ছেলেদের ঈদ পোশাকে কী থাকছে এবার

ঈদে ছেলেদের পোশাকের তালিকার শীর্ষে থাকে পাঞ্জাবি। গরমের বিষয়টি মাথায় রেখে ফ্যাশন হাউসগুলো পোশাকের নকশা ও রং বাছাই করেছে। আরামদায়ক কাপড়, ঢিলেঢালা কাট আর স্বল্প নকশা—এই তিন বিষয় কেন্দ্র করেই ফ্যাশন হাউসগুলো সাজিয়েছে তাদের ঈদ আয়োজন।

ঈদ মানেই পাঞ্জাবি

ঈদে ছেলেদের পোশাকের তালিকার শীর্ষে থাকে পাঞ্জাবি
ঈদের পাঞ্জাবি

পাঞ্জাবির পাশাপাশি হাফ হাতা জোব্বা এনেছে ফ্যাশন ব্র্যান্ড ক্লাব হাউস। আছে কাবলিও। কাবলির থ্রি-পিস সেটে থাকছে ওয়েস্টকোটও। ওয়েস্টকোটগুলো কোটি স্টাইল, ফিউশন এবং হাফ হাতা ভেস্ট—এই তিন প্যাটার্নে বানানো হয়েছে।

ঈদের ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি থাকছে বিভিন্ন ক্যাজুয়াল ও সেমিফরমাল পোশাক। আড্ডা বা ঘোরাঘুরির কথা মাথায় রেখে সাজানো হয়েছে এই আয়োজন। তরুণদের জন্য আছে কিউবান কলার শার্ট, ওভারসাইজড শার্ট, পোলো ও টি-শার্ট।

তরুণদের জন্য আছে কিউবান কলার শার্ট, ওভারসাইজড শার্ট, পোলো ও টি-শার্ট

মধ্যবয়সীদের জন্য আছে ফতুয়া। পাঞ্জাবির সঙ্গে থাকছে বুট কাট এবং বেল বটম পায়জামা। এ ছাড়া ডেনিম, চিনো প্যান্ট, শর্টস এবং থ্রি-কোয়ার্টার থাকছে এবার ছেলেদের পোশাকে।

গরম মাথায় রেখে কাপড় ও কাট

সারা দিনের আড্ডায় মানিয়ে যাবে এ ধরনের পোশাক

ঈদ পোশাকগুলোতে প্রধানত সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। এ ছাড়া আবহাওয়া বিবেচনায় লিনেন, ভিসকস, জ্যাকার্ড ও ব্লেন্ডেড ফ্যাব্রিক ব্যবহার হচ্ছে। হালকা কাপড়গুলোর মধ্য দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে।

ফলে দীর্ঘ সময় পরে থাকলেও অস্বস্তি লাগবে না। ছেলেদের পোশাকে ঢিলেঢালা কাট, ড্রপ শোল্ডার এবং ওভারসাইজড কাটের ব্যবহার থাকছে বেশি। ডিজাইনে ভারী কাজের পরিবর্তে হালকা এমব্রয়ডারি ও সূক্ষ্ম প্রিন্ট গুরুত্ব পেয়েছে।

রং ও নকশা

পোশাকে এবার হালকা রং

ছেলেদের পোশাকে ব্যবহার হয়েছে হালকা রং। পাঞ্জাবির ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে চাপা সাদা, বেজ, নেভি ব্লু, মেরুন ও মাটিরঙা নানা শেড। পাশাপাশি চকলেট, জলপাই ও হালকা ছাই রংও ব্যবহার করা হয়েছে।

উৎসবের আমেজ ঠিক রেখে গরমে আরাম দিতে বাছাই করা হয়েছে এসব রং। ফ্যাশন ব্র্যান্ড ক্লাব হাউসের ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক ইফতেখারুল ইসলাম জানালেন, ‘ছেলেদের সংগ্রহে একরং দেখা যাবে বেশি।

উৎসবের আমেজ ঠিক রেখে গরমে আরাম দিতে বাছাই করা হয়েছে এসব রং

নকশাও থাকবে কম। এমব্রয়ডারিও রাখা হয়েছে একদম অল্প।’ পাঞ্জাবির গলা, হাতা এবং সামনের অংশে সূক্ষ্ম এমব্রয়ডারি, স্ক্রিন প্রিন্ট ও ডিজিটাল প্রিন্টের কাজ করা হয়েছে।

নকশায় জ্যামিতিক এবং ফ্লোরাল মোটিফ দেখা যাবে বেশি। শার্ট ও পোলোতে রাখা হয়েছে ছিমছাম প্যাটার্ন এবং আধুনিক কাট।