রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আমার বয়স ২০ বছর। আমি স্নাতক প্রথম বর্ষের ছাত্র। কিন্তু স্বাভাবিকভাবে কথা বলতে কষ্ট হয়। মাঝেমধ্যে মনে হয় দম বন্ধ হয়ে যাবে। অপরিচিত কারও সঙ্গে কথা বলতে গেলে খুবই নার্ভাস হয়ে যাই। জন্ম থেকেই নিউমোনিয়া ও হাঁপানিতে ভুগছি। আমি আইনের ছাত্র, জুডিশিয়াল সার্ভিসে কাজ করতে আগ্রহী। কিন্তু এখন আমি ক্যারিয়ার নিয়ে ভীষণ চিন্তিত।—এ এইচ মুন্না, যশোর
আপনার সমস্যাগুলো সোশ্যাল অ্যাংজাইটি রোগের লক্ষণের সঙ্গে মেলানো যাচ্ছে। শারীরিক রোগ নিয়েও আপনার কিছুটা হীনম্মন্যতা আছে। বরং এভাবে ভাবুন যে এসব রোগ নিয়েও আপনি জীবনে এত দূর পর্যন্ত আসতে পেরেছেন, এটা তা আপনার বিশেষ যোগ্যতা। সামাজিক দক্ষতা বাড়াতে চেষ্টা করুন। অনেকের সঙ্গে যোগাযোগ করতে হয়, এমন সামাজিক কাজ, শখের কাজ করুন। কোনো প্রেজেন্টেশনের আগে যথেষ্ট চর্চা করুন। খারাপ বা তির্যক মন্তব্য আসতেই পারে, সেটা কীভাবে মোকাবিলা করবেন, মনে মনে তার প্রস্তুতি রাখুন। নিয়মিত ধ্যানের চর্চা করুন। প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন—ডা. নাসিম জাহান, সহযোগী অধ্যাপক, মনোরোগ বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা
আমার বাঁ ঊরুর সামান্য অংশ কেমন যেন অনুভূতিহীন হয়ে গেছে। সপ্তাহখানেক আগে এটা হুট করে হয়েছে। ম্যাসাজ করেও উপকার হচ্ছে না। আমার বয়স ৩২ বছর। কী করতে পারি?—আজীম হোসেন, ময়মনসিংহ
আপনি সম্ভবত মেরালজিয়া প্যারেসথেটিক নামক একধরনের নার্ভের রোগে ভুগছেন। ডায়াবেটিস, হরমোনের রোগ অথবা ওজন বেড়ে এই রোগ হয়। প্রয়োজনে একজন নিউরোলজি বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে এর চিকিৎসা করান।
পরামর্শ দিয়েছেন—ডা. নাজমুল হক, সহকারী অধ্যাপক, নিউরোলজি, মুগদা জেনারেল হাসপাতাল
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: proshastho@prothomalo.com
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