পুরুষদের মধ্যে দ্রুত বাড়তে থাকা ক্যানসারগুলোর একটি প্রোস্টেট ক্যানসার
পুরুষদের মধ্যে দ্রুত বাড়তে থাকা ক্যানসারগুলোর একটি প্রোস্টেট ক্যানসার

পুরুষদের প্রোস্টেট ক্যানসার বাড়ছে, লক্ষণগুলো কী

পুরুষদের মূত্রথলির নিচে একটি ছোট গ্রন্থি থাকে, যার নাম প্রোস্টেট। এই গ্রন্থির কোষ অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করলে সেটি প্রোস্টেট ক্যানসার বা টিউমারে পরিণত হয়। 

বিশ্বব্যাপী পুরুষদের মধ্যে দ্রুত বাড়তে থাকা ক্যানসারগুলোর একটি প্রোস্টেট ক্যানসার। দক্ষিণ এশিয়ায় একসময় তুলনামূলকভাবে কম দেখা গেলেও বাংলাদেশে বর্তমানে এর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। গড় আয়ু বৃদ্ধি, নগরজীবন, খাদ্যাভ্যাসের পরিবর্তন ও উন্নত রোগনির্ণয় পদ্ধতি এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে বড় প্রশ্ন হলো, এই বাড়তি রোগীর চাপ সামাল দেওয়ার মতো প্রস্তুতি আমাদের রয়েছে কি না।

গত এক দশকে প্রোস্টেট ক্যানসার নির্ণয়ে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পিএসএ (প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন) পরীক্ষা এখন অনেক জেলা শহরেও করা যায়। আধুনিক মাল্টি-প্যারামেট্রিক এমআরআই, যা রোগের ধাপ নির্ধারণে বিশ্বমানের পদ্ধতি হিসেবে বিবেচিত, সেটিও দেশের অনেক হাসপাতালে আছে। ট্রাস গাইডেড বায়োপসি ও উন্নত হিস্টোপ্যাথলজি সেবাও এখন অনেক সহজলভ্য।

তবে বাস্তবতা হলো এসব সুবিধা এখনো শহরকেন্দ্রিক। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে সচেতনতার অভাব ও নিয়মিত স্ক্রিনিং সংস্কৃতি না থাকায় অনেক রোগী দেরিতে চিকিৎসকের কাছে আসেন। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো পিএসএমএ পিইটি–সিটি, যা আজকের দিনে প্রোস্টেট ক্যানসারের ধাপ ও রোগের ফিরে আসা নির্ণয়ে বিপ্লব ঘটিয়েছে, তা এখনো খুব সীমিত। সঠিক ধাপ নির্ণণ করা ছাড়া কার্যকর চিকিৎসা পরিকল্পনা করা কঠিন।

প্রস্রাব করতে সমস্যা, প্রস্রাব শেষ হওয়ার পরও পুরোপুরি মূত্রথলি খালি না হওয়ার অনুভূতি প্রোস্টেট ক্যানসারের একটি উপসর্গ

যেসব লক্ষণ দেখা যায়

প্রোস্টেট ক্যানসার দ্রুত শনাক্ত হলে চিকিৎসাযোগ্য। এ বিষয়ে সচেতনতা দরকার। সাধারণত বয়স্ক পুরুষদের এ সমস্যা দেখা দেয় বেশি। তাই কয়েকটি উপসর্গ দেখা দিলে দেরি না করে প্রোস্টেট পরীক্ষা করুন।

  • প্রস্রাব করতে সমস্যা, প্রস্রাব শেষ হওয়ার পরও পুরোপুরি মূত্রথলি খালি না হওয়ার অনুভূতি।

  • প্রস্রাবের সঙ্গে রক্ত।

  • বারবার প্রস্রাব, বিশেষ করে রাতে প্রস্রাব ধরে রাখতে না পারা।

  • তলপেটে ব্যথা বা অস্বস্তি।

  • হাড়ে ব্যথা, বিশেষ করে মেরুদণ্ডে।

প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা

প্রোস্টেট ক্যানসার চিকিৎসায় রেডিওথেরাপি অত্যন্ত কার্যকর পদ্ধতি। রেডিওথেরাপির মাধ্যমে টিউমারে বেশি ডোজ দিয়ে আশপাশে থাকা সুস্থ অঙ্গকে সুরক্ষিত রাখা সম্ভব। দেশে আধুনিক লিনিয়ার অ্যাক্সিলারেটর চালু হয়েছে, যা আন্তর্জাতিক মানের চিকিৎসার সুযোগ তৈরি করেছে। ইমেজ-গাইডেড রেডিওথেরাপি ধীরে ধীরে বাড়ছে এবং হাইপোফ্র্যাকশনেশন পদ্ধতি চিকিৎসার সময় কমিয়ে রোগীর ভোগান্তি কমাচ্ছে।

তবে রেডিওথেরাপি মেশিন এখনো অপর্যাপ্ত। সরকারি বড় হাসপাতালে দীর্ঘ অপেক্ষা বড় সমস্যা। দক্ষ রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিস্ট ও রেডিওথেরাপি টেকনোলজিস্টের সংখ্যাও প্রয়োজনের তুলনায় কম। এসবিআরটির মতো অত্যাধুনিক চিকিৎসা অল্প কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ। উন্নত ইমেজিং, অ্যাডাপটিভ প্ল্যানিং ও রিয়েল-টাইম মোশন ম্যানেজমেন্টের পূর্ণ সমন্বয়ও এখনো দারুণভাবে অপ্রতুল।