
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
এক ভূমি ব্যবসায়ী একবার আমাকে বলেছিলেন, মানুষ তার পিতার হত্যাকারীকেও ক্ষমা করে দিতে পারে, কিন্তু তার সম্পত্তি আত্মসাৎকারীকে ক্ষমা করে না। তাই সম্পত্তিবিষয়ক মামলা চলতে দেখা যায় প্রজন্মের পর প্রজন্ম। পৃথিবীতে এই চিরন্তন সত্যটি ভেবে দেখার মতো। প্রিয় মেষ, চলতি সপ্তাহে নিজের অধিকার নিয়ে যেমন ভাববেন, তেমনই অন্য মানুষের অধিকার নিয়েও ভাববেন।
বৃষ ২১ এপ্রিল—২১ মে। ভর # ১
নাটকে সাধারণত মুখ্য ভূমিকায় অভিনয়কারীর চেহারাটা সবাই স্বাভাবিকই দেখবে আশা করে। সেদিন একটা টিভিনাটকে দেখলাম, নায়কের সামনের একটা দাঁত পোকায় খাওয়া। এটাকে বাস্তবের প্রতিফলন বলে কি চালিয়ে দেওয়া যায়? প্রিয় বৃষ, আপনি সৌন্দর্যের পূজারি, সারা সপ্তাহ, সারা জীবন, সৌন্দর্যের পূজারি হয়েই থাকুন।
মিথুন ২২ মে—২১ জুন। ভর # ৬
হেমন্ত মুখোপাধ্যায় তাঁর জীবৎকালে পৃথিবীর বহু দেশে গান গেয়েছেন, বিশেষ করে ইউরোপ ও আফ্রিকায়। সেটা সেই ১৯৫০-৬০ দশকের কথা। ওই সময়ে হলিউডের তারকা অভিনেতা গায়ক ছিলেন ফ্রাংক সিনাত্রা। বলতে গেলে তিনি একাই তখনকার কণ্ঠশিল্পের সম্রাট ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায়ের গান শুনে পত্রপত্রিকায় দুটি কথা লেখা হয়েছিল—এক. তিনি ভারতের ফ্রাংক সিনাত্রা। দুই. লেখা হয়েছিল—এই ভদ্রলোক যদি হলিউডে গানবাজনা করতেন, তাহলে পাশ্চাত্যের অনেক শিল্পীরই অন্ন জুটত না। প্রসঙ্গত বলি, হেমন্ত ছিলেন আপনার এই মিথুন রাশিরই জাতক। কথাটা সব সময় মনে রাখবেন।
কর্কট ২২ জুন—২২ জুলাই। ভর # ২
পশুর কাজ মূলত চারটি—খাদ্যের অন্বেষণ, খাদ্যগ্রহণ, ঘুম ও প্রজনন। মানুষের রয়েছে এরও বাড়তি আরও কিছু কাজ। যার অন্যতম হলো স্বপ্রণোদিত হয়ে সমাজে একে অন্যের প্রতি বাস্তব কিছু দায়িত্ব পালন করা। মানুষ সমাজবদ্ধ জীব। সমাজে তারা একসঙ্গে হাত ধরে চলে। প্রিয় কর্কট, আপনি পৃথিবীতে একা নন।
সিংহ ২৩ জুলাই—২৩ আগস্ট। ভর # ১
১৪ এপ্রিল যে দিনই হোক, বাংলা নববর্ষ ১৪২২। এই নববর্ষ আমাদের সবারই দরজার কাছে এসে ঘোরাফেরা করছে। প্রিয় সিংহ, মনকে নতুন কিছুর জন্য প্রস্তুত রাখুন।
কন্যা ২৪ আগস্ট—২৩ সেপ্টেম্বর। ভর # ২
কারও কারও মতো আপনিও এ সপ্তাহে একটু একা বোধ করবেন এবং আপনাকে একাকিত্ব বিমোচন কর্মসূচির সঙ্গে একাত্ম হতে হবে। ভয় নেই, সপ্তাহ ভালোয় ভালোয় কেটে যাবে।
