আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’পদ্ধতি প্রয়োগ করেছি—কাওসার আহমেদ চৌধুরী

মেষ Aries
২১ মার্চ—২০ এপ্রিল। ভর # ৬ >
বন্ধুত্বের নানা চমকপ্রদ সংজ্ঞা আপনারা জানেন। এরই একটি আমি আজীবন মনে রাখি এবং এতে বিশ্বাস করি: বন্ধুত্বে স্বার্থপরতার স্থান নেই। উক্তিটি বহু যুগ আগে পড়েছিলাম এক পত্রিকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অসম্ভব জনপ্রিয় তরুণ ছাত্রের ডায়েরিতে পাওয়া গিয়েছিল, তার আকস্মিক মৃত্যুর পর। প্রিয় মেষ, এ সপ্তাহে আপনি নিজে যেমন আরও ভালো বন্ধু হয়ে উঠবেন, তেমনই নতুন বন্ধুও খুঁজে পাবেন।
বৃষ Taurus
২১ এপ্রিল—২১ মে। ভর # ১ >
ইদানীং কালে আমাদের তরুণ বন্ধুরা অনেক কিছুই করছেন—একটি হলো, প্রেম এবং ভালোবাসা—এই শব্দ দুটিকে তাঁরা ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করতে চাইছেন। শুধু তা-ই নয়, অনেকে বলছেন ‘প্রেম’ একটি প্রাচীন-গন্ধী শব্দ, বুড়োধুড়োরাই যা পছন্দ করেন। তাহলে তো স্বীকার করতেই হয়, গানের সেই লাইনটি একেবারে মোক্ষম: পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিছু নে—এ—এ—ই! প্রিয় বৃষ, এ সপ্তাহে প্রেম হোক, ভালোবাসা হোক—একটা কিছু আপনার হবেই। বিয়ে হলেই বা অবাক হওয়ার কী আছে!
মিথুন Gemini
২২ মে—২১ জুন। ভর # ৬ >
বহু বছর পর একটা নতুন গান লিখলাম: ‘এসো আজ প্রান্ত বদল করি/ তুমি সুখের দিকে চলো/ আমি ব্যথার কাছে ফিরি...খুঁজি আমি অস্তাচলের মাঝে/ স্মৃতির লুকোচুরি।’ চলতি সপ্তাহে আমার তো মনে হয়, এই গানের কথাগুলো আপনার বারবার মনে পড়লেও পড়তে পারে।
কর্কট Cancer
২২ জুন—২২ জুলাই। ভর # ২ >
রিডার্স ডাইজেস্ট পত্রিকায় প্রকৃত ভালোবাসা সম্পর্কে একটি কথা পেয়েছিলাম: সারা দিন চোখে চোখে চেয়ে থাকার নামই ভালোবাসা নয়। ভালোবাসা হচ্ছে দুটি মানুষের একসঙ্গে একই বস্তুকে দেখতে পাওয়ার ক্ষমতা। প্রেমিক-প্রেমিকাদের কিংবা একজোড়া দম্পতির ক্ষেত্রে কথাটি খুবই মূল্যবান। প্রিয় পাঠক, ভাববেন না যে সঙ্গীকে কঠিনভাবে জড়িয়ে রাখলেই আপনি বিশুদ্ধ প্রেমের সাগরে হাবুডুবু খাবেন। বরঞ্চ, নিজেদের মধ্যে অভিন্ন রুচি খুঁজে নিন। সেটাই আদর্শ।
সিংহ Leo
২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১>
চলতি সপ্তাহে সিংহ মহোদয় এবং মহোদয়াগণ থাকবেন প্রধানত সংখ্যা ৬-এর ঘরে। এতে তাদের লাভ হবে ৫০: ৫০। আমার এই কথার অর্থ আজ শনিবার থেকেই সবটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন না। আগামী শুক্রবার পর্যন্ত দেখুন।
কন্যা Virgo
২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২ >
এই সাত দিনে কিছুটা ক্লান্তি এসে ভর করতে পারে আপনার ওপর। তা যদি হয়, তাহলে রবীন্দ্রনাথের শরণাপন্ন হওয়া ছাড়া আপনার কোনো গতি দেখি না: ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। ...ক্লান্ত হওয়া মানেই কিন্তু ব্যর্থ হওয়া নয়। কাজেই, মনে ফুর্তি রাখুন। সপ্তাহান্তে আপনি ফের তরতাজা হয়ে উঠবেন। বিফলে মূল্য ফেরত!
তুলা Libra
২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২ >
নতুন প্রকল্প সামনে আসবে। ওটা কেউ আপনার ওপর চাপিয়েও দিতে পারে। যেটাই হোক না কেন, ওই প্রকল্প থেকে আপনি দারুণ লাভবান হবেন। তবে আপনি যেহেতু একটু বেশি কল্পনাপ্রবণ—সেই জন্য নিজের বাস্তবতাবোধ টেনে এনে আপনার অবস্থান মজবুত করুন।
বৃশ্চিক Scorpion
২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ৭ >
আপনি এখন আছেন শুভ সংখ্যা ৭-এর ঘরে। বলা যায়, আপনি বসে আছেন ওই ঘরের লিভিং রুমে। তাই বলে সাত
দিনই আপনি এক ঘরের মধ্যে কাটিয়ে দেবেন, তা কিন্তু আমি বলছি না। শতকরা ৮০-৯০ ভাগ ভালো কাটবে আপনার। আনন্দে থাকুন।
ধনু Sagittarius
২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯ >
কোনো একটি বিশেষ সিদ্ধান্তের ব্যাপারে এ সপ্তাহে আপনি খানিকটা দ্বিধান্বিত থাকবেন। তবে, আগামী শুক্রবারের আগে আপনার এই দ্বিধা কেটে যাবে বলেই আমার বিশ্বাস। দ্বিধামুক্তি মানেই সাফল্য।
মকর Capricorn
২২ ডিসেম্বর—২০ জানুয়ারি।
ভর # ৩ > সামনে দারুণ আনন্দের সময় অপেক্ষা করছে আপনার জন্য। এই আনন্দ এক-একজনের ক্ষেত্রে এক-এক রকম হবে, সে তো বলাই বাহুল্য। যদি তা না হয়, তখন আমাদেরকে জানাতে পারেন।
কুম্ভ Aquarius
২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯ >
আপনি এখন আছেন সংখ্যা ৫-এর আওতায়। বাংলাদেশে এ বছর আমরা সবাই কমবেশি ওই ৫-এর শুভ ফল ভোগ করব। তাহলে এ থেকে আপনিও তো বাদ যাবেন না।
মীন Pisces
১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩ >
চলতি সপ্তাহে মীন আছেন মোট ৮ সংখ্যার ঘরে। এই সংখ্যাটিকে নানা জ্যোতিষী গুরু খামাখাই বিতর্কিত করে তুলেছেন। আমার চোখে ৮ একটি চমৎকার সংখ্যা এবং আমি তা প্রমাণ করতে পারব। তাহলে, প্রশ্ন দাঁড়ায়, কী কী ভালো এ সপ্তাহে আপনার জীবনে ঘটবে। দেখুন, ভালো কিংবা মন্দ—সবই আপেক্ষিক এবং একেকজনের ক্ষেত্রে এক-এক মাত্রায় এসব ঘটবে। ভালো থাকুন।