ঘরে নিজেই কীভাবে নেবুলাইজার ব্যবহার করব

নেবুলাইজার ব্যবহারের প্রয়োজন হলে বাড়িতে একটি নেবুলাইজার রাখতে পারেন
ছবি: সংগৃহীত

শীত এলেই বেড়ে যায় শ্বাসতন্ত্রের নানা রোগ। বাড়ে হাঁপানি, ব্রংকাইটিসসহ নানা রোগের তীব্রতা। শ্বাসকষ্টে ভোগে শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। শ্বাসকষ্ট কমাতে অন্য ওষুধের পাশাপাশি অনেকেই ইনহেলার ও নেবুলাইজার নেন। শিশু ও বয়োবৃদ্ধদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহার করা অনেক ক্ষেত্রে অসুবিধাজনক। তুলনামূলক সহজ বিকল্প হলো নেবুলাইজার। প্রায়ই নেবুলাইজার ব্যবহারের প্রয়োজন হলে বাড়িতে একটি নেবুলাইজার রাখতে পারেন।

ব্যবহারবিধি

  • নেবুলাইজার ও প্রয়োজনীয় ওষুধ আগে গুছিয়ে নিন।

  • সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিন। হাত শুকিয়ে (বা পরিষ্কার টিস্যু দিয়ে মুছে) নেওয়ার পর নির্দিষ্ট অংশে (নেবুলাইজার কাপ) ওষুধটা নিতে হবে।

  • নেবুলাইজার কাপ ও মাস্ক সংযুক্ত করুন। এরপর টিউবগুলো সংযুক্ত করুন। যন্ত্রটি সামান্য সময়ের জন্য চালু করে দেখুন, ঠিকঠাক কাজ হচ্ছে কি না। ঠিকঠাক চললে হালকা ধোঁয়া বেরিয়ে আসবে।

  • একটি চেয়ারে বসুন। অবস্থানটি যাতে আরামদায়ক হয়, সেদিকে খেয়াল রাখুন। মাস্ক বা নির্দিষ্ট অংশটি মুখে লাগিয়ে নিন।

  • ধীর ও গভীর শ্বাস নিন। সম্ভব হলে নিশ্বাস ছাড়ার আগে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করুন।

  • নেবুলাইজার কাপের এক প্রান্তে ওষুধটা লেগে আছে মনে হলে কাপটি একটু ঝাঁকিয়ে নিতে পারেন।

খেয়াল রাখুন

  • কখন এবং কোন অবস্থায় কোন ওষুধটি কোন মাত্রায় নেবুলাইজারের মাধ্যমে প্রয়োগ করতে হবে, সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ মেনে চলা আবশ্যক। কতক্ষণ পরপর এবং কতক্ষণ ধরে নেবুলাইজার ব্যবহার করতে হবে, সেটিও বলে দেবেন আপনার চিকিৎসক।

  • নেবুলাইজারের সাহায্যে ওষুধ গ্রহণ করার সময় হঠাৎ মাথা ঘুরে উঠলে কিংবা অস্থির বোধ করলে যন্ত্রটি বন্ধ করে পাঁচ মিনিট বিশ্রাম নিন। এরপর আবার চালান। তবে এবার আরও ধীরে শ্বাস নিন। এর বাইরেও কোনো সমস্যা বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিন।

  • নেবুলাইজার ব্যবহারের পর নিয়মমাফিক পরিষ্কার করে নিতে ভুলবেন না। না হলে, তা থেকে পরবর্তী সময় সংক্রমণ হতে পারে।

  • বাড়িতে বাড়তি নেবুলাইজার কাপ ও মাস্ক (বা মাউথপিস) রাখা ভালো। একজনের ব্যবহৃত মাস্ক (বা মাউথপিস) অন্য কারও ব্যবহার করা উচিত নয়।