আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
কবিতা শুনতে এবং বলতে আমি ভয় পাই। যদিওবা কবিতা আমি অনেক লিখেছি, এখনো লিখি। অবশ্য কম। সে যা-ই হোক, সুদূর ১৯৯৯ সালে ঘুম কিনে খাই বলে আমার একটি ছোট কবিতার বই প্রকাশিত হয়। সম্পূর্ণ আমার স্ত্রী সুরাইয়া চৌধুরীর উদ্যোগে। রাশিফল তো আপনাদের জন্য কুড়ি বছরের বেশি সময় ধরে লিখলাম। আজ না হয় ছোট একটা কবিতা শোনাই। ওটা লেখার তারিখ দেখতে পাচ্ছি ১২ অক্টোবর ১৯৯৬। কবিতার নাম ‘উত্তর’।
‘উত্তর’ শব্দের অর্থ একাধিক অভিধানে যেমন বলে:
উত্তর দিক, কথা ও চিঠির জবাব, প্রতিবাক্য,
মীমাংসা, আপত্তিখণ্ডন, পরবর্তী, ভবিষ্যৎ,
শ্রেষ্ঠ, অসাধারণ...
তবু ভালো লাগে, এসব কিছুর মধ্যে সবচেয়ে বেশি,
যখন তুমি ছোট্ট করে শুধু বলো: হুঁ।
এ কবিতা সম্পর্কে আপনাদের কোনো মতামত আমি এ জন্য নিতে চাই না যে আমি জানি ওটা কোনো কবিতাই হয়নি। আপনার চলতি সপ্তাহ চমৎকার যাবে। না হলে তো আমি আছিই।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমার এক ঘনিষ্ঠ বন্ধু সুকণ্ঠের অধিকারী গায়ক মোহাম্মদ আলতাফ হোসেন বলত, মান্না দের চেহারা দেখ দোস্ত, কেমন ডাকাতের মতো। অথচ কী তাঁর গলা, আর কী তাঁর গায়কি! ও বলত, চেহারাটা আসলে কিছুই নয়, মানুষের গুণটাই বড়। আমি জানি, আপনি আমাদের সঙ্গে একমত হবেন। চেহারা হোক যাহা তাহা, কর্ম হোক ভালো।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ইদানীংকালে এসে আমার রাশিফলের শ্রুতিলিখন যে করে, তার নাম মো. ফজলে রাব্বী। প্রথম আলোর সঙ্গে যুক্ত রয়েছে। ছেলেটি প্রতিভাবান। ভালো লেখে, চলচ্চিত্র নির্মাণ শেখে। এ জন্য তাকে আমি একটু আলাদাভাবে পছন্দ করি। গ্রামের বাড়ি জামালপুরে মাঝেমধ্যেই যায়। ফিরে এসে এটা–সেটা নানা গল্প বলে আমাকে আনন্দ দেয়। তার জীবনে উচ্চতর পড়াশোনার একটা আকাঙ্ক্ষা রয়েছে। আমি বিশ্বাস করি, ওটা হবে। সাফল্য পেতে গেলে মানুষের যে প্যাশন, পাগলামি বা কাজের নেশা লাগে—ফজলে রাব্বীর সেটা আছে। এই ছেলে জীবনে সফল হলে তো অবাক হওয়ার কিছু থাকবে না। মিথুন হিসেবে আপনিও জীবনে সাফল্যের চূড়ান্ত শীর্ষে আরোহণ করতে পারবেন। জয় হোক আপনার!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
স্কুলে ক্লাসের বন্ধু সন্তোষ পড়াশোনায় ভালো হলেও খুব দুষ্টু ছিল। গান গাইত ভালো। তাঁর গানের প্রধান শ্রোতা ছিলাম আমি। বলতে গেলে গান শুনতে শিখেছিলাম সন্তোষের কাছেই। একদিন ক্লাসে কি একটা দুষ্টুমি করেছিল, স্যার বেত হাতে বলেছিলেন, এদিকে আসুন সন্তোষবাবু। আজ আপনাকে একটু বেতিয়ে সন্তুষ্ট হই। এ সপ্তাহে আমার বেতায়ন কর্মসূচি চলছে, আপনি জানেন না? সন্তোষ আর কী করবে, দুহাত পেতে দিয়ে করুণ কণ্ঠে বলেছিল, আজকের মতো মাফ করে দিন, স্যার। স্যার বলেছিলেন, না, মাফ করা যাবে না। স্কুল ছুটি হলে তুই আমাকে দুটো ভালো গান গেয়ে শোনাবি। তবে, প্রতিদিন এভাবে পার পেয়ে যাবি, তা যেন ভাবিস না। প্রিয় কর্কট, চলতি সপ্তাহে আপনি যেকোনো সংকট থেকে মুক্তি পাবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বুদ্ধদেব বসুর (গুহ নয়) একটি কবিতায় আছে, আমার কিশোর বয়সে পড়া:...