ব্যায়াম ছাড়া কি ফ্রোজেন শোল্ডার ভালো হয়?

জিজ্ঞাসা: আসসালামু আলাইকুম। আমার মায়ের বয়স ৫৩ বছর। তাঁর ফ্রোজেন শোল্ডার। প্রথমে বাম হাত, এক বছর পর ডান হাতে প্রচণ্ড ব্যথা হয়েছে। ব্যায়াম ছাড়া কি এই রোগের অন্য কোনো প্রতিকার আছে? মা ব্যথার ওষুধ খেতে পারেন না। ব্যথার ওষুধ খেলে পেটে খুব ব্যথা হয়। ডায়াবেটিস আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: আপনার মা একজন ডায়াবেটিক রোগী বলে উল্লেখ করেছেন। আর তাঁর যে উপসর্গগুলোর কথা বর্ণনা করেছেন, তাতে এটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার বলেই মনে হচ্ছে। তবে নিশ্চিত হতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে হবে। কেননা, এ রকম ব্যথার আরও কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। জেনে রাখা ভালো, ফ্রোজেন শোল্ডার এমনিতেই একসময় সেরে যায়। তবে একটু লম্বা সময় ভুগতে হতে পারে। আর ব্যথা হলেই যে ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। ব্যথা নিরাময়ের জন্য দিনে দুবার পাঁচ থেকে সাত মিনিট ধরে গরম সেঁক নিতে পারেন। ব্যথানাশক মলম ব্যবহার করা যেতে পারে। ডিপ হিট ফিজিওথেরাপি যেমন মাইক্রোওয়েভ ডায়াথার্মি, আলট্রাসাউন্ড থেরাপিও ব্যথা উপশমে দারুণ উপকারে আসে। পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যায়াম করলে আস্তে আস্তে রোগটি ভালো হয়ে যাবে বলে আশা করা যায়। তবে কারও কারও ক্ষেত্রে এ রোগ সারতে ১৮ থেকে ২৪ মাসও লাগতে পারে।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পেইন, মেডিসিন ও রিউমাটলজি–বিশেষজ্ঞ, চেম্বার: ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক)।