
রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকদের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
আমার মায়ের বয়স ৪১ বছর। কয়েক বছর ধরে তাঁর প্রস্রাবে সমস্যা। পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরও প্রস্রাব পর্যাপ্ত পরিমাণে হতো না, বেগ পেতেন না। তারপর অনেক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর প্রস্রাবের নালি ও জরায়ুর মধ্যে টিউমার আছে। প্রায় তিন মাস আগে অস্ত্রোপচার হয়। কিন্তু কিছুদিন ধরে আবার আগের সমস্যা অনুভূত হচ্ছে। এটি কি কোনো বড় রোগের লক্ষণ?—মলি, ঢাকা।
অনেক সময় মূত্রথলির পেশি বা স্নায়ুর সমস্যায় এমন অবস্থা হয়। প্রস্রাবের বেগ অনুভূত হয় না, প্রস্রাব জমে থাকে। দীর্ঘদিনের ডায়াবেটিস, স্নায়ুগত সমস্যায় এমন হতে পারে। এই সমস্যাগুলো নিশ্চিতভাবে শনাক্ত করার জন্য তলপেটের একটি আলট্রাসনোগ্রাফি, প্রস্রাবের রুটিন পরীক্ষা, দরকার হলে ইউরোফ্লোমেট্রি করতে হতে পারে।
পরামর্শ দিয়েছেন—ডা. আ ফ ম হেলালউদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা।
আমার বয়স ২৭ বছর। প্রায় দুই বছর আগে ডান পাশে কোমরের নিচের অংশে, হাড়ের ঠিক ওপরে হালকা শক্ত ছোট একটা কিছু মনে হয়। পরবর্তী সময়ে মাংস বা চর্বিপিণ্ডটি একটু বড় হয়, তবে বাইরে থেকে বোঝা যায় না। হাত দিয়ে চাপ দিলে বোঝা যায়, তবে পিণ্ডটি নড়াচড়া করে না। বেশিক্ষণ শুয়ে থাকলে পিণ্ডটিতে হালকা ব্যথা করে। এক মাস আগে হোমিওপ্যাথি ওষুধ সেবন করি, কিন্তু কোনো উপকার হয়নি। করণীয় কী?—মো. জাকির হোসেন, ঢাকা
শরীরের যেকোনো অংশে দীর্ঘদিন কোনো চাকা বা পিণ্ড থাকলে পরবর্তী সময়ে যদি এর কোনো পরিবর্তন হয়, যেমন আপনার ক্ষেত্রে এটি বড় হচ্ছে, এর পর্যবেক্ষণ, মূল্যায়ন প্রয়োজন। এর জন্য আপনি অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক প্রথমে আপনাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, যেমন এক্স-রে, সিটি স্ক্যান এবং ক্ষেত্রবিশেষে সাইটোপ্যাথলজি (টিস্যু পরীক্ষা) করাবেন এবং এতে আপনার রোগ নির্ণিত হবে।
তবে আপনার বর্ণনা অনুযায়ী, এটি একটি সাধারণ পিণ্ড মনে হচ্ছে। এতে ক্যানসার থাকার আশঙ্কা কম।
পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. এহ্তেশামুল হক, সিনিয়র কনসালট্যান্ট, রেডিয়েশন অনকোলজি ও অনকোলজি, ল্যাবএইড ক্যানসার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার, ঢাকা।
স্বাস্থ্য জিজ্ঞাসা
ই-মেইল: proshastho@prothomalo.com
ফেসবুক পেজ: fb.com/ProShastho
ডাকযোগে: প্র স্বাস্থ্য, প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