সচেতনতা

ডেঙ্গু কিন্তু যায়নি

ডেঙ্গু জ্বর একটি ভাইরাসবাহিত রোগ, যা এডিস ইজিপ্টি মশার কামড়ের মাধ্যমে ছড়ায়
ফাইল ছবি: রয়টার্স

লেখাটি লিখতে বসে ডেঙ্গুতে মারা যাওয়া দুটি শিশুর চেহারা মনে ভেসে উঠল। বর্ষা-পরবর্তী সময়টায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়তে পারে। ডেঙ্গুকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

সামাজিক পরিসরে ডেঙ্গু প্রতিরোধে কর্মসূচি নিতে হবে আর ঘর থেকেই শুরু করতে হবে এ কার্যক্রম। নিজ বাড়ির অন্দর তো নিজেকেই পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার অন্দর যাতে মশার প্রজননক্ষেত্র হয়ে না ওঠে, বাইরে থেকে এসেও এডিস মশা যাতে কামড়াতে না পারে, সেদিকে লক্ষ রাখুন।

মশা যাতে না জন্মায়

ঘর, বারান্দা, ছাদ কিংবা বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেবেন না। ফুলের টব, টবের নিচে রাখা প্লেট, বালতি, অব্যবহৃত তৈজস প্রভৃতিতে পানি জমে হয়ে উঠতে পারে মশার প্রজননক্ষেত্র। কোথাও পানি জমে থাকলে অবশ্যই প্রতি তিন দিনে অন্তত একবার পানিনিষ্কাশন করতে হবে। পাত্রটিও পরিষ্কার করে ফেলতে হবে। আর একান্তই যদি বাড়িতে কোথাও পানি ধরে রাখতে হয়, তবে পানির পাত্রটি ঢেকে রাখুন।

মশার ওষুধ দেওয়ার সময় ঘরের দরজা–জানালা খোলা রাখবেন না

এলাকায় পরিত্যক্ত টায়ার, ডাবের খোল প্রভৃতি পড়ে থাকলে সবাই মিলেই পরিষ্কারের ব্যবস্থা করতে হবে।

নির্মাণাধীন ভবনে যাতে পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখুন। নির্মাণকাজ চলা অবস্থায় বাড়ির স্বত্বাধিকারী অন্যত্র চলে গিয়ে থাকতে পারেন। সে ক্ষেত্রে ভবনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়মিত পানি পাল্টানোর গুরুত্ব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা এলাকাবাসীরই।

মশা যদি হয়েই যায়

১. ঘরের দরজা-জানালায় এমন নেট লাগাতে হবে, যা ভেদ করে মশা আসতে না পারে।

২. খেয়াল রাখুন, এলাকায় যখন মশার ওষুধ প্রয়োগ করা হচ্ছে, তখন যেন আপনার বাড়ির দরজা-জানালা বন্ধ থাকে।

৩. রাতে তো বটেই, দিনেও মশারি টানিয়ে শোবেন। খেয়াল রাখুন, মশারিতে যেন কোনো ছিদ্র না থাকে। মশারি ভালোভাবে গুঁজে নেবেন। মশারির একেবারে ধার ঘেঁষে শোবেন না। তাহলে মশারির বাইরে থেকেও মশা আপনার নাগাল পেয়ে যাবে।

৪. ঘরে মশা প্রতিরোধে স্প্রে ব্যবহার করতে পারেন। তবে এসব উপকরণে বাড়ির কারও অ্যালার্জি আছে কি না, খেয়াল করতে হবে।

৫. ফুলহাতা জামা ও ফুলপ্যান্ট পরা ভালো।

৬. বাড়ির বাইরে মশা এড়াতে কাপড়ে ‘রিপেল্যান্ট স্প্রে’ দিতে পারেন।

লেখক: চিকিৎসক