ভুলিবো না এত বড় স্পর্ধিত শপথে জীবন করে না ক্ষমা, তাই মিথ্যা অঙ্গীকার থাক তোমার স্মৃতির ছায়া সুদূরে মিলাক...। কেন জানি না, বুদ্ধদেব বসুর কবিতার এই লাইনগুলো আমার মনে আজও গেঁথে আছে। শুভ হোক।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনি দেখবেন, একেক দিন একেকটা গানের কলি মাথার ভেতর ঢোকে। আর বের হতে চায় না। সারা দিন মাথার ভেতরেই ভ্যানভ্যান করে। তবে মনটা আনন্দে ভরে থাকে। আপনার কি ইদানীং এটা বেশি হচ্ছে? তাহলে জানবেন, এখন আপনার শুভ সময়।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
জীবনে কাজের যেমন প্রয়োজন আছে, তেমনি নিশ্ছিদ্র বিশ্রামেরও প্রয়োজন রয়েছে। প্রিয় তুলা, বিশ্রাম থেকে নতুন শক্তি অর্জন করুন। আরও দূরে, আরও সামনে চলুন। আকাশ হোক আপনার গন্তব্যের শেষ ঠিকানা। জয় হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
কলকাতার সে যুগের কণ্ঠশিল্পী তরুণ বন্দোপাধ্যায় একসময় অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিলেন। আমার ছোটবেলায় শোনা তাঁর একটি গান আজও আমার খুব প্রিয়: কাজল নদীর জলে/ ভরা ঢেউ ছলেছলে/ প্রদীপ ভাসাও কারে স্মরিয়া/ সোনার বরণী মেয়ে/ বলো কার পথ চেয়ে/ আঁখি দুটি ওঠে জলে ভরিয়া। কথা মোহিনী চৌধুরী। সুর শ্যামল মিত্র। প্রিয় পাঠক, এসব গান শুনুন। মন ভরে যাবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
মানুষের স্বপ্ন এবং দুঃস্বপ্ন—দুটোই অনেক সময় হুবহু সত্যি হয়ে যায়। এ দেশে ১৯৭১ ঘটার বছরখানেক আগে ইএসপি বা ষষ্ঠ ইন্দ্রিয়ই বোধ হয় আমাকে দিয়ে লিখিয়েছিল, আমার চোখের ভেতর বাসা বেঁধে বসে আছে অগ্নিময় অজানা শহর। কবিতার সত্য হয়ে উঠেছিল জীবনের এক নিদারুণ সত্য। প্রিয় ধনু, চলতি সপ্তাহে যদি আপনি কোনো দুঃস্বপ্ন দেখেন, তো সেটাকে উপেক্ষা করবেন। ঘুমের মধ্যে দেখা আমাদের বেশির ভাগ স্বপ্নই সত্যি হয় না। কল্যাণ হোক আপনার!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
তৈরি হয়ে যান। চলতি সপ্তাহে আপনার আরও কিছু ঘোরাঘুরি থাকতে পারে। যদি দেশের বাইরে যান, তাহলে আমার জন্য একটা গিফট কিনে আনতে ভুলবেন না। ওটা কে না পছন্দ করে!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
কুম্ভ রাশির জাতক নেতাজি সুভাষ বলেছিলেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। আর আমি বলছি, গিভ মি ভালোবাসা অ্যান্ড আই উইল গিভ ইউ গুড রাশিফল। মনে থাকবে তো?
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহে মিনমিন করে কথা বলবেন না। যা বলার স্পষ্ট করে বলবেন। তবে অভদ্রভাবে নিশ্চয়ই না। যাহা বলিবেন, স্পষ্টভাবে এবং ভদ্রভাবে বলিবেন। তাহাতেই কাম হইবে। কল্যাণ হোক!