তরুণদের মনের যত্নে ‘কথা হবে বন্ধু’

কথায় বলে, ‘শরীরের নাম মহাশয়, যা সওয়াবে তাই সয়’। এই শরীরের যত্নে আমরা কত কিছুই না করি। পুষ্টিকর খাদ্যাভাস, ব্যায়াম, বিশ্রাম—নানা চেষ্টা। শারীরিক কোনো সমস্যায় শরণাপন্ন হই চিকিৎসকের। কিন্তু মনের যত্নে কী করি আমরা? হয়তো ভাবছেন—এ আবার কেমন প্রশ্ন? মনের আবার যত্ন কিসের? শরীরের যত্ন না নিলে তো শরীর ভেঙে পড়বে। ঠিকমতো কাজ ও জীবন যাপন করতে পারব না। তাই শরীরের তো যত্ন নিতেই হবে। ঠিক তেমনি মনের যত্ন না নিলেও আমাদের মন ভেঙে পড়ে। জীবনযাপনে ব্যাঘাত ঘটে। স্বাভাবিক জীবনযাপনের জন্য নিয়মিত মনের যত্ন নিতে হয়। ভেঙে পড়া মনকে ঠিক করতে দৌড়াতে হয় মনোচিকিৎসকের কাছে।

তরুণদের মনের যত্নে ‘কথা হবে বন্ধু’
ছবি: সংগৃহীত

নিত্যদিনের নানা চাপের মধ্য দিয়ে অসংখ্য মানুষ এখন মানসিকভাবে বিপর্যস্ত। বিশেষ করে আমাদের তরুণ সমাজের একটা বড় অংশ মানসিক সহায়তা না পেয়ে হতাশায় আক্রান্ত হচ্ছে। নিজে থেকেই যে মনের যত্ন নেওয়া যায়, নিজের পাশে দাঁড়ানো যায়—তা অনেকেই বুঝে উঠতে পারেন না। কোনো কোনো তরুণ-তরুণী ভাঙা মন নিয়ে নিঃশেষ করে দেন নিজেকে। কিন্তু আজকের তরুণ প্রজন্ম আগামী দিনের সঠিক আলোর পথ দেখাবে। তাই তাদের মানসিকভাবে সুস্থ থাকার বিকল্প নেই।

তরুণদের মানসিক সুস্থতায় বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল ও বেসরকারি প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন। ‘কথা হবে বন্ধু’ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপ। ‘কথা হবে বন্ধু’র মাধ্যমে বর্তমান প্রজন্মের তরুণেরা পেয়ে যাবেন তাঁদের মনের কথা খুলে বলার বন্ধু। যে কথা কাউকে বলতে পারছেন না, এবার প্রাণ খুলে এখানকার কোনো এক বা একাধিক বন্ধুর সঙ্গে তা ভাগাভাগি করে নিতে পারবেন। হতাশা-একাকিত্ব কাউকে গ্রাস করে নিলে মানসিকভাবে সমর্থন পাবেন। জানবেন, আপনি একা নন। আর এমনটা ঘটতেই পারে। মনের পাশে মনের বন্ধু হয়ে থাকবে এই প্ল্যাটফর্ম। এককথায় তরুণ প্রজন্মের এই গ্রুপটি হবে তরুণদের নতুন আরেক বন্ধু।

আজ ১০ অক্টোবর (সোমবার) ‘কথা হবে বন্ধু’ গ্রুপটি উদ্বোধনে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি অডিটরিয়ামে একটি বিশেষ নাটক প্রদর্শিত হয়। যে নাটকে বর্তমান তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের বিপর্যয়ের বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়। সাইফুল জর্নালের নির্দেশনায় প্রখ্যাত মঞ্চনাটক দল ‘প্রাচ্যনাট’ এটি মঞ্চস্থ করে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী এবং অ্যাকটিভিস্ট সারা যাকের। এ ছাড়া উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশনের সিইও জাহিদা ফিজ্জা কবীর, এয়ারটেল ও সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সদস্যরাসহ যাঁদের জন্য এই আয়োজন অর্থাৎ তরুণ প্রজন্ম। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদর্শনীর আয়োজক এশিয়াটিক এমসিএল।