ওজিএসবি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা

মাতৃমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসব জরুরি

অবসটেট্রিক্যাল অ্যান্ডগাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের নারীদের বর্তমান স্বাস্থ্য–ব্যবস্থার উন্নয়নে তাদের ভূমিকা বিষয়ে গত রোববার দেশের প্রখ্যাত গাইনিকোলজিস্টদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল কোরাল ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অস্টোক্যাল জিএক্স। এসকেএফ ফার্মাসিউটিক্যালস এবং প্রথম আলোর ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়।

মাতৃমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক প্রসব জরুরি
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওজিএসবির প্রেসিডেন্ট অধ্যাপক ড. ফেরদৌসি বেগম। ওজিএসবির পক্ষে মহাসচিব অধ্যাপক গুলশান আরা এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালসের পক্ষে ডা. সিফাত সামিয়া সঞ্চালনের দায়িত্বে ছিলেন।
মুক্তিযুদ্ধের শহীদ এবং বীরাঙ্গনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় অনুষ্ঠান। সূচনা বক্তব্যে অধ্যাপক গুলশান আরা বাংলাদেশের নারীদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি জানান, যুদ্ধবিধ্বস্ত দেশে মাতৃমৃত্যুর উচ্চহার এবং প্রসব–সংক্রান্ত জটিলতা কমাতে গাইনোকলজিস্টরা একতাবদ্ধ হয়ে ১৯৭২ সালে ওজিএসবি প্রতিষ্ঠা করেন। ৫০ বছরে নারীস্বাস্থ্যের উন্নয়নে ওজিএসবির ভূমিকা, সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপরও আলোকপাত করেন তিনি।

বাংলাদেশে মাতৃস্বাস্থ্যের অবস্থা নিয়ে আলোচনা করেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক রওশন আরা বেগম। তিনি তাঁর ছাত্রজীবনে বাংলাদেশে মায়েদের উচ্চ মৃত্যুহার এবং চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত জটিলতার কথা স্মরণ করেন। বর্তমানে মাতৃমৃত্যু হার হ্রাস পেয়ে লাখে ৫০০ থেকে ১৬৫ জনে নেমে আসায় তিনি সরকার, স্বাস্থ্যব্যবস্থা, চিকিৎসক ও মিডিয়ার ভূমিকার প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন,এখনো ৫০ শতাংশের অধিক প্রসব হাসপাতালে না হয়ে অদক্ষ ব্যক্তিদের হাতে হচ্ছে। ফলে মায়েদের মৃত্যু হচ্ছে। তিনি হাসপাতালে অথবা বাড়িতে প্রসবের ক্ষেত্রে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর সহায়তা নিশ্চিত করার প্রতি গুরুত্ব দেন।
গর্ভপূর্ব এবং গর্ভকালীন সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক লায়লা আরজুমান্দ বানু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, গর্ভকালে অন্তত চারবার পরীক্ষা করালে মাতৃমৃত্যু ও প্রসব–পরবর্তী জটিলতা কমিয়ে আনা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। হাসপাতালে যাওয়া সম্ভব না হলে সরকারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সেবাদাত্রীদের মাধ্যমে বাড়িতেই পরীক্ষা করানোর পরামর্শ দেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের নারীদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়াতে মিডিয়াকে এগিয়ে আসার আহ্বান জানান। নিরাপদ প্রসব নিশ্চিত করতে রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য আগে থেকেই তিনি যানবাহন প্রস্তুত রাখতে বলেন।

বাংলাদেশে প্রসবকালীন সেবার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক সামিনা চৌধুরী। তিনি বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রেই স্বাভাবিক প্রসব সম্ভব। তবে প্রসবকালে মায়ের কী ধরনের জটিলতা তৈরি হতে পারে, সঠিক প্রশিক্ষণ ছাড়া তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। অদক্ষ সেবা এবং অবহেলায় শুধু যে মা ও শিশুর মৃত্যু হতে পারে, তা-ই নয়, পরবর্তী সময়ে ফিস্টুলার মতো জটিল সমস্যায় ভুগতে পারেন মা।’এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ওজিএসবি হাসপাতালের ফিস্টুলা সেন্টারে স্বল্পমূল্যে এ রোগের চিকিৎসাব্যবস্থা রয়েছে। তিনি জানান, জটিল মুহূর্তে হাসপাতালে নিয়ে আসার পথে শতকরা ২৫ ভাগ মাতৃমৃত্যু হয়ে থাকে। প্রসবকালীন খিঁচুনি ও রক্তক্ষরণে মায়ের মৃত্যু রোধে গর্ভকালীন যত্ন এবং প্রাতিষ্ঠানিক প্রসবের প্রতি তিনি গুরুত্ব দেন।

