শিফনের শাড়ি ছাড়া অচল বলিউডের বড় পর্দা

বলিউডে এই মুহূর্তে দুজন ফ্যাশন আইকনের নাম বলুন।

উত্তরে পুরুষদের ভেতর এগিয়ে থাকবেন রণবীর সিং আর নারীদের ভেতর আলিয়া ভাট। আর এই দুজনকে নিয়েই সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকাহানি’। এই সিনেমায় ফ্যাশন বিষয়টি যে মুখ্য হিসেবে ধরা দেবে, তা বলাই বাহুল্য! তার ওপর পরিচালকের নাম করণ জোহর, যিনি বড় পর্দায় ‘পু’-এর মতো আইকনিক ফ্যাশনেবল চরিত্র সৃষ্টি করেছেন। আর বলা হচ্ছে রণবীর কাপুরের ‘রকি’ চরিত্রটা নাকি পু-এর পুরুষ ভার্সন।

এরা দুজন বলিউডের সবচেয়ে ফ্যাশনেবল তারকাদের ভেতর অন্যতম

‘রকি অউর রানি কি প্রেমকাহানি’ সিনেমার বাজেট ১৬০ কোটি রুপি বা ২১০ কোটি টাকা। মজার ব্যাপার হলো এই বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ খরচ হয়েছে নায়ক আর নায়িকার জামাকাপড়ের পেছনে। রণবীর কাপুরকে দেখা গেছে হাই-এন্ড লাক্সারি কাপড়চোপড়ে। গুচির সিল্ক টুইল শার্ট, আমিরি চেমিস্ট স্টারের ডেনিম জ্যাকেট, ভারসাচে রোব, ডিওরের মনোগ্রাম শার্টের মতো লাখ লাখ টাকার পোশাকে। রণবীর কাপুরের চরিত্রটাই এ রকম, পাঞ্জাবি ধনী মিষ্টি ব্যবসায়ী, যে দামি দামি স্টাইলিশ সব পোশাক পরে আর ভুলভাল ইংরেজির তোয়াক্কা করে না।

রণবীর সিং এমন একজন বলিউড তারকা যিনি কাজ, সম্পর্ক আর ফ্যাশন- তিন নিয়েই সমান তালে আলোচনায় থাকেন

এদিকে বাঙালি উচ্চশিক্ষিত সাংবাদিক রানিকে দেখা গেছে বলিউডের নামকরা ডিজাইনার মনীশ মালহোত্রার নকশা করা শিফনের চমৎকার সব শাড়িতে। আর রানিরূপী আলিয়া ভাট সেগুলো ক্যারিও করেছেন ঠিক রানির মতোই! নিয়ম করে আলিয়া শুটিং চলাকালেও প্রতিদিন জিম করেছেন দুই ঘণ্টা। যাতে পাতলা শিফনের শাড়িতে তাঁর শরীরের অবয়ব সবচেয়ে সুন্দরভাবে ধরা পড়ে ক্যামেরায়। কেবল সিনেমা বা ‘তুম কেয়া মিলে’ গানেই নয়, সিনেমার প্রচারণায়ও আলিয়া যে শাড়িগুলো পরেছেন, সেগুলো সবাই এখন খুঁজছেন।

সিনেমা ছাপিয়ে আলোচনা হয়েছে আলিয়া ভাটের শাড়িগুলো নিয়ে

আলিয়ার শাড়িগুলো নিয়ে মনীশ মালহোত্রা পিটিআইকে বলেন, ‘করণ আলিয়ার চরিত্রটা সম্পর্কে আমাকে বলছিল। আর আমি কল্পনায় আলিয়াকে কেবল শিফনের শাড়িতে দেখতে পাচ্ছিলাম। আমাকে যারা সামান্যতম চেনে, তারা জানে, আমি শিফনের কী পরিমাণ ভক্ত। বলিউডের ওল্ড-স্কুল রম–কম সিনেমা আর গানগুলো তো শিফনের শাড়ি ছাড়া অসম্পূর্ণ। ড্রামা হোক আর রোমান্স, বলিউডের বড় পর্দায় রঙিন শিফনের শাড়ির তুলনা নেই। আমি বলিউডের রম–কম সিনেমার স্বর্ণযুগে নায়িকার শিফনের শাড়ির যে চল, সেটাকেই নতুন আঙ্গিকে তুলে ধরতে চেয়েছি।’

অনলাইনে এখন হন্যে হয়ে খোঁজা হচ্ছে শাড়িগুলো

ইতিমধ্যে করণ জোহর জানিয়েছেন, মনীশ মালহোত্রা তাঁর ডিজাইনার জীবনের সর্বোচ্চ অর্ডার পাচ্ছেন আলিয়া ভাটের শাড়িগুলো তৈরির পর। অনলাইনে এই শাড়িগুলো খোঁজা হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশেও ‘রানি শাড়ি’ নামে ঢুকে পড়েছে আলিয়ার শিফনের শাড়িগুলোর রেপ্লিকা। সেগুলো বিক্রিও হচ্ছে দেদারছে। অবস্থা এমন দাঁড়িয়েছে, নামজাদা এই ফ্যাশন ডিজাইনার এখন 'রকি অউর রানি' নামে ফ্যাশন ব্র্যান্ড খোলার কথা ভাবছেন।

মনীশ মালহোত্রা খন 'রকি অউর রানি' নামে ফ্যাশন ব্র্যান্ড খোলার কথা ভাবছেন
রানির জন্য এই লেহেঙ্গাটিও বানিয়েছেন মনীশ মালহোত্রা