মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট

সিঁড়ি দিয়ে কয়েক তলা ওঠার পরই কি বুক ধড়ফড় করে? একটু দৌড়ালেই কি হাঁপিয়ে ওঠেন? শরীরের ফিটনেস বোঝার জন্য এসব লক্ষণ খেয়াল করা জরুরি। তবে ব্যায়াম বন্ধ করার পর হৃৎস্পন্দন কত দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, সেটিও স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত দিতে পারে। এমনকি এই সামান্য বিষয়টির সঙ্গে জড়িয়ে আছে হৃদ্‌রোগ ও অকালমৃত্যুর ঝুঁকিও। বাড়িতে বসেই একটি সহজ পরীক্ষার মাধ্যমে এ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

একটু দৌড়ালেই কি হাঁপিয়ে ওঠেন? শরীরের ফিটনেস বোঝার জন্য এসব লক্ষণ খেয়াল করা জরুরি
ব্যায়াম হাঁটা

ব্যায়ামের পর হৃৎস্পন্দন কত দ্রুত কমে?

চিকিৎসাবিজ্ঞানে এ পরীক্ষাকে বলা হয় ‘হার্ট রেট রিকভারি’ (এইচআরআর)। ব্যায়ামের সময় হৃৎস্পন্দন বেড়ে যায়। ব্যায়াম বন্ধ করার পর এক মিনিটে সেই হৃৎস্পন্দন কতটা কমে, সেটিই এই পরীক্ষায় দেখা হয়।

নিউইয়র্ক ইউনিভার্সিটি গ্রসম্যান স্কুল অব মেডিসিনের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ নিয়াকা গোল্ডবার্গের মতে, এইচআরআর হৃদ্‌যন্ত্র ও রক্তনালির সুস্থতা বোঝার একটি ভালো নির্দেশক। এর মাধ্যমে উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগজনিত জটিলতার ঝুঁকি সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

তবে এর গুরুত্ব শুধু হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য বোঝার মধ্যেই সীমাবদ্ধ নয়। শরীরের সামগ্রিক সুস্থতা এবং মৃত্যুঝুঁকির সঙ্গেও এর সম্পর্ক পাওয়া গেছে বিভিন্ন গবেষণায়।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিকের গবেষকেরা এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেন। প্রায় ২ হাজার ৪০০ মানুষের ওপর পরীক্ষা চালিয়ে তাঁদের ছয় বছর পর্যবেক্ষণ করেন গবেষকেরা। এতে দেখা যায়, যাঁদের ব্যায়ামের পর হৃৎস্পন্দন স্বাভাবিক অবস্থায় ফেরার গতি কম, তাঁদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় প্রায় চার গুণ বেশি।

পরবর্তী সময়ে বিভিন্ন দেশের গবেষকেরাও কাছাকাছি ফল পেয়েছেন। এমনকি আপাতদৃষ্টিতে হৃদ্‌যন্ত্রে কোনো সমস্যা নেই, এমন মানুষের ক্ষেত্রেও এইচআরআর মৃত্যুঝুঁকির একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে বিবেচিত হয়েছে।

বাড়িতেই যেভাবে পরীক্ষা করবেন

স্মার্টওয়াচ দিয়ে সহজেই হৃৎস্পন্দন মাপতে পারেন

এই পরীক্ষা করতে খুব বেশি সরঞ্জামের প্রয়োজন নেই। একটি ঘড়ি বা টাইমার এবং নাড়ির গতি মাপার ব্যবস্থা থাকলেই চলে। স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার থাকলে কাজটি আরও সহজ হবে।

প্রথমে নিজের সর্বোচ্চ হৃৎস্পন্দনের হার সম্পর্কে ধারণা নিতে হবে। সাধারণভাবে ২২০ থেকে বয়স বাদ দিয়ে এই হার আনুমানিক হিসাব করা যায়। যেমন কারও বয়স ৩০ বছর হলে তাঁর সর্বোচ্চ হৃৎস্পন্দনের হার মিনিটে প্রায় ১৯০ বার।

