস ছিলাম। ভাবছিলাম সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

বাংলাদেশে এই জনপ্রিয় পোশাক ব্র্যান্ডটির ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন ক্রিমসন কাপ বাংলাদেশের কো-ওনার রেহান রহমান ও মোহাইমিন মোস্তফা । ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে কেনাকাটা নিশ্চিত করতে প্রায় দুই হাজার বর্গফুট জায়গা নিয়ে অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে এই আউটলেট।

সাধারণ জনগণের উপচে পরা ভিড় দেখে অভিভূত সোহেল খান

২০১২ সালে মুম্বাইতে প্রতিষ্ঠিত ‘বিয়িং হিউম্যান ক্লদিং’ ব্র্যান্ডটির বর্তমানে ১৫টি দেশে ৫০০রও বেশি রিটেইল টাচ পয়েন্ট রয়েছে। আজ থেকে আন্তর্জাতিক এই ব্র্যান্ড বাংলাদেশেও যাত্রা শুরু করল। এই ব্র্যান্ডের মুনাফার একটি অংশ বিয়িং হিউম্যান বাই সালমান খান ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবায় ব্যয় করা হয়।