যে প্রদর্শনীর দর্শক ছিন্নমূল শিশু আর তাদের মায়েরা

প্রদর্শনী ঘুরে দেখছে শিশু পল্লী প্লাসের আশ্রিতরা
ছবি: প্রথম আলো

দেয়ালে টানানো হয়েছে শতাধিক চিত্রকর্ম। কোনোটি জলরঙের, কোনোটি আবার অ্যাক্রেলিক, মিক্স মিডিয়া কিংবা কালেক্টিভ ম্যাটেরিয়ালের তৈরি। দুচোখে অপার বিস্ময় নিয়ে সেসব ছবি দেখছিল ছিন্নমূল শিশু আর তাদের মায়েরা।

গাজীপুরের শ্রীপুরের টেংরা গ্রামের দাতব্য প্রতিষ্ঠান ‘শিশু পল্লী প্লাস’ প্রাঙ্গণে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছিল ব্যতিক্রমী এ প্রদর্শনীর আয়োজন। ছবি দেখার মধ্য দিয়ে সেখানকার শিশুরা পেয়েছে নতুন অভিজ্ঞতা। ‘বাক্সের বাইরে’ নামের একটি সমকালীন চিত্রাঙ্কন কর্মশালা শেষ দিনে শিশু পল্লী প্লাস আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের জন্য ছিল এ আয়োজন। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন চিত্রশিল্পী দিনা জামানের পরিচালনায় কর্মশালাটি গত বুধবার শুরু হয়ে চলে শুক্রবার পর্যন্ত। বাংলাদেশের ‘গড়ি’ ও যুক্তরাষ্ট্রের রয় জি বিভের সহযোগিতায় এ ওয়ার্কশপের আমন্ত্রণে ছিলেন শিশু পল্লী প্লাসের আর্ট ডিজাইন ক্রিয়েটিভ লার্নিংয়ের পরিচালক মিলন রব। তিন দিনের আয়োজনে শিশু পল্লী প্লাসের মা ও শিশুরা ছাড়াও অংশ নেন বাংলাদেশের আট ভিজ্যুয়াল আর্টিস্ট।

এসব ছবি প্রদর্শনীর জন্য এঁকেছেন বাক্সের বাইরে কর্মশালায় অংশ নেওয়া আট শিল্পী

শুক্রবার বিকেলে শিশু পল্লী প্লাস ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, ভবনের দেয়ালে টানানো হয়েছে শতাধিক ছবি। এসব ছবি প্রদর্শনীর জন্য এঁকেছেন বাক্সের বাইরে কর্মশালায় অংশ নেওয়া আট শিল্পী—ইমরান সোহেল, জুয়েল এ রব, সানজিদ মাহবুব, রুপম রায়, আবীর সোম, সাদিয়া হোসেন ও সাঈদ তারেক রহমান। গ্যালারির বিপরীত পাশে জড়ো হয়েছে শত শত শিশু। তাদের সঙ্গে উপস্থিত হন মায়েরাও। গ্যালারির পাশের একটি উন্মুক্ত স্থানে চলে সংক্ষিপ্ত সেমিনার। সেখানে চিত্রশিল্পীদের সঙ্গে উপস্থিত হন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বিপণন ও বিক্রয়) নির্বাহী পরিচালক মো. মুজাহিদুল ইসলাম।

সংক্ষিপ্ত সেমিনারে শিশুদের ছবি আঁকায় মনোনিবেশ করার জন্য উৎসাহ জোগান শিল্পীরা। বিকেল চারটায় চিত্রশিল্পীদের আঁকা ছবি প্রদর্শনী মা ও শিশুদের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। ঘোষণার সঙ্গে সঙ্গে মা ও শিশুরা চলে যান প্রদর্শনীতে। দেয়ালে টানানো ছবিগুলো নিয়ে শিশুরা একে অপরের সঙ্গে কথা বলতে থাকে। অপরদিকে কিছু ছবি নিয়ে চিত্রশিল্পীদের সঙ্গে একান্ত আলাপও করে শিশুরা।

সমকালীন চিত্রাঙ্কন কর্মশালা ও চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে শিশুদের মানসিক বিকাশ ঘটবে জানিয়ে দিনা জামান বলেন, ‘কর্মশালার নামটাই ছিল “বাক্সের বাইরে”। আমরা শিশুদের নিয়ে ব্যতিক্রম কিছু করতে চেয়েছি। পুরো আয়োজনটি সফল হয়েছে। শিশু ও মায়েরা যেমন আনন্দ পেয়েছে, আমরাও তাদের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। ছবি নিয়ে শিশুদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। আমরা শিশু পল্লী প্লাসের সঙ্গে আরও কাজ করতে চাই।’