হারপার’স বাজারের প্রচ্ছদে ঢাকার সোবিয়া

আবারও আন্তর্জাতিক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে ঠাঁই করে নিয়েছেন ঢাকার মেয়ে সোবিয়া আমিন। বেশ কয়েকবার কাজ করেছেন আরেক ভারতীয় তরুণ ডিজাইনার মাসাবা গুপ্তার সঙ্গেও। ‘ভোগ ইন্ডিয়া’ আর ‘ভোগ ইতালি’র পর এবার তিনি দেখা দিলেন ‘হারপার’স বাজার ইন্ডিয়া’র প্রচ্ছদে।

বিকিনির ডিজাইন সিহেবেও সোবিয়ার পোশাকটি অনন্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে

মার্কিন মাল্টিন্যাশনাল এই ফ্যাশন ম্যাগাজিন ফ্যাশন বিশ্বে এতটাই সমাদৃত যে এটিকে বিশেষণ করতে লেখা হয় ‘দ্য কালচার অব ফ্যাশন’। দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মা, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, সারা আলী খান, কারিনা কাপুর থেকে শুরু করে বলিউডের এক ক্যাটাগরির এমন কোনো তারকা নেই, যাঁকে বাজার ইন্ডিয়ার প্রচ্ছদকন্যা হিসেবে দেখা যায়নি। তাই সোবিয়া আমিনকে হারপার’স বাজারের মুখ হিসেবে দেখতে পাওয়া কেবল ব্যক্তি সোবিয়ার একক সফলতা নয়, বরং বাংলাদেশি ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্যও ছোটখাটো একটা মাইলফলক।

এই ছবির শিরোনাম 'গেইজ'

হারপার’স বাজার ইন্ডিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সোবিয়ার ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘আগস্ট সংখ্যার কাভার স্টার সোবিয়া আমিন, বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাংলাদেশি মডেল। নিজেকে পরিচিত করানোর ক্ষেত্রে তিনি বিশেষ কোনো বিশেষণের বাক্সে আটকে রাখতে রাজি নন। মডেলিংয়ের তিনি কনটেন্ট ক্রিয়েটর, স্থপতি আর বেকার হিসেবেও প্রায় সমান দক্ষ। “প্লাস সাইজ”, “বডি পজিটিভ”, “বাবলি” এই সব বিশেষণের বাইরে সোবিয়া নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত বাঁধাধরা মানদণ্ডকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাচ্ছেন। উটকো সমালোচনা তাঁকে টলাতে পারে না। তিনি নিজস্বতায় অনন্য, নিজেকে এগিয়ে নিতে নির্ভীক, ভুল থেকে প্রতিনিয়ত শেখেন আর প্রতিদিনের অগ্রগতি টুকে রাখতে ভোলেন না।’

ড্রপলেট পাজল নিট টাই টপে সোবিয়া

এখানেই শেষ নয়। সাদাকালো আরেকটি ছবি পোস্ট করে এই ম্যাগাজিনের পক্ষ থেকে ক্যাপশনে আরও লেখা হয়েছে যে সোবিয়া অসংখ্য দুর্দান্ত মেধাবীদের সঙ্গে ইনক্লুসিভ আর সুন্দর অভিজ্ঞতার সব ফটোশুটের সুযোগ পেয়েছেন বলে নিজেকে ভাগ্যবান বলে মনে করেন। তবে এখনো অনেকটা পথ পেরোনো বাকি তরুণ এই ফ্যাশন ইনফ্লুয়েন্সারের। তিনি নিজেকে ‘প্লাস সাইজ মডেল’ হিসেবে আখ্যায়িত করতে চান না। তিনি কেবলই একজন মডেল, প্লাস সাইজ কি না, সেটা মুখ্য নয়।

সোবিয়া আমিন

সোবিয়াকে নিয়ে এই ডিজিটাল প্রচ্ছদ ফিচারে আরও একটি ঘটনার উল্লেখ রয়েছে। ভার্সিতা থাতাভার্থিকে ভারতের সেরা তিন ডিজাইনারের একজন সব্যসাচী মুখার্জির নিয়মিড মডেল হিসেবে দেখা যায়। ভার্সিতা সব্যসাচীর একটা ব্রাইডাল ফটোশুটে অংশ নিলে, আর সেটা ব্যাপক জনপ্রিয়তা পেলে, অনেকেই ভার্সিতার সঙ্গে সোবিয়াকে মিলিয়ে এই প্রচ্ছদকন্যাকে অভিনন্দন জানাতে শুরু করেন। এই ঘটনার মধ্য দিয়ে মডেলিং ইন্ডাস্ট্রিতে মডেলদের যে ‘প্রতিস্থাপনযোগ্য বস্তু’ হিসেবে দেখা হয়, সেই দিকটি উঠে আসে। অথচ সোবিয়া মনে করেন, প্রতিটা মানুষের মতো প্রতিটা মডেলও অনন্য, অদ্বিতীয় আর অপ্রতিস্থাপনযোগ্য। বিশ্ব বৈচিত্র্যময়, তাই এত সুন্দর। মডেলিংয়েও তার ছাপ থাকতে হবে।

হারপার'স বাজার ইন্ডিয়ার পোস্টের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন সোবিয়া

সোবিয়ার ছবিগুলো তুলেছেন বলিউডের নামকরা মডেল ফটোগ্রাফার, শ্রদ্ধা কাপুরের কথিত প্রেমিক রোহান শ্রেষ্ঠা। প্রচ্ছদ ছবিতে সোবিয়ার পরনে কেয়েন ওয়েভ ওয়ান পিস বিকিনি। আর সাদাকালো যে ছবিটি দেখছেন, সেখানে সোবিয়ার পরনে রয়েছে ড্রপলেট পাজল নিট টাই টপ।

হারপার'স বাজারের এই পোস্টের পর থেকে অভিনন্দনের জোয়ারে ভাসছেন সোবিয়া। যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের ভেতরে রয়েছেন ডলি সিং, সিদ্ধার্থ বাত্রা, আনিতা শ্রফ আদাজানিয়াসহ ভারতের অসংখ্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর কনটেন্ট ক্রিয়েটর। বাদ যাননি জনপ্রিয় টালিউড তারকা ঋতাভরী চক্রবর্তীও।

ঋতাভরী ও সোবিয়া