এরপর এমন ব্যায়াম করতে হবে, যাতে হৃৎস্পন্দন সর্বোচ্চ হারের ৭০ থেকে ৮৫ শতাংশে পৌঁছায়। নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী দৌড়ানো, সাইকেল চালানো বা রোয়িং মেশিনে ব্যায়াম করা যেতে পারে।

ব্যায়াম শেষ করার সঙ্গে সঙ্গেই হৃৎস্পন্দনের হার মাপতে হবে। স্মার্টওয়াচ বা ফিটনেস ট্র্যাকার দিয়ে এটি সহজে করা যায়। যন্ত্র না থাকলে ঘাড়ের পাশে আঙুল রেখে ১০ সেকেন্ডে নাড়ির স্পন্দন গুনুন। এরপর সংখ্যাটিকে ছয় দিয়ে গুণ করলে মিনিটে হৃৎস্পন্দনের আনুমানিক হার পাওয়া যাবে।

এবার এক মিনিট বসে বা শুয়ে বিশ্রাম নিন। এক মিনিট পর আবার হৃৎস্পন্দনের হার মাপুন। প্রথমবারের হিসাব থেকে দ্বিতীয়বারের হিসাব বাদ দিলেই পাওয়া যাবে আপনার হার্ট রেট রিকভারি।

ধরা যাক, ব্যায়াম শেষে হৃৎস্পন্দনের হার মিনিটে ১৫০ বার ছিল। এক মিনিট বিশ্রামের পর তা কমে ১৩০ হয়েছে। তাহলে আপনার এইচআরআর ২০।

কত হলে ভালো, কত হলে সতর্ক হবেন

ব্যায়াম শেষ হওয়ার পর হৃৎস্পন্দন যত দ্রুত কমে, সাধারণত তত ভালো

ব্যায়াম শেষ হওয়ার পর হৃৎস্পন্দন যত দ্রুত কমে, সাধারণত তত ভালো। ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, ব্যায়াম শেষ হওয়ার প্রথম মিনিটে হৃৎস্পন্দন অন্তত ১৮ বার কমে গেলে তা ভালো পুনরুদ্ধারের লক্ষণ হতে পারে।

অন্যদিকে এক মিনিটে হৃৎস্পন্দন ১২ বারের কম কমলে তা স্বাস্থ্যগত সমস্যার ঝুঁকির ইঙ্গিত দিতে পারে। তবে বয়স, শারীরিক সক্ষমতা, ব্যায়ামের ধরন এবং ব্যায়াম শেষে কীভাবে বিশ্রাম নেওয়া হচ্ছে, এসবের ওপর ফলাফল নির্ভর করে। তাই এই সংখ্যাগুলোকে সবার জন্য প্রযোজ্য চূড়ান্ত মানদণ্ড হিসেবে দেখা যাবে না।

হৃৎস্পন্দন কমার সঙ্গে মৃত্যুঝুঁকির সম্পর্ক কী

ব্যায়ামের পর হৃৎস্পন্দন কত দ্রুত কমছে, তার সঙ্গে শরীরের স্নায়ুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশের সম্পর্ক আছে। এর নাম ভেগাস নার্ভ। মস্তিষ্কের সঙ্গে হৃদ্‌যন্ত্র, যকৃৎ, অন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গের যোগাযোগ রক্ষায় এই স্নায়ু ভূমিকা রাখে।

আমাদের শরীরে মূলত দুটি ব্যবস্থা হৃৎস্পন্দন নিয়ন্ত্রণে কাজ করে। একটিকে বলা হয় সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম, অন্যটি প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম।

ব্যায়ামের সময় সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। এটি শরীরকে ‘ফাইট অর ফ্লাইট’ বা বিপদের মুখে লড়াই কিংবা পালানোর জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যায়। তখন হৃৎস্পন্দন বেড়ে যায়, রক্তনালি প্রসারিত হয় এবং পেশিতে বেশি অক্সিজেন পৌঁছায়।