তুলা ২৪ সেপ্টেম্বর—২৩ অক্টোবর। ভর # ২
বয়স্কাউট ও গার্লস গাইডরা বছরের বিশেষ বিশেষ দিন ছাড়া ফ্রি ঘুরে বেড়ায়। আমাদের উচিত উপযুক্ত ক্ষেত্রে এদের সেবা গ্রহণ করা। স্বেচ্ছাসেবক হিসেবে এরা চমৎকার কাজ করতে পারে। প্রিয় তুলা, চলতি সপ্তাহে তরুণদের সংগঠিত করুন। আপনি নিজে তরুণ বয়সী হয়ে থাকলে সমাজের সেবায় এগিয়ে আসুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর—২২ নভেম্বর। ভর # ২
একটা কাজ করতে গেলে সেই কাজটার প্রতি কিছুটা আক্রমণাত্মক মনোভাব থাকা দরকার। তাহলে কাজটা দ্রুত ও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে দেখা যাচ্ছে, আক্রমণাত্মক শব্দটিকে সব সময় নেগেটিভ অর্থে গ্রহণ করা যায় না। চলতি সপ্তাহে আপনাকে পরামর্শ দিচ্ছি, নিজ কাজে সর্বাত্মকভাবে নিজেকে নিয়োগ করুন। সুফল আসবেই।
ধনু ২৩ নভেম্বর—২১ ডিসেম্বর। ভর # ৯
পুরস্কারপ্রাপ্তির আশা ছেড়ে দিয়ে দু লাইন পদ্য লিখলাম: সময়ের আগে বর্ষা হয়েছে শুরু/ যখন-তখন মেঘেদের গুড়ুগুড়ু। ধনু রাশির জাতক-জাতিকারও জীবনে সময়ের আগে কিছু অন্য রকম সময় আসতে পারে।
মকর ২২ ডিসেম্বর—২০ জানুয়ারি। ভর # ৩
বাঙালি খ্যাত তার মমতা ও নির্মমতার জন্য। এর সঙ্গে যোগ করুন তার নিঃসঙ্কোচ কৌতূহল প্রকাশ, অল্পতেই হাউমাউ করে কাঁদা এবং নিজের কাজ ভুলে গিয়ে যেখানে-সেখানে ভিড় জমানোর ক্ষমতা। প্রিয় মকর, একটু চেষ্টা করে এই ছক এড়িয়ে যাবেন।
কুম্ভ ২১ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মুখ বিকৃত করে দাঁত-মুখ খিঁচিয়ে গান করা কি আজকাল একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে? এসব দেখার ভয়ে সব টিভি চ্যানেলের সামনে যাই না। আবার বিজ্ঞাপনী গানে (জিঙ্গেল) বেসুরো এবং বিকট উচ্চারণের আধিক্য দেখতে পাই। আমি জানি, আমার মতো অনেকেই এসব উপদ্রব সহ্য করে চলেছেন। দেখুন না, এ বিষয়ে কিছু করা যায় কি না।
মীন ১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ। ভর # ৩
মনস্তত্ত্ববিদদের মতে, বয়স চল্লিশ পার হয়ে গেলে জীবনের চাওয়া-পাওয়া নিয়ে আর সিরিয়াসভাবে চিন্তা না করাই ভালো। আপনার বয়স যদি চল্লিশের নিচে হয়, তাহলে আগে থেকেই এই কথাটি জেনে রাখুন। আমাদের চাওয়ার তালিকা তবুও নিশ্চয় দীর্ঘই থাকবে, তাহলেও এই নিয়মটি মানলে মনে কোনো অবসাদ দানা বাঁধতে পারবে না। শুভ হোক আপনার।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।