বিচিত্র দিবস

আজ চুল দিবস

চুলের প্রসঙ্গ এলে প্রথমেই কোন কথাটি মনে পড়ে?

‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা’—জীবনানন্দের সেই মোহন পঙ্‌ক্তি! নাকি জার্মান রূপকথা রুপাঞ্জেলের সেই দীর্ঘ সোনালি চুল, যে চুল বেয়ে ঘরের নিচ থেকে ওপরে উঠে তার সঙ্গে রোজ রাতে দেখা করতে যেত প্রেমিক রাজকুমার! অবশ্য হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন সিনেমার ভাটি অঞ্চলের মেয়েটার কথাও মনে পড়তে পারে। ‘এক যে ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ।’ কিংবা আনমনে গেয়ে উঠতে পারেন, ‘খাইরুন লো, তোর লম্বা মাথার কেশ।’

আজ ১ অক্টোবর, চুল দিবস

চুলের যত্ন নিয়ে যুগ যুগ ধরে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেছে মানুষ। জানা যায়, রানি ক্লিওপেট্রা নাকি গাধার দুধ দিয়ে চুল ধুতেন। অবশ্য নারীর কাছে চুল মানে তো কেবল চুল নয়, সৌন্দর্যের এক অনুপম অনুষঙ্গ। পুরুষের কাছেও নয় কি? টেকো মাথাওয়ালার মনের যন্ত্রণা শুধু তিনিই জানেন। চুল যেমন সৌন্দর্যের অনুষঙ্গ, তেমনই আত্মবিশ্বাসেরও দারুণ এক উৎস। সেই যে প্রবাদ, যে রাঁধে সে চুলও বাঁধে! কখনো কখনো ক্ষমতার দাপট বোঝাতেও আমরা চুলের কথা বলি। ‘তুমি আমার একটা চুলও ছিঁড়তে পারবে না’ কিংবা আরেকটু ভদ্রস্থ ভাষায়, ‘তুমি আমার কেশাগ্রও স্পর্শ করতে পারবে না।’

আজ ১ অক্টোবর, চুল দিবস। ‘নুমি’ নামক যুক্তরাষ্ট্রের এক হেয়ার স্টাইল কোম্পানি ২০১৭ সালে দিবসটির প্রচলন করে। বিচিত্র এই দিন পালন করতে পারেন। প্রিয়জনকে উপহার দিতে পারেন চিরুনি কিংবা চুলের যত্নআত্তির যেকোনো সরঞ্জাম।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে