স্নায়ুতন্ত্রের জটিল রোগ অ্যাটাক্সিয়া কেন হয়, লক্ষণগুলো কী, প্রতিরোধের উপায়

অ্যাটাক্সিয়া স্নায়ুতন্ত্রের একটি সমস্যা। হাঁটার সময় বারবার ভারসাম্য হারানো এবং হাত দিয়ে কোনো কিছু ধরতে গেলে লক্ষ্যচ্যুত হওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয় এ রোগে। অ্যাটাক্সিয়া রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে পারলে এবং দ্রুত চিকিৎসা নিলে রোগী সুস্থ হয়ে যেতে পারেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও নিয়মিত থেরাপির মাধ্যমে এই রোগের প্রকোপ কমানো যায়। তবে অনেক ক্ষেত্রে শুরুর দিকে রোগ নির্ণয়ে বিলম্ব হয়।

অ্যাটাক্সিয়া হলে মানুষের সমন্বয়ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং চলাফেরা ও শারীরিক কাজগুলো করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থা জিনগত কারণ, স্নায়ুতন্ত্রের ক্ষতি বা ভিটামিন বি১২, ভিটামিন ই বা থায়ামিনের মতো প্রয়োজনীয় পুষ্টির অভাবের কারণে হতে পারে, যা নিয়ন্ত্রণ ও ভারসাম্য রাখায় ব্যাঘাত ঘটায়।

অ্যাটাক্সিয়া কত ধরনের

কয়েক রকম অ্যাটাক্সিয়া আছে। সেরেবেলার অ্যাটাক্সিয়া হলে মস্তিষ্কের সেরেবেলাম অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে হাঁটার সমস্যা, হাতের লেখা ও ভারসাম্য হারিয়ে যায়। সেন্সরি অ্যাটাক্সিয়া স্নায়ুতন্ত্রের সেন্সরি অংশের সমস্যা। যেমন পায়ের পেশি বা ত্বকে অনুভূতি হারিয়ে গেলে এ ধরনের অ্যাটাক্সিয়া হয়। এতে রোগী ব্যালেন্স হারিয়ে ফেলেন। বিশেষ করে হাঁটার সময় চোখ বন্ধ হয়ে যায়।

মস্তিষ্কের গতি নিয়ন্ত্রণের অংশে সমস্যা হলে দেখা দেয় মোটর অ্যাটাক্সিয়া। এর ফলে শারীরিক গতি ও দক্ষতা কমে যায়। সেরেবেলার ও সেন্সরি অ্যাটাক্সিয়া সাধারণত জেনেটিক বা জন্মগত কারণে হয়। এ ছাড়া ভিটামিন ই, বি১২ বা থায়ামিনের মতো গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতির সঙ্গে এই রোগ যুক্ত। আবার কোনো নির্ধারিত কারণ ছাড়াই হতে পারে, যাকে স্পোরাডিক অ্যাটাক্সিয়া বলে।

কেন হয়, লক্ষণগুলো কী

জেনেটিক বা বংশগত কারণ: জিনগত মিউটেশন যা সেরিবেলাম, স্নায়ু বা পেশির গঠন ও এর কার্যকারিতাকে প্রভাবিত করে। 

অজ্ঞাত কারণ: উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অ্যাটাক্সিয়া, যেমন ফ্রাইডরিখের অ্যাটাক্সিয়া।

পুষ্টিগত ঘাটতি: ভিটামিন বি১, বি১২, ভিটামিন ই।

টক্সিক: বিষাক্ত পদার্থের সংস্পর্শ যেমন অ্যালকোহল ও ভারী ধাতু, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া।

অ্যাটাক্সিয়ার সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে এলোমেলো হাঁটা, লেখা বা জামার বোতাম লাগানোর ক্ষেত্রে অদক্ষতা; চলাচলে সমস্যা, বিশেষ করে হাত বা পায়ের ঝাঁকুনি; পেশিশক্তির দুর্বলতা; কথা জড়িয়ে যায়; গিলতে অসুবিধা হয়; চোখ অস্বাভাবিক নড়াচড়া করে; ইচ্ছাকৃত কম্পন বা ক্লান্ত বোধ করা।

প্রতিরোধের উপায় 

অ্যাটাক্সিয়া একটি জটিল স্নায়বিক অবস্থা, যা সঠিক সময়ে চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। রোগের প্রাথমিক লক্ষণ চিহ্নিত করা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত থেরাপি রোগীর জীবনমান উন্নত করতে সাহায্য করে। পুষ্টির ঘাটতিজনিত অ্যাটাক্সিয়া খাদ্যাভ্যাসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। সঠিকভাবে পরিকল্পিত খাদ্য ব্যবস্থাপনা উপসর্গ উপশম করতে, সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি এবং অবস্থার অবনতি রোধ করতে সাহায্য করে।

ডা. হারাধন দেবনাথ, অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা