অনেক শিশুকে নিয়ে মা-বাবারা বিপদে পড়েন। বিশেষ করে পাঁচ-ছয় বছরের শিশুরা যদি খুব খিটখিটে বদমেজাজি বা রাগী হয়ে ওঠে। বলার সঙ্গে সঙ্গে জিনিসটি কিনে না দেওয়া হলে কিংবা কোনো জায়গা থেকে চলে যাওয়ার প্রশ্নে রাজি করাতে না পারলে তার মধ্যে বিপুল ক্রোধ জন্ম নেয়। তখন সে এমন আচরণ শুরু করে দেয়, যা সহ্যের বাইরে চলে যেতে পারে। ভয় পাওয়া, ভীষণ ক্লান্তি কিংবা শারীরিক অসুস্থতার কারণে শিশুরা এ ধরনের ক্ষিপ্ত আচরণ করে থাকতে পারে।
শিশুর আবদার ও চাহিদা মাঝেমধ্যে পূরণ করে তাকে এ রকম বদমেজাজি হওয়া থেকে বিরত রাখা যেতে পারে। তবে কোনো শিশুর বদমেজাজ অবস্থাটি যদি একনাগাড়ে ১৫ মিনিটের বেশি স্থায়ী হয় কিংবা নিয়মিতভাবে দৈনিক তিনবারের বেশি হতে থাকে, তবে তার কারণ হিসেবে কোনো অসুখ, সামাজিক সম্পর্কের টানাপোড়েন বা মানসিক নিপীড়ন ইত্যাদি আছে কি না, তা তলিয়ে দেখা উচিত। সাধারণভাবে শিশু প্রথম বছরের শেষের দিকে কিছুটা বদমেজাজি হয়ে ওঠে এবং তার দুই থেকে চার বছর বয়সের মধ্যে তা তীব্র রূপ ধারণ করে। বয়স পাঁচ বছর পূর্ণ হওয়ার পর এ রকম অবস্থা যদি বারবার দেখা যায়, সে ক্ষেত্রে এটা তার শৈশবকালজুড়ে বজায় থাকার প্রবল আশঙ্কা থাকে। শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল|