অটিজম (অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার) নিয়ে সমাজে বহু ভ্রান্ত ধারণা ও অপতথ্য প্রচলিত আছে, যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পেতে দেরি হয়
অটিজম (অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার) নিয়ে সমাজে বহু ভ্রান্ত ধারণা ও অপতথ্য প্রচলিত আছে, যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পেতে দেরি হয়

অটিজম নিয়ে ৮টি ভুল ধারণা

অটিজম (অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার) নিয়ে সমাজে বহু ভ্রান্ত ধারণা ও অপতথ্য প্রচলিত আছে, যার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা পেতে দেরি হয়। অটিজমের সুষ্ঠু পরিচর্যা ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসার জন্য জনমন থেকে এসব বিভ্রান্তি দূর করা প্রয়োজন।

অটিজম কোনো রোগ নয়। প্রকৃত সত্য—

আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন প্রণীত ডায়গনোস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অব মেন্টাল ডিজঅর্ডারস (ডিএসএম) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রণীত ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অব ডিজিজেস (আইসিডি ১১) অনুযায়ী অটিজম একটি স্নাযু বিকাশজনিত সমস্যা (নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার)।

অটিজমের চিকিৎসা নেই, তাই চিকিৎসা করে লাভ নেই। প্রকৃত সত্য—

অটিজম একটি সারা জীবনের সমস্যা। বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদি থেরাপির মধ্য দিয়ে তাদের জীবনমান উন্নত করা সম্ভব। মৃদু অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা উপযুক্ত চিকিৎসা, শিক্ষা ও থেরাপি পেলে প্রায় স্বাভাবিক জীবন যাপন করতে পারে আর যাদের মাঝারি বা গুরুতর বৈশিষ্ট্য রয়েছে, তারাও বেশ কিছু জীবনদক্ষতা অর্জন করতে পারে।

শৈশবে মা-বাবার আচরণ বা খারাপ প্যারেন্টিংয়ের কারণে অটিজম হয়। প্রকৃত সত্য—

অটিজমের পেছনে জিনগত (জেনেটিক), পরিবেশগত ও স্নায়বিক কারণ কাজ করে। শৈশবে মা–বাবার আচরণ বা প্যারেন্টিংয়ের সঙ্গে এর কোনো সরাসরি সম্পর্ক নেই।

অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুমাত্রই বুদ্ধিপ্রতিবন্ধী। প্রকৃত সত্য—

অটিজম একটি স্পেকট্রাম; কেউ বুদ্ধিবৃত্তিকভাবে চ্যালেঞ্জড হতে পারে, আবার কেউ অত্যন্ত মেধাবী (হাইফাংশনিং অটিজম) হতে পারে। অনেকেই নির্দিষ্ট বিষয়ে অসাধারণ দক্ষতা দেখায়।

অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা কখনোই কথা বলতে পারবে না। প্রকৃত সত্য—

অটিজমের বৈশিষ্টসম্পন্ন শিশুদের মধ্যে প্রায় ৩০% শিশু একদম কথা বলতে পারে না। বাকিরা কম-বেশি কথা বলতে পারে। উপযুক্ত স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি দিলে তাদের কথা বলার মান উন্নত হয়। যারা একদম কথা বলতে পারে না, তারা নানাভাবে (ছবি, ইশারা ইত্যাদি) যোগাযোগ স্থাপন করতে শেখে।

ভ্যাকসিন নিলে অটিজম হয়। প্রকৃত সত্য—

বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত যে টিকার সঙ্গে অটিজমের কোনো সম্পর্ক নেই। বরং টিকা না নিলে শিশু নানা মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।

অটিজমের চিকিৎসায় ওষুধের ভূমিকা নেই। প্রকৃত সত্য—

বিশ্বব্যাপী অটিজমের চিকিৎসায় ওষুধের প্রয়োগ রয়েছে। ওষুধ সরাসরি অটিজমকে ‘সারাতে’ পারে না, কিন্তু অটিজমের বৈশিষ্টসম্পন্ন শিশুর অনাকাঙ্ক্ষিত আচরণকে কমায়। যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অথরিটি (এফডিএ) অটিজমের জন্য একাধিক ওষুধকে সুপারিশ করেছে। 

অটিজমের বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা ভালোবাসা বোঝে না বা আবেগ অনুভব করে না। প্রকৃত সত্য—

তারা ভালোবাসা অনুভব করে, কিন্তু প্রকাশের ধরন ভিন্ন হতে পারে। অনেক সময় চোখে চোখ রাখার প্রবণতা কম থাকলেও আবেগ-অনুভূতির ঘাটতি থাকে না। তাই তাদের প্রতি আবেগ অনুভূতি উপযুক্তরূপে প্রকাশ করুন।

ডা. হেলাল উদ্দিন আহমেদ, অধ্যাপক, চাইল্ড অ্যাডোলেসেন্ট ও ফ্যামিলি সাইকিয়াট্রি, ফরিদপুর মেডিকেল কলেজ