ভালো থাকুন

হৃদ্‌রোগীর জন্য ঈদ–সতর্কতা

সামনে পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি। অনেকেই হয়তো গ্রামের বাড়ি যাবেন। আবার অনেকে কর্মস্থল এলাকাতেই ঈদ করবেন। আনন্দময় এ সময়ে বাড়ির কেউ অসুস্থ হোক আর তাঁকে নিয়ে হাসপাতালে ছুটতে হবে—এটা কেউই চাইবেন না। এমন জরুরি অবস্থা সবচেয়ে বেশি ঘটে হৃদ্‌রোগী বা হৃদ্‌রোগের ঝুঁকি আছে এমন ব্যক্তির বেলায়। তাই তাঁদের উৎসব পালনে হতে হবে সচেতন।

এক মাস সিয়াম সাধনার পর ঈদ এলে অন্য রকম অনুভূতির সৃষ্টি হয়। মনে হতে পারে যে আজ সব খাব, কোনো বাধা মানব না। ঐতিহ্য অনুযায়ী, আমাদের দেশের ঈদ মেনুতে পোলাও, বিরিয়ানি, গরু–খাসির মাংস, রোস্ট, কলিজা ইত্যাদির মতো গুরুপাক ও উচ্চ ক্যালরিযুক্ত খাবার থাকে। থাকে প্রচুর ভাজাপোড়া নাশতা, কাবাব, পরোটা ইত্যাদির সমাহার। প্রচুর চিনি ও ঘন দুধযুক্ত ডেজার্টও আমাদের ঐতিহ্যবাহী খাবার। এর সবই হৃদ্‌রোগীর জন্য খারাপ।

যা করতে পারেন

সকালে ঈদের নামাজের আগে হালকা নাশতা যেমন সেমাই, জর্দা খেয়ে নিতে পারেন। নামাজ থেকে ফিরে নাশতা করবেন। নাশতার সময় তেল-চর্বি, অতিরিক্ত মিষ্টি ও ঘন দুধ, কনডেন্সড মিল্কের তৈরি খাবার এড়িয়ে চলবেন। তেলবিহীন সেঁকা পরোটা বা রুটি, হালকা ঝোলের মুরগির কোরমা, চপ-কাটলেট খেতে পারেন। খাবার হবে পরিমিত। অর্থাৎ একসঙ্গে অনেক খাবার খাবেন না। পাকস্থলী কিছুটা খালি রাখবেন।

উৎসব উপলক্ষে এক-দুই দিন ২৫০০-৩০০০ ক্যালরি খাবার খেতে পারেন। তবে দ্রুত পুরোনো অভ্যাসে ফিরে যাওয়াই ভালো। সহজ হিসাব হলো ৯-৪-৪। চর্বি, শর্করা ও আমিষজাতীয় খাবারের প্রতি গ্রাম থেকে ৯, ৪, ৪ ক্যালরি খাদ্যশক্তি আসবে।

ডায়াবেটিস থাকুক আর না থাকুক চিনি ক্ষতিকর। অনেকের ধারণা, আমার ডায়াবেটিস নেই, তাই যত খুশি চিনিযুক্ত ডেজার্ট খেতে পারব। এই ধারণা ভুল। চিনি যকৃতে গিয়ে চর্বিতে রূপান্তরিত (৪০ শতাংশ) হয় ও জমা হয়। তাই ঈদ উপলক্ষে চিনিযুক্ত ডেজার্ট পরিমিত খাবেন।

লক্ষ করুন

ঈদে এক দিনে সব খেতে যাবেন না। কয়েক দিনে অল্প অল্প করে খান। ভূরিভোজন নয়, পরিমিত খান। হজমশক্তি ও নিজের রোগঝুঁকি বিবেচনা করে খান।

গুরুপাক খাবারের ফাঁকে আঁশযুক্ত প্রাকৃতিক খাবার যেমন সবজি, সালাদ, তাজা ফলমূল, বাদাম খেতে ভুলবেন না।

অতিরিক্ত লবণ, চিনিযুক্ত খাবার, সয়া সস, টেস্টিং সল্টযুক্ত খাবারকে না বলুন। ধূমপান কখনোই নয়।

বিকেল বা সন্ধ্যায় হালকা হাঁটাহাঁটি করুন। রোজায় অনেকেই হাঁটা বন্ধ রাখেন, এক মাস পর হঠাৎ অতিরিক্ত ব্যায়াম করবেন না। শুরুতে হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন।

সতর্কতা

ঈদের ছুটিতে হঠাৎ বুকে ব্যথা, বুকে চাপ, অস্থিরতা, ঘাম হলে দেরি না করে হাসপাতালে যাবেন। অনেকেই গ্যাস বা বদহজম ভেবে উড়িয়ে দেন, এমনটা করবেন না। মনে রাখবেন, ঈদের ছুটিতেও হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকে।

অধ্যাপক লিয়াকত হোসেন, অধ্যাপক ও প্রধান, হৃদ্‌রোগ বিভাগ, কক্সবাজার মেডিকেল কলেজ