শীতের ফুলের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন যত্নের
শীতের ফুলের সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন যত্নের

জেনে নিন

শীতে কি প্রাণ হারাচ্ছে ফুলের গাছ

অতিরিক্ত শীতে অনেক গাছ নির্জীব হয়ে পড়ে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে প্রকৃতির ওপর। মৌসুমি ফুলের সময়ের হেরফের হচ্ছে। আবহাওয়ার কারণে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। অতিরিক্ত শীতে অনেক গাছ নির্জীব হয়ে পড়ে। তবে এসবের বাইরেও সঠিক যত্নের অভাবে গাছ প্রাণ হারাতে পারে। কোনো গাছ নিষ্প্রাণ হতে থাকলে লক্ষ্য করুন সেটি পর্যাপ্ত রোদ, পানি এবং সার পাচ্ছে কি না। অতিরিক্ত পানি দিয়ে থাকলে পানি দেওয়া বন্ধ রাখুন। রোদের গাছ কড়া রোদ না পেয়ে থাকলে রোদে রেখে দেখতে পারেন। এসবের বাইরেও মৃতপ্রায় গাছে ড্যাপ সার (টিএসপি, ইউরিয়া আর পটাসের সংমিশ্রণ) কিংবা ভালো মানের অরগানিক সার দিয়ে বাঁচানোর চেষ্টা করা যায়। এমনটাই জানালেন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত কৃষিবিদ উপকরণ নার্সারির পরিচালক জামিল সিদ্দিক।

গাছের যত্নআত্তি

গ্যাজানিয়া ভালো থাকবে ছোট টবেও

ব্র্যাক নার্সারির সহযোগী কর্মকর্তা সোহানুর রহমান জানালেন, দোপাটি, ক্যামেলিয়া, টিকমা, জবা, লিলি, করবী, বাগানবিলাস আর কামিনীর কিছু ধরনও লাগানো যেতে পারে এখন। অনেকেই কাঠগোলাপ ভালোবাসেন। অল্প সময়েই এ গাছে ফুল পেতে পারেন। গাছ কিনে আনার পর টবে বা মাটিতে স্থানান্তরের সময় মূল শিকড় যাতে নড়ে না যায়, সেদিকে লক্ষ রাখুন। এ সময়ের সব ফুলগাছের জন্য রোদ চাই পর্যাপ্ত, সকাল থেকে অন্ততপক্ষে বেলা দু-তিনটা অবধি। বড় গাছগুলো বাইরের মাটিতে লাগানোই ভালো। তবে আলো ঝলমলে পূবের বারান্দাতেও ঠিকঠাক যত্ন নিলে অনেক গাছেই ফুল আসবে। বাড়িতে সবজির খোসা ভালোভাবে পচিয়ে কম্পোস্ট সার তৈরি করে নিয়ে মাসে একবার প্রয়োগ করতে পারেন।

আরও যা

ফুলের টবের মাটি ভেজা থাকলে বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই

ফ্লক্স, ভারবেনা গাছ আট ইঞ্চি টবে লাগিয়ে ঝুলিয়ে দিতে পারেন। অন্যান্য ছোট এবং মাঝারি আকারের ফুলগাছের জন্য ১০-১২ ইঞ্চি টব জুতসই। রাজগাঁদা লাগাতে পারেন মাটিতে, সীমানাপ্রাচীরজুড়ে।

গাছ লাগানোর সময় টব একেবারে টইটম্বুর করে মাটি দেবেন না, এক-দুই ইঞ্চি জায়গা ফাঁকা রাখুন পানি ও সার দেওয়ার জন্য।

মাটি ভেজা থাকলে পানি দেবেন না।

মৃত পাতা ছেঁটে দিন নিয়মিত।

বাড়িতে সার বানালে পর্যাপ্ত সময় রেখে কাজ শুরু করুন (যেমন-কম্পোস্ট সার করতে মাসখানেক লাগে)।

পাতা কুঁকড়ে এলে পোকামাকড়নাশক স্প্রে করুন।