
যেকোনো মানুষের হঠাৎ নাক দিয়ে রক্ত পড়া শুরু হতে পারে। একেক বয়সে একেক কারণে এ সমস্যা হয়। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে কখনো নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে। আবার শিশুদের ক্ষেত্রে এ রকম সমস্যার মূল কারণ নাকে খোঁচাখুঁচি করা। এ ছাড়া শিশুদের নাকের পেছন দিকে অ্যাডেনয়েড নামের অংশটি বড় হয়ে যাওয়ার কারণে বা বাইরে থেকে কোনো কিছু নাকের ভেতর ঢুকে থেকে গেলে এমনটা হতে পারে। বড়দের সাইনাসের প্রদাহ (সাইনুসাইটিস) এবং নাকে কোনো রকমের আঘাত থেকেও রক্তপাত হয়। শরীরে রক্ত জমাটবাঁধার প্রক্রিয়ায় কোনো সমস্যা বা রক্তের রোগ থাকলে নাক থেকে রক্ত পড়তে পারে।
নাক থেকে রক্ত পড়লে সঙ্গে সঙ্গেই বৃদ্ধাঙুল ও তর্জনীর সাহায্যে ভালোভাবে নাকের অগ্রভাগ চেপে ধরুন। এ অবস্থায় মুখ দিয়ে বড় বড় শ্বাস নিতে হবে। মাথা সামনের দিকে ঝুঁকিয়ে রাখতে হবে। ১০-১৫ মিনিট এভাবে একনাগাড়ে নাকের অগ্রভাগ চেপে ধরে রাখুন। রক্তপাত বন্ধ হয়েছে কি না, দেখার জন্য একটু পরপর চাপ হালকা করে ফেলবেন না। এভাবে রক্ত বন্ধ না হলে নাকের ওপর বরফ চেপে ধরতে পারেন।
নাক চেপে ধরার পর যদি মুখ দিয়ে রক্ত আসে, বরফের পানি দিয়ে কুলকুচি করতে হবে। এ অবস্থায়ও নাকের ওপর বরফ চেপে ধরে রাখতে হবে। রোগীকে বরফ-ঠান্ডা পানিও পান করানো যেতে পারে। এভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি রোগীকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। রক্তপাতের সঠিক কারণ সব সময় আপনি না-ও বুঝতে পারেন।
বিভাগীয় প্রধান, নাক-কান-গলা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল