রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আমার বয়স ২৯ বছর। অ্যালার্জির সমস্যা আছে। আমি কি করোনার টিকা নিতে পারব?
মহিবুল্লাহ, ঢাকা
এর আগে কোনো ওষুধ বা টিকায় মারাত্মক অ্যালার্জি হয়েছিল এবং তার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যাকে অ্যানাফাইলেকটিক শক বলা হয়—এমন ইতিহাস না থাকলে সামান্য অ্যালার্জিতে টিকা দিতে কোনো বাধা নেই। তবে টিকা গ্রহণের পর কোনো প্রতিক্রিয়া হচ্ছে কি না তা লক্ষ রাখার জন্য ৩০ থেকে ৪৫ মিনিট টিকাকেন্দ্রে অবস্থান করবেন। কোনো প্রতিক্রিয়া হলে তার চিকিৎসার ব্যবস্থা টিকাকেন্দ্রে আছে।
আমার বাবার রক্তের সিরাম ক্রিয়েটিনিন লেভেল ২ দশমিক ২৮। তাঁর উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে। এই অবস্থায় করোনার টিকা নিলে ক্রিয়েটিনিনের বা প্রেশারের কোনো সমস্যা হবে কি? তবে আমার মায়ের প্রচণ্ড হাঁপানি এবং প্রেশার আছে, তিনি করোনার টিকা নিতে পারবেন কি?
আরেফিন
ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি, কিডনি সমস্যার রোগীদের টিকা নিতে কোনো বাধা নেই। বরং তাঁদের করোনা জটিলতা বেশি বলে অগ্রাধিকার ভিত্তিতেই টিকা পাওয়ার কথা। রক্তের সুগার অতিরিক্ত বেশি থাকলে তা নিয়ন্ত্রণ করে নিন।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই–মেইল: proshastho@prothomalo.com
ফেসবুক: www.facebook.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ার বাজার, ঢাকা ১২১৫