ব্যায়াম শেষ হওয়ার পরও হৃৎস্পন্দন কিছুক্ষণ বেশি থাকতে পারে

ব্যায়াম বন্ধ করার পরও শরীরের কাজ সঙ্গে সঙ্গে শেষ হয় না। পেশিতে ব্যায়ামের সময় তৈরি হওয়া বিভিন্ন বিপাকীয় উপজাত দূর করতে এবং শরীরকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগে। এ কারণে ব্যায়াম শেষ হওয়ার পরও হৃৎস্পন্দন কিছুক্ষণ বেশি থাকতে পারে।

এরপর প্যারাসিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে হৃৎস্পন্দন কমাতে সাহায্য করে। তখন শরীর ধীরে ধীরে বিশ্রাম ও হজমের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের ব্যায়াম ও স্বাস্থ্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক লিন্ডসে বটমস বিষয়টিকে ব্রেক ও অ্যাক্সিলারেটরের সঙ্গে তুলনা করেছেন। তাঁর ব্যাখ্যায়, একটি ব্যবস্থা হৃৎস্পন্দন বাড়ায়, অন্যটি সেটি কমিয়ে আনে। শরীর যত সুস্থ ও ফিট থাকে, এই দুই ব্যবস্থার মধ্যে সমন্বয় তত ভালো হয়।

ভেগাস নার্ভের কার্যকারিতা ভালো থাকাকে চিকিৎসাবিজ্ঞানে উচ্চ ভেগাল টোন বলা হয়। এর সঙ্গে উন্নত মানসিক স্বাস্থ্য, চিন্তাশক্তি, রোগ প্রতিরোধক্ষমতা এবং শরীরে প্রদাহ কম থাকার সম্পর্ক পাওয়া গেছে। সামগ্রিকভাবে এটি দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।

উন্নতি করার সুযোগ আছে

পরীক্ষায় নিজের এইচআরআর কম পাওয়া গেলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ নিয়াকা গোল্ডবার্গের পরামর্শ, ফলাফল নিয়ে উদ্বেগ থাকলে চিকিৎসকের সঙ্গে কথা বলে হৃদ্‌যন্ত্রের ঝুঁকি মূল্যায়ন করানো ভালো।

সুখবর হলো, নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এইচআরআর উন্নত করা সম্ভব। গবেষণায় দেখা গেছে, পরিকল্পিতভাবে ব্যায়াম করলে ব্যায়ামের পর হৃৎস্পন্দন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। এতে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকিও কমতে পারে।

এইচআরআর উন্নত করতে নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা জগিংয়ের মতো ব্যায়াম করতে পারেন

এ জন্য নিয়মিত হাঁটা, সাইকেল চালানো, সাঁতার কাটা কিংবা জগিংয়ের মতো ব্যায়াম করতে পারেন। নিজের সামর্থ্য অনুযায়ী মাঝারি গতিতে শুরু করে ধীরে ধীরে ব্যায়ামের সময় ও মাত্রা বাড়ানো ভালো। চাইলে নাচও হতে পারে শরীরচর্চার আনন্দদায়ক একটি উপায়।

তবে নতুন ব্যায়াম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি, বিশেষ করে আগে থেকে হৃদ্‌রোগ থাকলে। ব্যায়ামের সময় মাথা ঘোরা, বুকে ব্যথা বা চাপ অনুভব কিংবা পরিশ্রমের তুলনায় অস্বাভাবিক শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে থামতে হবে। আগে থেকে হৃদ্‌রোগ থাকলে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এই পরীক্ষা করা উচিত নয়।

মনে রাখতে হবে, এক মিনিটের এই পরীক্ষা কোনো রোগনির্ণয়ের বিকল্প নয়। তবে শরীরের ফিটনেস ও হৃদ্‌স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে সচেতন হওয়ার একটি সহজ উপায় হতে পারে এটি।

সূত্র: বিবিসি