
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
এ সপ্তাহে আপনার কাজের ভার বা ওজন বৃদ্ধি পাবে। তাহলেও দুশ্চিন্তার কোনো কারণ নেই। কাজগুলো আপনি সঠিকভাবে সম্পন্ন করতে পারবেন। লোকের সহযোগিতা দরকার। সবার সঙ্গে ঠান্ডা মাথায় আচরণ করুন। শুভ হোক।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সামাজিকতায় চলতি সপ্তাহে নতুন দিকে হাত বাড়ান। এর ফলে আপনার নতুন ধরনের সাফল্য ও আনন্দ আসবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
শত্রু সৃষ্টি করা সহজ। বন্ধু সৃষ্টি করাটাই কঠিন। পক্ষান্তরে, শত্রু সৃষ্টি করে লাভ নেই। নতুন বন্ধু সৃষ্টি করুন এবং ভালো থাকুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
যে কাজে যেখানটায় ব্যর্থ হলেন, সেখান থেকেই নতুন করে কাজ শুরু করুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সময়টা ভালো আছে। তবে ভালো সময়টা ভালোভাবে ব্যবহার না করলে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কল্যাণ হোক।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
শুনলাম কন্যা রাশির সামিনা চৌধুরী নতুন কাজে হাত দিচ্ছেন। সব শ্রোতার জন্যই এটা একটা আনন্দের খবর। কন্যা নারী–পুরুষ হিসেবে আপনারাও নতুন নতুন কাজ করতে থাকুন। সাফল্য আসবে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
অনাবশ্যক দুশ্চিন্তা করাটা একটা বদভ্যাস। দুশ্চিন্তা করবেন না। সপ্তাহ ভালো আছে।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক রাশির এক জাতক শাহ আলম জীবন। জন্ম দিনাজপুরে, কর্মস্থল ঢাকায়। অসাধারণ এক কণ্ঠশিল্পী তিনি। কিন্তু বহু চেষ্টা করেও তাঁকে আমি রেডিও-টেলিভিশনে আনতে পারিনি। ওতে তাঁর কোনো আগ্রহই নেই। প্রিয় বৃশ্চিক, যে কাজেই আপনার প্রতিভা থাকুক না কেন, প্রতিভাটাকে প্রকাশ করবেন। শুভ হোক।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সেই কিশোর বয়স থেকেই নোবেল বিজয়ী আমেরিকান লেখক আর্নেস্ট হেমিংওয়ে আমার অত্যন্ত প্রিয়। সম্ভবত সবচেয়ে প্রিয়। তাঁর একটি বিখ্যাত উক্তি হচ্ছে: মানুষকে ধ্বংস করা যায়, কিন্তু পরাজিত করা যায় না। কথাটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি এবং আপনাকেও বিশ্বাস করতে বলি। শুভ হোক।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
ছোট–বড় নানা কারণেই আমরা অন্যের কাছে কৃতজ্ঞ থাকি। আমাকে যে প্রথম মোবাইল ফোনে বার্তা করতে শিখিয়েছিল, আমি তার কাছে কৃতজ্ঞ। আমাকে যে বলেছিল, ভাত-তরকারি একসঙ্গে মাখিয়ে খেতে হয়, তার কাছে আমি কৃতজ্ঞ। যে আমাকে শিখিয়েছিল, বোতলে মুখ লাগিয়ে কী করে পানি পান করতে হয়, আমি তার কাছেও কৃতজ্ঞ। প্রিয় মকর, সবার কাছে নিজের ঋণ স্বীকার করুন। শুভ হোক।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে কোনো কাজ ফেলে রাখবেন না। ফেলে রাখলে কাজটা হয়তো আর কখনোই করা হয়ে উঠবে না। সফল হোক আপনার সপ্তাহ।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীন নারী–পুরুষের ক্ষেত্রে চলতি সপ্তাহটি আমি খুবই সুন্দর এবং উজ্জ্বল দেখতে পাই। আনন্দ নিয়ে থাকুন, আনন্দের মধ্যে থাকুন। আনন্দ দিয়ে অন্যের মনকে ভরে রাখুন। মঙ্গল হোক আপনার।