বাংলাদেশের প্রসব–পরবর্তী সেবার বর্তমান অবস্থা ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক কোহিনূর বেগম। তিনি বলেন, ‘প্রসব–পরবর্তী ছয় সপ্তাহ বিশেষ করে প্রথম ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ।’ মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনতে এই সময়ে মায়ের সঠিক চিকিৎসা ও যত্ন অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে শতভাগ মাকে প্রসব–পরবর্তী সেবার আওতায় নিয়ে আসতে প্রয়োজন চিকিৎসক, সহযোগী সংগঠন ও মিডিয়াসহ সবার সম্মিলিত প্রচেষ্টা।’

ওজিএসবির সাবেক মহাসচিব অধ্যাপক সালেহা বেগম চৌধুরী বন্ধ্যত্ব ও এর চিকিৎসায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ্যত্বের জন্য নারীদেরকেই দায়ী করা হলেও প্রকৃতপক্ষে মাত্র ৩০ শতাংশ বন্ধ্যত্ব নারীদের কারণে হয়। ৩০ শতাংশ বন্ধ্যত্ব পুরুষদের জন্য এবং ৩০ শতাংশ ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়েরই সমস্যা থাকতে পারে। বাকি ১০ শতাংশ ক্ষেত্রে কোনো কারণ নির্ধারণ করা সম্ভব হয় না। বন্ধ্যত্ব কমাতে কৈশোর থেকেই নারীদের পুষ্টির প্রতি যত্নবান হতে পরামর্শ দেন। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বন্ধ্যত্বের বিশ্বমানের চিকিৎসাব্যবস্থা রয়েছে। অধিকাংশ মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই এটা গ্রহণ করা সম্ভব।’ জটিল সমস্যার ক্ষেত্রে বর্তমানে দেশেই আইইউআই, আইভিএফ, ভ্রূণ সংরক্ষণের মতো উন্নত চিকিৎসাব্যবস্থা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ওজিএসবির সায়েন্টিফিক সেক্রেটারি অধ্যাপক জিন্নাত আরা নাসরিন টেকসই উন্নয়নের লক্ষ৵মাত্রা ও ২০৩০ সাল নাগাদ তা অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এগিয়েছে, তা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘মা ও শিশু মৃত্যুহার কমিয়ে আনা একা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। এ লক্ষ্য অর্জনের উদ্দেশেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছে।’ তিনি বলেন, ‘পৃথিবীকে বাসযোগ্য করতে প্রত্যেককেই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের পথে এগিয়ে যাবে।’

পরিকল্পনার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান নিয়ে বক্তব্য দেন অধ্যাপক সেহেরিন ফরহাদ সিদ্দিকা। তিনি বলেন, ‘জন্মনিয়ন্ত্রণ নিয়ে এখনো জনসাধারণের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে বিভিন্ন ভুল ধারণা প্রচলিত রয়েছে। সচেতনতাই পারে সঠিক পরিবার পরিকল্পনার মাধ্যমে মা ও শিশুর মৃত্যুহার কমিয়ে আনতে।’

ওজিএসবির প্রেসিডেন্ট–ইলেক্ট অধ্যাপক ফারহানা দেওয়ান বিগত সময়ে ওজিএসবির বিভিন্ন পদক্ষেপ নিয়ে বক্তব্য দেন। ৫০ বছরের দীর্ঘযাত্রায় ওজিএসবির বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন তিনি। প্রসবকালীন অতিরিক্ত রক্তপাত ও খিঁচুনি রোধে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের ওপর তিনি জোর দেন। এ ক্ষেত্রে ওষুধ কোম্পানিগুলোকে এগিয়ে আসতে বলেন।

ওজিএসবির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সংস্থাটির প্রেসিডেন্ট অধ্যাপক ফেরদৌসি বেগম। ওজিএসবি শুরু থেকেই সরকারের সঙ্গে কাজ করে আসছে। আগামীতে সবার সম্মিলিত সহযোগিতায় আরও সুপরিকল্পিতভাবে কাজ করে মাতৃ মৃত্যুহার কমিয়ে এনে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের আশ্বাস দেন। বাবা-ভাই-স্বামী সবাইকে নারীর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

এসকেএফের বিপণন বিভাগের সহযোগী পরিচালক বিনয় দাস গর্ভবতী মায়ের হাড়ের সুরক্ষায় সহজে সেবনীয় ক্যালসিয়াম অস্টোক্যাল জিএক্সসহ বিভিন্ন বিশ্বমানের ওষুধ তৈরির পাশাপাশি নারীস্বাস্থ্য নিয়ে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবসময় ওজিএসবির সঙ্গে কাজ করে যেতে আগ্রহী বলে উল্লেখ করেন। এছাড়াও নারীস্বাস্থ্য ও শিক্ষায় বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল ‘ওজিএসবি স্বাস্থ্য শিক্ষা’ তৈরিতে সার্বিক সহযোগিতার সুযোগ দেওয়ার জন্য ওজিএসবিকে ধন্যবাদ জানান।

এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুবর্ণজয়ন্তী উপলক্ষে ওজিএসবিকে অভিনন্দন জানান। করোনাকালীন চিকিৎসকদের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন। ভবিষ্যতেও বিশ্বমানের ওষুধ প্রস্তুত করার মাধ্যমে এসকেএফ চিকিৎসক ও জনসাধারণের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।